ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন রবিবার শুরু
আন্তর্জাতিক ডেস্ক :রবিবার ২৩ এপ্রিল থেকে দুই পর্বে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১জন, তবে প্রধান প্রার্থী চার জনই।
নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৭ মে। প্রথম পর্বে যে দুই প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, তাঁদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিতীয় পর্বে। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি বৈধ ভোট পেলে অবশ্য দ্বিতীয় পর্বের প্রয়োজন হবে না। ফ্রান্সের ইতিহাসে অবশ্য এ পর্যন্ত মাত্র এক বারই এমনটা ঘটেছে৷
জনমত সমীক্ষায় আপাতত সবচেয়ে বেশি এগিয়ে আছেন দুই প্রার্থী। অথচ তাঁরা কেউই মূল স্রোতের দুই প্রধান রাজনৈতিক শিবির – রক্ষণশীল বা সমাজতন্ত্রী দলের নন।
সবচেয়ে তরুণ প্রার্থী – মাত্র ৩৯ বছর বয়স্ক এমানুয়েল মাক্রোঁ মধ্যপন্থী প্রার্থী হিসেবে আসরে নেমেছেন। ‘এগিয়ে চলো’ নামের এক আন্দোলনের নেতা তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন চরম দক্ষিণপন্থী ন্যাশনাল ফ্রন্ট দলের নেত্রী মারিন ল্য পে্ন।
তাঁদের ঠিক পরেই রয়েছেন রক্ষণশীল দলের প্রার্থী ফ্রঁসোয়া ফিয়ঁ। তারপর ব়্যাডিকাল বাম প্রার্থী জঁ লুক মেলাঁশোঁ। সমাজতন্ত্রী দলের প্রার্থী বেনোয়া আমোঁ সমর্থনের বিচারে খুবই পিছিয়ে রয়েছেন।
শেষ পর্যন্ত যিনিই জয়ী হোন না কেন, তিনি আগামী ১৪ মে-র মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ-এর কাছ থেকে কার্যভার গ্রহণ করবেন।
প্রেসিডেন্ট নির্বাচনের পরেও গরম থাকবে ফ্রান্সের রাজনৈতিক জগত। কারণ, তার ঠিক পর – অর্থাৎ ১১ ও ১৮ জুন সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। এমানুয়েল মাক্রোঁ যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাঁর পক্ষে সংসদ নির্বাচনে লড়াই করা কঠিন হবে। কারণ, মাত্র এক বছর আগে তাঁর আন্দোলন শুরু হয়েছে। তার কাঠামোই এখনো পাকাপোক্ত হয়নি। সংসদ নির্বাচনে প্রতিষ্ঠিত দলগুলোর জয়ের সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে সংঘাত অনিবার্য। সূত্র : ডয়চে ভেলে











