‘এদিকেও লোকসান ওদিকেও লোকসান’
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগের সব ট্যানারির পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। এতে করে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকরা।
শ্রমিক শফিউর রহমান জানান- পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কারণে কারখানায় কোন কাজ করা যাচ্ছে না। সময় মত কারখানা না সরানোর দোষ মালিকের, আমরা কেন বিপদে পড়ব। আর ট্যানারির সবকিছু সরাতেও বিদ্যুৎ-গ্যাস লাগবে, কারণ এক দিনের কাজ নয়, ওগুলো সরাতে বিদ্যুৎ দরকার। এখন বিদ্যুৎ নেই আমরা কিভাবে কাজ করব।
শ্রমিক শফিকুল ইসলাম বলেন, এমনিতেই বিপদে আছি কারখানা বন্ধ, এখন বেতন পাব কি না আর পেলেও কারখানা সরাতে কত দিন লাগবে বলা মুশকিল। আর কারখানা বন্ধ থাকলে তো কেউ বেতন দিবে না, আর বেতন না পেলে আমাদের না খেয়ে থাকতে হবে।
ট্যানারি ওয়ার্কার সমিতির কোষাধক্ষ্য আবদুর রাজ্জাক বলেন, পরিবেশের জন্য সরকার ট্যানারি সরাচ্ছে ভালো কথা, কিন্তু এগুলো ধাপে ধাপে সরালে শ্রমিকদের ভালো হতো মালিকদেরও ভালো হতো।
তিনি বলেন, সরকার সব একসাথে সরাতে বলে, কিন্তু এটা সম্ভব না। এ কারণে মালিকপক্ষ দেরী করছেন। কিন্তু শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে কেন?
তিনি আরো বলেন, এখন শুনা যাচ্ছে মালিকরা শ্রমিকদের যে ২ মাসের টাকা দেওয়ার কথা তা দিবে না। গত মাসের বেতন কোন কোন কারখানা দিলেও সব কারখানা দেয়নি, দিবে কি না তাও নিশ্চিত না।
ট্যানারি আমরা সরাচ্ছি আর কিছুদিন আমাদের সময় লাগবে এরইমধ্যে সরকার পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, যার কারণে ট্যানারি সরাতে সমস্যা হচ্ছে বলে জানালেন ট্যানারি মালিক পক্ষ।
মালিকপক্ষের দাবি, শ্রমিকদের বেতন দিবেন বা দিয়েছেন। কিন্তু ট্যানারি যে তারা হেমায়াতপুর নিবেন সেখানেও তো পরিবেশ দূষিত হবে। কারণ এর কোন ব্যবস্থা এখনো ভালো করে করা হয়নি। এদিকে, ট্যানারি বন্ধ হওয়ার কারণে বিদেশি বায়ার চলে যাচ্ছে। একবার চলে গেলে তারা কি আবার আসতে চাইবে, সে বিষয়টা সরকারের মাথায় রাখলে ভালো হতো। আমাদের এদিকেও লস ওদিকেও লস।
উল্লেখ্য, পরিবেশ দূষণের কারণে হাজারীবাগের ট্যানারি সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে সরাতে বার বার সময় দেয়ার পরও অধিকাংশ ট্যানারি তা করেনি।
এ কারণে গত ৬ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনে হাজারীবাগের সব ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুসারে শনিবার হাজারীবাগের চামড়া কারখানাগুলোর গ্যাস পানি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ নিয়ে ট্যানারি মালিকরা আপিল বিভাগে গেলে সেখানেও এ রায় বহাল থাকে। ট্যানারি মালিকরা ঈদুল আজহা পর্যন্ত সময় চেয়ে আবেদন করলে সেটিও খারিজ করে দেন আদালত।











