বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিবার্তা সম্মাননা পাচ্ছেন লায়লা হাসান

news-image

 

বিনোদন ডেস্ক :স্টেজে নাচলে দেখা যায় না বলে আরেকটা টেবিল এনে তার ওপরে তাঁকে দাঁড় করিয়ে দেয়া হতো। কারণ নৃত্যশিল্পীর বয়স মাত্র দুই বছর! তিনি লায়লা হাসান।

কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী হিসেবে তার তুলনা তিনি নিজেই। শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকে ভূষিত। শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মাননা জানাবে বিবার্তা২৪.নেট।

অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪.নেট এবারও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১০টি ক্যাটাগরিতে ১১জনকে সম্মাননা দেবে আগামী ২ মে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। ‘শিল্প-সংস্কৃতি’ ক্যাটাগরিতে বিবার্তা সম্মাননা পাচ্ছেন লায়লা হাসান।

বাবা-মায়ের রাখা নাম লায়লা নার্গিস, রোজী। ১৯৪৭ সালের ৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা খানবাহাদুর আলি আহমেদ খানের বাড়িতে জন্মগ্রহণ করেন। মায়ের নাম লতিফা খান, বাবার নাম এমএ আউয়াল।

বাবা কোঅপারেটিভ কলেজের ইংরেজির শিক্ষক ছিলেন। মা ছিলেন কাস্টমস কর্মকর্তা। এম এ আউয়াল অবসরে বাঁশি বাজাতেন, আর লতিফা খান সেতার।

লায়লা নার্গিসের ছোটবেলা কাটে ঢাকার টিকাটুলি এলাকায়। একটু বড় হবার পর মায়ের চাকরির কারণে নানা, নানি, মামা (বিশিষ্ট শিক্ষাবিদ খান সরোয়ার মুরশিদ), মামি, (রাজনীতিবিদ নুরজাহান মুরশিদ), মামাতো ভাইবোনের যৌথ পরিবারে বড় হন তিনি। তখন পুরো টিকাটুলি পাড়াটির ছিল এক সাংস্কৃতিক ঐতিহ্য। ওখানে থাকতেন শেরে বাংলা একে ফজলুল হক, সুফিয়া কামাল, মোদাব্বের হোসেন প্রমুখ। এসব মানুষদের সন্তানদের সাথে রামকৃষ্ণ মিশনে, গোলাপবাগে ফুল কুড়িয়ে শৈশব কাটে লায়লা নার্গিসের।

লায়লা হাসান ১৯৮০-৮৫ কালপর্বে বিটিভিতে সম্প্রচারিত অনুষ্ঠান ‘রুমঝুম’ এর উপস্থাপিকা ছিলেন। ঐ অনুষ্ঠান থেকেই বর্তমানের জনপ্রিয় তারকা ঈশিতা, তারিন, শ্রাবন্তী, রিয়া এবং রিচি উঠে আসে।

লায়লা হাসান থিয়েটার, টেলিভিশন নাটক, চলচ্চিত্রে অভিনয় করেছেন। কঙ্কাবতীর ঘাটে, রক্তকরবী, ছুটি, মায়ার খেলা, রাজা রাণী, তাসের দেশ, স্বর্গ হতে বিদায়, শ্যামল মাটির ধরাতলে, নীল দর্পণ, দত্ত কেরানির জীবন, টেমিং অব দ্য শ্রু এবং নকশী কাঁথার মাঠ ইত্যাদি বিষয়ে তিনি অনুষ্ঠান করেছেন। তার টিভি নাটকগুলো হলো মন পবনের নাও, কাজল রেখা, ভেলুয়া সুন্দরী, মহুয়া, রাণী ভবানীর পথ, রত্নদ্বীপ, পাশাপাশি এবং আশ্চর্য এক রাতের গল্প। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো ঘরে বাইরে, এই তো প্রেম ইত্যাদি।

তিনি নৃত্যবিষয়ক ‘হৃদয়ে বাজে নূপুর’ (১৯৯৬) এবং চারুকলা বিষয়ে ‘মোহনরূপে’ গ্রন্থ রচনা করেন। সেই ছোট্টবেলা থেকে আজ অবধি নৃত্যের সঙ্গেই তার ভালোবাসা। বাবার কাছে নাচের মূল হাতেখড়ি। তবে এক সময় হাসান প্রখ্যাত নৃত্যশিল্পী মণিবর্ধন মহাশয়, অজিত সান্যাল, বাবু রাম সিংহ, জিএ মান্নান এবং বাফা’র সমর ভট্টাচার্য্য প্রমুখের কাছে শিক্ষাগ্রহণ করেন।

বড় হওয়ার পর সাজেদুর রহমানের কাছে প্রথম নৃত্যচর্চা শুরু করেন। এক সময় বুলবুল ললিতকলা একাডেমি থেকে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। এছাড়া বিভিন্ন ওয়ার্কশপে নাচের ওপর বিশেষ তালিম নেন। বাংলাদেশ টেলিভিশন যখন সরাসরি নাটক প্রচার করত সেই সময় লায়লা হাসান প্রথম টিভি নাটকে অভিনয় করেন। সেই সময় তিনি আবদুল্লাহ আল মামুনের ‘সমুদ্র অনেক দূর’ নাটকে আলতাফ হোসেন বিপরীতে অভিনয় করেন।

বিদ্যালয় জীবন শুরু করেন নারীশিক্ষা মন্দিরে, পরবর্তীকালে কামরুন্নেসা স্কুলে। সেন্ট্রাল উইমেন্স কলেজের পর ভর্তি হন বেগম বদরুন্নেসা কলেজে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। তবে পড়াশুনার সাথে নাচ চলেছে একই ছন্দে। চলেছে রেডিও নাটকে অভিনয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাফি খানের ঘটকালিতে দুই পরিবারের সম্মতিতে ১৯৬৫ সালে চলচ্চিত্রের নায়ক সৈয়দ হাসান ইমামকে বিয়ে করেন লায়লা। শুরু হয় এক ছন্দবদ্ধ যুগলবন্দীর। লায়লা নার্গিস হয়ে যান সবার প্রিয় লায়লা হাসান।

নতুন পরিবারের অনুপ্রেরণায় গতিময় হয় সংস্কৃতির সঙ্গে পথচলা। একে একে কোলজুড়ে আসে তিনটি সন্তান। কিন্তু সন্তান, শ্বাশুড়ি, স্বামীসহ যৌথ পরিবারের বহু কাজের মাঝেও নাচের মহড়া, টিভি নাটক, এমনকি কিছুদিন মঞ্চ নাটকও চলতে থাকে। সাংস্কৃতিক দলের সদস্য হয়েও বিদেশে গিয়েছেন বহুবার।

অগণিত সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন লায়লা হাসান। একুশে পদক প্রাপ্তি এনে দেয় রাষ্ট্রীয় সম্মান। এই পদকে প্রাপ্ত সব অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্য বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাব করে বিভাগ প্রতিষ্ঠার প্রাথমিক কার্যক্রমে দান করেন। নানা সংগঠনে সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

ব্যক্তিজীবনে অধিকার সচেতন নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী-অভিনেত্রী লায়লা হাসান। অভিনয়ের পাশাপাশি তিনি সব সময় নারী সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান কিংবা সভা-সেমিনারে অংশ নিয়ে থাকেন। সংগীত শিল্পী ডেইজি আহমেদ লায়লার আপন বোন। তবে দুজনই অভিনয়ের সঙ্গে জড়িত।

এ জাতীয় আরও খবর