রবিবার গণভোট : কোথায় চলেছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক :সংবিধান পরিবর্তন নিয়ে তুরস্কে রবিবার গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবিধানে মোট ১৮টি সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশটির কমবেশি ৭০টির মতো আইনে পরিবর্তন আসতে পারে। এর ফলে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপকভাবে বেড়ে যাবে।
গণভোটের ফল কী হবে, তা এই মুহূর্তে বলা না গেলেও গত বৃহস্পতিবার প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট ‘না’-এর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছে।
সংবিধানের কয়েকটি উল্লেখযোগ্য সংশোধনী প্রস্তাব হচ্ছে :
• প্রধানমন্ত্রীর কার্যালয় বিলুপ্ত করে দেয়া হবে। প্রেসিডেন্ট মন্ত্রিপরিষদের সদস্য ও ভাইস-প্রেসিডেন্ট (নির্দিষ্ট কোনো সংখ্যার উল্লেখ নেই) নিয়োগ দেবেন।
• সংসদের অনুমোদন ছাড়াই ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করতে পারবেন প্রেসিডেন্ট।
• মন্ত্রিসভার অনুমোদন ছাড়া জরুরি অবস্থাও ঘোষণা করতে পারবেন প্রেসিডেন্ট।
• বাজেটের খসড়া প্রণয়ন করবেন প্রেসিডেন্ট, যা এখন করে থাকে সংসদ।
• সাংবিধানিক আদালত প্রেসিডেন্টের বিচার করতে পারবে। তবে ওই আদালতের ১৫ সদস্যের মধ্যে ১২ জনকে নিয়োগ দেবেন প্রেসিডেন্ট স্বয়ং। বাকি মাত্র তিনজনকে নিয়োগ দেবে সংসদ।
• পাঁচ বছর করে সর্বোচ্চ দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন প্রেসিডেন্ট। তবে দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি সংসদ প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত নেয় তাহলে সেই নির্বাচনে আবারও প্রার্থী হতে পারবেন বর্তমান প্রেসিডেন্ট।
২০১৯ সালের নভেম্বর থেকে সংশোধনীগুলো বাস্তবায়ন শুরু হবে। সেই সময় একই দিনে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রায় ৯৪ বছর আগে কামাল আতাতুর্ক যেসব মতাদর্শ চালু করেছিলেন, বর্তমান প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ানের আমলে সেই পরিস্থিতি অনেকখানি বদলে গেছে বলে মনে করেন ‘না’ ভোটের পক্ষের কর্মীরা। তাদের অভিযোগ, পশ্চিমা মূল্যবোধ, গণতন্ত্র ও বাকস্বাধীনতার নীতি থেকে তুরস্ককে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন এর্দোয়ান।
তবে এর্দোয়ানের সমর্থকরা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাঁকে পুরস্কৃত করতে চান। কারণ, তাঁরা মনে করেন, এর্দোয়ান তুর্কিদের জীবনে ইসলামী মূল্যবোধ ফিরিয়ে এনেছেন। ধর্মভীরু ভোটারদের কাছে এর্দোয়ান বেশ জনপ্রিয়। এছাড়া তাঁর আমলে বিমানবন্দর থেকে শুরু করে হাসপাতাল, স্কুল – এ সব অবকাঠামো গড়ে উঠেছে বলে জানান ‘হ্যাঁ’ ভোটের সমর্থকরা।











