বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ‘জীবন্ত বোমা’ মেয়াদোত্তীর্ণ সিএনজি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ছুটে বেড়ানো সিএনজিচালিত অটোরিকশার প্রায় সবই এখন মেয়াদোত্তীর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, এসব মেয়াদোত্তীর্ণ সিএনজিকে এক ধরনের ‘জীবন্ত বোমা’ বলা যায়। এসব সিএনজি যে কোনো সময় যাত্রীদের প্রাণ কেড়ে নিতে পারে। পাশাপাশি ইকোনমিক লাইফ শেষ হওয়া সিএনজি অটোরিকশা পরিবেশেরও ব্যাপক ক্ষতি করছে।

সূত্র মতে, রাজধানীর প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশার মধ্যে সাড়ে পাঁচ হাজারের মেয়াদ ২০১৩ সালেই শেষ হয়ে গেছে। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে এখন এ বিষয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক বলেন, আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করে মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার জন্য সিদ্ধান্ত নিচ্ছিলাম, তখনই চট্টগ্রামের মালিকদের কয়েকটি সংগঠন আদালতে রিট করেছে। অটোরিকশার ইকোনমিক লাইফের বিষয়ে আমাদের কার্যক্রম স্থগিতাদেশের বিষয়ে আমরা একটি উকিল নোটিশ পেয়েছি। এখন আর এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছি না। তিনি বলেন, আইনগতভাবে মোকাবিলার জন্য আমরা এগোচ্ছি।

সূত্র মতে, গাড়ির সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানি একটি নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে। গত ছয় বছরে চারশ’র বেশি বিস্ফোরণে প্রাণ হারিয়েছে প্রায় আড়াইশ মানুষ। এসব ঘটনায় দেড় শতাধিক গাড়ি ভস্মীভূত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিনশ গাড়ি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিএনজিচালিত গাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের প্রায় ৮৮ শতাংশই রিটেস্টে মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। রাজধানীসহ দেশব্যাপী বৈধ ও অনুমোদিত সিএনজি কনভার্সন সেন্টার রয়েছে ১৮০টি। সিএনজিচালিত গাড়ির রিটেস্ট করার জন্য কেন্দ্র রয়েছে মাত্র ১১টি। এত কম সংখ্যক কেন্দ্রের পক্ষে কিছুতেই ২ লাখ ৯৮ হাজার গাড়ির সিলিন্ডার রিটেস্ট করা সম্ভব নয়। এসব কেন্দ্রে এ পর্যন্ত মাত্র ৫৪ হাজার সিএনজি সিলিন্ডার রিটেস্টিং করা হয়েছে, যা মোট সিলিন্ডারের মাত্র ১২ ভাগ।

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ঢাকায় প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশা রয়েছে। এ সব সিএনজি থ্রি-হুইলারকে ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন দেয়া হয়। এর মধ্যে পাঁচ হাজার ৮৫০টি সিএনজির মেয়াদ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর ১১ বছর পূর্ণ হয়। নয় বছর আয়ুষ্কালসম্পন্ন সিএনজি অটোরিকশা এনে মালিকদের চাপের মুখে ইতোপূর্বে এক বছর করে দুই দফা মেয়াদ বাড়ানো হয়।

২০১৩ সালের ৫ মার্চ সিএনজি অটোরিকশার মেয়াদ ১৫ বছর করার জন্য মালিকরা যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করে। পরে যোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে বুয়েটের মতামত নিতে বিআরটিএকে (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) দায়িত্ব দেয়। বিআরটিএ’র চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান ১৯টি সিএনজি অটোরিকশা পরীক্ষা করে মেয়াদ বৃদ্ধির বিষয়ে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বুয়েট কয়েকটি শর্তপালনসাপেক্ষে অটোরিকশার মেয়াদ চার বছর বাড়ানোর সুপারিশ করে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে— সিএনজি অটোরিকশার কার্যকারিতা গ্রহণযোগ্য মানে রাখার জন্য ১২তম বছরে সম্পূর্ণ ইঞ্জিন ওভারহোলিং (সংস্কার) করতে হবে। একই বছর অটোরিকশার হুড, কভার, সিট প্রতিস্থাপন ও বডি রং করতে হবে। এ ছাড়া বডি, সাসপেনশন, ব্রেক, ট্রান্সমিশন ইত্যাদি অংশের প্রয়োজনীয় মেরামত করতে হবে।

১২তম বছরে অনুমোদিত ওয়ার্কশপ থেকে প্রতিটি সিএনজি অটোরিকশার হাইপ্রেসার সিএনজি সিলিন্ডারের হাইড্রলিক প্রেসার টেস্ট করতে হবে। এ ছাড়া সিএনজি ফুয়েল সিস্টেমের অন্যান্য অংশও পরীক্ষা করাতে হবে।

কিন্তু পরিবেশের ওপর প্রভাব, যাত্রীসেবাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মেয়াদ বাড়াতে চাইছিল না। তারা চাইছিল মেয়াদোত্তীর্ণ অটোরিকশা স্ক্রাপ (ধ্বংস) করে সেখানে নতুন গাড়ি প্রতিস্থাপন করতে। এ অবস্থায় সিএনজি মালিকদের সংগঠন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ কয়েক দফা ধর্মঘট পালন করে।

জানা গেছে, ১২তম বছরে শর্ত পূরণে ব্যর্থ হলে মেয়াদ বৃদ্ধির আদেশ জারি করা যাবে না। এ বিষয়ে বিআরটিএ পরবর্তী ব্যবস্থা নেবে। অর্থাৎ ১২তম বছরে অটোরিকশা ধ্বংস করা হবে বলেও আদেশ বলা হয়েছে।

বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেন, মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা যাত্রীসেবা, যাত্রী নিরাপত্তা ও পরিবেশকে হুমকির মুখে ফেলবে। তিনি বলেন, যে শর্তগুলো পূরণ করে মেয়াদ বৃদ্ধির কথা বলা হয়েছে, সেগুলোর নিশ্চিত করতে হবে। শর্ত নিশ্চিত না করে অটোরিকশা চলতে দেয়া উচিত নয়।

এ জাতীয় আরও খবর