বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল তথ্যে কোকেন বিভ্রান্তি!

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এবিপিএন) সদস্যরা যে ৭৫০ গ্রাম ওজনের কোকেন চালন উদ্ধার করেছিল। মেপে দেখার আগেই প্যাকেট খোলা এবং ধারণা নির্ভর তথ্য সরবরাহের কারণে কোকেনের পরিমাণ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিল।

রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তা এই দাবি করেছেন। তবে চালানটির গ্রহীতা বা কোকেন কারবারী মোকমান হোসেনকে সনাক্ত করতে পারেনি পুলিশ ও ডিএনসির সদস্যরা। এই ঘটনায় শনিবার মধ্যরাতে বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরকরেছে ডিএনসি।

ডিএনসির পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) সৈয়দ তৌফিকউদ্দিন আহমেদ বলেন, উগান্ডা থেকে উত্তরার এক ব্যক্তির নামে ৭৫০ গ্রাম কোকেনেরও ওই চালানটি আসে। প্রথমে আরো বেশি কোকেন আছে বলে ধারনা করা হয়েছিল। মোকমান হোসেন নামের ওই ব্যক্তির ঠিকানায় আমরা অভিযান চালিয়েছি। তবে কোনো ট্রেস পাওয়া যায়নি।

মামলার বাদি, ডিএনসির পরিচালক হেলাল উদ্দিন ভুইয়া বলেন, মামলায় শুধু মোকমান হোসেনকে আসামি করা হয়েছে। তদন্তে আরো কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আসামি করা হবে। জানতে চাইলে তিনি বলেন, এপিবিএন-এর সদস্যরা আমাদের ৭৫০ গ্রাম কোকেনের আলামতই বুঝিয়ে দিয়েছে।

ডিএনসির আরেকটি সূত্র জানায়, শনিবার দুপুরে চালানটি জব্দ করার পর ব্যাগের ভেতরে প্রায় তিন কেজি কোকেন আছে বলে ধারণা করা হয়। কারণ ডিএনসির গোয়েন্দারের কাছে এমনই তথ্য ছিল। তবে জব্দ করার পর ডিএনসির কর্মকর্তাদের পরিমাণ উল্লেখ না করেই চালান আটকের খবর দেয় এপিবিএন। বিকেলে ওজন পরিমাপ না করেই দেড় কেজি কোকেন পাওয়া গেছে বলে হালনাগাদ তথ্য দেয়। ডিএনসির কর্মকর্তাদের পৌঁছার আগেই বিমানবন্দরে ব্যাগ খুলে কোকেন জব্দ করেন এপিবিএন-এর কর্মকর্তারা। এরপর তারা দাবি করেন- ৭৫০ গ্রাম কোকেন পাওয়া গেছে। ‘সহযোগীতার সম্পর্ক’ বজায় রাখতে বিষয়টি নিয়ে ডিএনসির সদস্যরা কোনো কথা বলেননি। এসব কারণেই কোকেনের পরিমাণ নিয়ে বিভ্রান্তি ছড়ায় বলে দাবি করে সূত্র। তবে কোকেন কীভাবে, কতটুকু উদ্ধার হয়েছে, তা না খুঁজে এর পেছনে কারা আছে- তা বের করার চেষ্টা করছেন ডিএনসির গোয়েন্দারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা থেকে দুবাই হয়ে ফেডেক্সের পার্সেলের ছয় কেজি ব্যাগের ভেতরে কোকেনগুলো আসে। ৮০৪০৪৪৫২৬৮৮০ নম্বরের পার্সেলে প্রেরকের ঠিকানা ছিল- ‘নানিওনগা গ্রাচ, বাজিগা কামপালা, উগান্ড’। প্রাপক- মোকমান হোসেন, বাড়ি নম্বর ৯৫, রোড ১৩, সেক্টর ১০, উত্তরা। শনিবার বিকেলেই উত্তরার ওই বাড়িতে অভিযান চালায় ডিএনসির দল। সেখানে একটি গার্মেন্ট আছে। তবে মোকমান হোসেন নামে কারো অস্বিত্ব পাওয়া যায়নি। ডিএনসির পরিদর্শক হেলাল উদ্দিন ভুইয়া বলেন, ‘মোকমান নামে যে ঠিকানা দেওয়া হয়েছে সেটি ভুয়া। তবে কিছু ক্লু আছে। তা ধরে আমরা কাজ করছি। ’

জানতে চাইলে ডিএনসির কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারের প্রধান দুলাল কৃষ্ণ সাহা কালের কণ্ঠকে বলেন, ‘কোকেনগুলো এখনো পরীক্ষা করা হয়নি। আদালতের অনুমতি নিয়ে পরীক্ষা করা হবে। ’

এ জাতীয় আরও খবর