বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

news-image

পুরো দেশবাসীকে চমকে দিয়ে হঠাৎ মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হঠাৎ এক ভাষণে তিনি এ ঘোষণা দিয়েছেন।

থেরেসা মে বলেছেন, ৮ জুন নির্বাচনের জন্য আগামীকাল (বুধবার) তিনি সংসদে প্রস্তাব আনবেন। তবে প্রস্তাব পাশের জন্য সংসদের দুই-তৃতীয়াংশ এমপির সমর্থন লাগবে। ব্রিটেনের পরবর্তী নির্বাচন ২০২০ সালে হওয়ার কথা।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার বিষয়ে অালোচনা করতে সঠিক পরিকল্পনা ছিল সরকারের। এছাড়া লন্ডনে রাজনৈতিক ঐক্য চান তিনি।

ব্রিটিশ এই প্রধানমন্ত্রী বলেন, আমি মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করেছি; যেখানে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে, আগামী ৮ জুন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো উচিত সরকারের।

গত জুন মাসে ব্রেক্সিট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রশ্নে ব্রিটেনে গণভোটের পর তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যমেরন পদত্যাগ করার পর তেরেসা মে প্রধানমন্ত্রী হন। গত কয়েক মাসে প্রধানমন্ত্রী মে একাধিকবার মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দেন। ফলে হঠাৎ আজ তার এই ঘোষণা অনেককেই অবাক করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন জাতীয় স্বার্থেই এই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি বলেন, ব্রেক্সিটের পর ব্রিটেনের স্থিতিশীলতার নিশ্চিত করতে ‘অনিচ্ছা সত্বেও” তিনি নির্বাচন ডাকছেন। তিনি বলেন, ব্রেক্সিটের পর ‘জাতি এককাট্টা হলেও সংসদ দ্বিধাবিভক্ত’।

উদাহরণ হিসাবে প্রধানমন্ত্রী বলেন – বিরোধী লেবার পার্টি ইউরোপীয় ইউনিয়নের সাথে চূড়ান্ত বোঝাপড়ার চুক্তির বিরোধিতার হুমকি দিয়েছে। “লিবারেল ডেমোক্রাটরা সরকারকে অচল করে দেয়া হুমকি দিচ্ছে..।”

প্রধানমন্ত্রী বলেন, এই অবস্থায় নতুন নির্বাচন না দিলে ‘তাদের রাজনৈতিক খেলা অব্যাহত থাকবে।’

গত বছরের ২৩ জুলাই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে গণভোট অনুষ্ঠিত হয়। এই ভোটে ব্রেক্সিটের পক্ষে রায় দেন দেশটির নাগরিকরা। ব্রেক্সিট ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন; পরে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন থেরেসা মে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগাম এই নির্বাচনে যদি তার দল কনজার্ভেটিভ পার্টি জয়ী হয়; তাহলে ব্রেক্সিটে দলীয় অ্যাজেন্ডাকে প্রাধান্য দিতে পারবেন তিনি। কিন্তু যদি নির্বাচনে হেরে যান তাহলে ইউরোপীয় ইউনিয়নের অন্য ২৭ রাষ্ট্রের সঙ্গে আলোচনা অত্যন্ত জটিল হয়ে দাঁড়াবে।

দেশটিতে এই মুহূর্তে বিরোধীদল লেবার পার্টির চেয়ে জনপ্রিয়তা ২০ পয়েন্ট এগিয়ে রয়েছে কনজার্ভেটিভ পার্টি। ২০২০ সাল পর্যন্ত ক্ষমতার মেয়াদ রয়েছে মে নেতৃত্বাধীন সংসদের।

এ জাতীয় আরও খবর