বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বে টার্মিনালে দরকার কপার ডেম ব্রেকওয়াটার্স

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, কপার ডেমের ব্রেকওয়াটার্স প্রযুক্তি ছাড়া প্রস্তাবিত বে টার্মিনাল নির্মাণ সম্ভব হবে না। কপার ডেম পদ্ধতির ব্রেক ওয়াটার্স নির্মাণের মাধ্যমেই বে টার্মিনাল গড়ে তুলতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে আট মিটারের বেশি উচ্চতার ব্রেকওয়াটার্স নির্মাণ করে বে টার্মিনালকে বন্দরে রূপ দিতে হবে। আগামী ১০০ বছরের সম্ভাবনাকে সামনে রেখে ভবিষ্যতের বন্দর হিসেবে গড়ে তোলা বে টার্মিনালের সমীক্ষা রিপোর্টের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে উক্ত মন্তব্য করা হয়।

উল্লেখ্য, ব্রেকওয়াটার্স হচ্ছে উপকূলবর্তী প্রতিরক্ষা অংশ হিসেবে সমুদ্রপথের উপর নির্মিত কাঠামো। এই কাঠামো প্রতিকূল আবহাওয়া এবং উপকূলীয় খাদের প্রভাব থেকে জাহাজকে টিকিয়ে রাখে। এই পদ্ধতিটি উপকূলবর্তী স্রোতের তীব্রতা কমায়। এতে উপকূলবর্তী ক্ষয় কমে যায়। এতে প্রোতাশ্রয় রক্ষা পায়। সাগরে অগভীর জল থেকে ঢালু ডুবোচর সৃষ্টির মাধ্যমে এই ব্রেকওয়াটার্স তৈরি করা হয়।

চলতি মে মাসেই এই রিপোর্ট চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর এলাকায় জেগে উঠা একটি চরকে কেন্দ্র করে বিশাল এক সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গেছে, বে টার্মিনালের কার্যক্রম চট্টগ্রাম বন্দরের তিনগুণ আয়তন নিয়ে শুরু করা হবে। পাশাপাশি ক্রমান্বয়ে তা বহু বেশি বিস্তৃত করার সুযোগ রয়েছে।

বিদ্যমান চট্টগ্রাম বন্দর এনসিটিসহ সর্বমোট ৩৩০ একর এলাকায় অপারেশনাল কার্যক্রম চলে। অথচ বে টার্মিনাল প্রাথমিকভাবে ৯০৭ একর এলাকায় শুরু হলেও সাগর থেকে ভূমি রিক্লেইম করার পর মোট আয়তন দাঁড়াবে প্রায় আড়াই হাজার একর। যা চট্টগ্রাম বন্দরের চেয়ে ছয়গুণ বড়। বিশাল এই সম্ভাবনার কতটুকু কাজে লাগানো যাবে তা নিয়ে সমীক্ষা চালানোর জন্য জার্মানির এইচপিসি শেলহর্ন এবং কে এস কনসালটেন্ট জেভি কে দায়িত্ব দেয়া হয়। প্রায় এক বছর ধরে এই প্রতিষ্ঠান বে টার্মিনাল এলাকাসহ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সমীক্ষা পরিচালনা করছে।

তারা গত এক বছরের ঝড় জলোচ্ছ্বাসের তথ্যউপাত্ত, সাগরের চরিত্র, ভরাটের মাত্রাসহ নানা কিছু নিয়ে সমীক্ষা পরিচালনা করে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান তাদের প্রাথমিক রিপোর্ট বন্দরের শীর্ষ কর্মকর্তাদের দেখিয়েছেন। ব্রিফ করেছেন। যাতে বিশাল এই সম্ভাবনার স্বর্ণদুয়ার খুলে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রাথমিকভাবে বলা হয়, বে টার্মিনালে একইসাথে ৩০ থেকে ৩৫টি জাহাজ বার্থিং করা যাবে। এছাড়া দীর্ঘাকার ও বেশি ড্রাফটের জাহাজ ভেড়ানো যাবে। এছাড়া কন্টেইনার বহন ক্ষমতা, চ্যানেলের দৈর্ঘ্য ও প্রস্থ, ট্রাফিক ব্যবস্থা, নাইট নেভিগেশন, অপারেশন এরিয়া, আধুনিক কানেকটিভিটি, প্রবৃদ্ধি, কয়লা ও ক্লিংকার হ্যান্ডলিং, জ্বালানি তেল খালাস, জাহাজের গড় অবস্থানকাল প্রভৃতি বিষয়ে বে টার্মিনাল চমৎকার সুফল দেবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানো যায়। বেটার্মিনালে ১২ মিটার পর্যন্ত যে কোন দৈর্ঘ্যের জাহাজ ভেড়ানো যাবে। চট্টগ্রাম বন্দরে ১৯০ মিটারের বেশি লম্বা জাহাজ ভেড়ানো যায় না। বর্তমানে চট্টগ্রাম বন্দরে ভিড়া কন্টেইনার জাহাজগুলো সর্বোচ্চ ১৮শ’ টিইইউএস কন্টেনার বহন করতে পারে।

তবে বে টার্মিনাল নির্মিত হলে তাতে পাঁচ হাজার টিইইউএস কন্টেইনারবাহী জাহাজ অনায়াসে বার্থিং নিতে পারবে। চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল জোয়ারভাটার ওপর নির্ভরশীল। নাইট নেভিগেশন বন্ধ থাকলে কেবল দিনের বেলায় জাহাজ চলাচল করে। বে টার্মিনালে রাতে দিনে ২৪ ঘণ্টার জাহাজ চলাচল করতে পারবে। এতে করে জাহাজের গড় অবস্থানকাল কমে যাবে। বেটার্মিনাল থেকে একদিনের মধ্যেই জাহাজ হ্যান্ডলিং সম্পন্ন করা যাবে।

তবে এই স্বপ্নের সামনে এখন বড় এক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্রেকওয়াটার্স নির্মাণ। বে টার্মিনালের জন্য চার কিলোমিটার দীর্ঘ একটি ব্রেক ওয়াটার্স নির্মাণ করতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে আট মিটার উঁচু এই ব্রেকওয়াটার্স নির্মাণ করতে বিপুল অর্থের প্রয়োজন। বিদেশী বিশেষজ্ঞদের দিয়েই কেবল এই ব্রেকওয়াটার্স নির্মাণ করা যাবে।

সূত্র বলেছে, বিশ্বে বিভিন্ন ধরনের ব্রেকওয়াটার্স রয়েছে। চট্টগ্রাম বন্দরের জন্য কপার ডেম পদ্ধতির ব্রেকওয়াটার্সই টেকসই হবে বলে পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে। কপার ডেম পদ্ধতিতে স্টিলের প্লেট গোলাকার করে তার ভিতরে বালি দেয়া হবে। ভবিষ্যতে এই ব্রেকওয়াটার্সের পাশে বালি ভরাট হয়ে পুরো ব্রেকওয়াটারটি জেটির আকার ধারণ করবে। এছাড়া অন্য পদ্ধতিতে পাথর দিয়ে ব্রেকওয়াটার নির্মাণে হাজার হাজার কোটি টাকা ব্যয় ছাড়াও পাথর পাওয়া কঠিন হয়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দেশ পাথর বিক্রি কমিয়ে দিয়েছে। বিশেষ করে বড় বড় পাথর কেউ বিক্রি করতে চায় না। পদ্মা ব্রিজের পাথর যোগাড় করতেও বেশ কাঠখড় পোড়াতে হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্ল্যানিং অ্যান্ড এডমিন) মোহাম্মদ জাফর আলম বলেন, রিপোর্ট পাওয়ার পর আমরা ডিজাইন করতে দেবো। তখন বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। জানা যাবে, খরচের ব্যাপারটিও। বে টার্মিনাল ছাড়া দেশের ভবিষ্যত চাহিদা মেটানো অসম্ভব বলে তিনি স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর