বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর ইসরাইল ধ্বংসের আহ্বান জানাবে না হামাস

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইল নিয়ে নতুন নীতি ঘোষণা করেছেন ফিলিস্তিনি গেরিলা দল হামাস নেতা খালেদ মিশাল। নতুন নীতিতে ইসরাইল সম্পর্কে দলটির নমনীয় মনোভাব প্রকাশ পেয়েছে। প্রথমবারের মতো দলটি ১৯৬৭ সালের সীমান্ত নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি মেনে নিয়েছে। একইসঙ্গে এখন থেকে আর ইসরাইল ধ্বংসের আহ্বান না জানানোর ঘোষণা দিয়েছে।

ফিলিস্তিনের গাজা অঞ্চল শাসন করা হামাসের নতুন নীতিতে বলা হয়, তাদের লড়াই ইহুদিদের সঙ্গে নয়। বরং ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে, যারা ভূমধ্যসাগর এবং জর্ডান নদীর মধ্যবর্তী এলাকা দখল করে আছে। তবে হামাসের ১৯৮৮ সালের সনদে সশস্ত্র পন্থায় ইসরাইলকে ধ্বংস করার আহ্বান জানানো হয়েছিল। পশ্চিমা দেশগুলো এ কারণে হামাসকে সন্ত্রাসবাদী দল হিসেবে মনে করে।

সোমবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে মিশাল বলেন, আমরা আমাদের নীতি হালকা করতে চাই না, তবে আমরা উদার হতে চাই। আমরা আশা করছি নতুন নীতি ঘোষিত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো আমাদের ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করবে।

১৯৬৭ সালের সীমান্ত মেনে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, হামাস সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার নীতিতে বিশ্বাসী হওয়া সত্ত্বেও ইসরাইলকে স্বীকৃতি না দিয়ে কিংবা কোনো অধিকার ত্যাগ না করেই ১৯৬৭ সালের সীমান্ত মেনে নিতে রাজি আছে।

মিসরের ইসলামপন্থী সংগঠন, মুসলিম ব্রাদারহুডের সাথে সখ্যতা না রাখার বিষয়েও উল্লেখ করা হয়েছে হামাসের নতুন নীতিমালায়। পশ্চিমা বিশ্ব, উপসাগরীয় আরব দেশগুলো এবং মিসরের সাথে সম্পর্ক উন্নয়নের জন্যেই হামাসের এই উদ্যোগ বলে জানানো হয়।

তবে হামাসের নতুন নীতিকে বিশ্বকে ধোঁকা দেয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ডেভিড কেইয়েস। তাদের এ চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন ডেভিড।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন বলেন, ‘এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী, তাদের একমাত্র লক্ষ্য ইসরাইলের ধ্বংস। তাদের বক্তব্য ইসরাইলের পাশাপাশি কোনো রাষ্ট্র গড়ার কথা বলে না, বরং ইসরাইলকে তা পুরোপুরি সরিয়ে দিতে চায়। এটি খুবই দুঃখজনক। আমরা তাদের নতুন সনদটি গ্রহণ করতে পারছি না।’ সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর