স্থায়ী হচ্ছে ইসির ২৮৭টি পদ
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনে (ইসি) ২৮৭টি পদ স্থায়ী হচ্ছে। এর মধ্যে ইসি সচিবালয়ের পাশাপাশি আছে মাঠপর্যায়ের পদও।চলতি বছরের ১ জুন থেকে পদগুলো স্থায়ী হচ্ছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এখন ইসি থেকে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠপর্যায়ের কার্যালয়ের ২৯১টি পদ স্থায়ীকরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হলে উক্ত মন্ত্রণালয় ২৯১টি পদের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের একটি পদ, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি পদ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজারের একটি পদ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারের একটি পদ; সর্বমোট চারটি পদ ছাড়া ২৮৭টি পদ আগামী ১ জুন থেকে স্থায়ীকরণের লক্ষ্যে সম্মতি জ্ঞাপন করে। উল্লেখিত পদের শর্ত মোতাবেক বর্ণিত পদগুলি স্থায়ীভাবে সংরক্ষণ ও স্থায়ীকরণের বিষয়ে অর্থ বিভাগের সম্মতি আবশ্যক।’
ইসি সূত্র জানায়, স্থায়ী হতে যাওয়া ২৮৭টি পদের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কার্যালয়ের ২২০টি, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ৫১টি এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন ক্যাটাগরিতে ১৬টি পদ আছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির সহকারী সচিব মো. লুৎফুল কবীর সরকার বলেন, ‘২০১১ সালে এ টি এম শামসুল হুদা যখন নির্বাচন কমিশনের প্রধান ছিলেন, তখন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে অস্থায়ীভাবে কিছু পদ সৃষ্টি করা হয়েছিল। নিয়ম অনুযায়ী অস্থায়ীভাবে পদ সৃষ্টির তিন বছর পর এই দুই মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে স্থায়ী করতে হয়। ২০১১ সালে অস্থায়ীভাবে সৃষ্টি করা পদগুলো স্থায়ী করার প্রক্রিয়া চলছে।’
বর্তমানে ইসি সচিবালয় ও মাঠপর্যায়ে অনুমোদিত জনবলের সংখ্যা ২ হাজার ৮২৪ জন। এর মধ্যে বর্তমানে কর্মরত আছে দুই হাজার ১২৯ জন এবং নিয়োগ প্রক্রিয়ায় আছে ২৫৪ জন।
ইসি সূত্রে জানা যায়, ইসি সচিবালয়, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়সহ মোট ৭৯১ জন প্রথম শ্রেণির কর্মকর্তার পদ রয়েছে। এর মধ্যে ৫৪০ জন বর্তমানে কর্মরত আছেন এবং বিভিন্ন কারণে বাকি ২৫১টি পদ খালি রয়েছে। কমিশন সচিবালয়ের ৮৫টি প্রথম শ্রেণির পদের মধ্যে বিভিন্ন কারণে সাতটি পদ খালি আছে।











