সুমাইয়ার ২৪ দিন, পাচার হতো যেকোনো সময়
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অপহৃত শিশু সুমাইয়া বাবা-মায়ের কোলে ফিরে এসেছে। ২৪ দিন খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ের সময় হাসিমুখে দেখা যায় পরিবারটিকে। ব্রিফিং করেন ডিএমপি লালবাগ জোনের ডিসি ইব্রাহিম খান। এর আগে বুধবার রাতে রাজধানীর কদমতলী এলাকার একটি বাড়ি থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবিনা আক্তার বৃষ্টি (২৮) নামের এক নারী ও তার বাবা সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি অপহরণকারী ওই নারী কদমতলী থানা এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় ব্লক রেইড দিয়ে গভীর রাতে পাটেরগাঁওয়ের একটি বাড়ি থেকে শিশু সুমাইয়াকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি অপহরণের সঙ্গে জড়িত বৃষ্টি বৃষ্টি নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য। তিনি গত কিছুদিনের মধ্যে কয়েকবার ভারত গিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। অপহৃত শিশু সুমাইয়াকেও সময়-সুযোগ বুঝে ভারতে পাচার করা হতো বলে আমরা মনে করছি। তবে তার আগেই শিশুটিকে উদ্ধার করতে পেরেছি।
সুমাইয়ার মা মুন্নী আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি বিকেলে বিছানায় বসে কোরআন শরীফ পড়ছিলাম। অথৈ আক্তার বৃষ্টি বাড়িওয়ালার খোঁজ করে। পরে বারান্দার মেঝেতে বসে সুমাইয়ার সঙ্গে কথা বলে। আমি বুঝতেও পারি নাই তার মনে এইসব ছিল। মুন্নী আক্তার বলেন, আমি কোরআন পড়ছিলাম বলে বৃষ্টি নিজেই দরজাটা বন্ধ করে দেয়। কোরআন পড়ছিলাম বলে ডিস্টার্ব হতে পারে এজন্য দরজা লাগিয়ে দেয়। আমি কোরআন পড়া শেষে মেয়েকে ডাকাডাকি করি। ওর সাড়া না পেয়ে রাস্তায় গিয়ে খুঁজি। তখনই আমার সন্দেহ হয়।
বাড়িওয়ালী হাছনা হেনা বলেন, ঘটনার দিন বৃষ্টি নাকি তাকে খুঁজতে এসেছিল। কিন্তু সেসময় তিনি মেয়েকে নিয়ে কোচিং সেন্টারে গিয়েছিলেন। বাসায় ফিরে তিনি সুমাইয়ার নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। হাছনা হেনা বলেন, সুমাইয়া খুব চঞ্চল প্রকৃতির ছিল। কিন্তু গলির মুখের বাইরের রাস্তায় বেরোলেও বেশি দূরে যেত না। সবার সঙ্গে মিশতো। সারাক্ষণ সবার সঙ্গে দুষ্টুমি করতো। মিষ্টি চেহারার মেয়েটির জন্য সবার মন খারাপ হয়ে আছে।
শিশুটিকে বাসা থেকে ফসুলিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শিশুটির বাবা জাকির হোসেন। এরপর প্রায় ২৪ দিন পেরিয়ে গেছে কিন্তু শিশুটিকে উদ্ধার বা শিশুটিকে নিয়ে যাওয়া বৃষ্টিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি। থানা পুলিশের পাশাপাশি ডিবি, র্যাব, পিবিআই কাজ করছে। সবাই আমরা একযোগে শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছি। ওসি বলেন, আমরা হয়তো খুব শিগগিরই ভালো এক খবর দিতে পারবো।











