সাড়ে ৩৭ হাজার বর্গফুটের ‘আলপনা’য় মুগ্ধ বাঙালি
দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে এবার পহেলা বৈশাখে ভিন্ন মাত্রা যোগ করেছে সাড়ে ৩৭ হাজার বর্গফুটের বর্ণিল আলপনা। ডিসি হিলকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ৭১ জন শিক্ষার্থী রাত জেগে আল্পনায় ইতিহাস গড়েন। তুলে ধরেন আবহমান বাংলার ঐতিহ্য।
বাংলালিংক ডিজিটালের উদ্যোগে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় এশিয়াটিক ইএক্সপি’র তত্ত্বাবধানে বৌদ্ধমন্দিরের সামনের গোলচত্বর থেকে শুরু করে নন্দনকাননের বন সংরক্ষকের কার্যালয়ের সামনে পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার দীর্ঘ আল্পনাকে ঘিরে এখন চলছে সেলফির মহোৎসব।
‘বাংলালিংক আলপনায় বাংলাদেশ’ শিরোনামের এ কর্মযজ্ঞ সম্পর্কে জানতে চাইলে নাট্যজন আহমেদ ইকবাল হায়দার বলেন, বর্ষবিদায়ের দিন রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরার পথে বাংলালিংকের উদ্যোগে এবং বার্জার পেইন্টসের সহযোগিতায় আলপনা আঁকতে দেখি একঝাঁক তরুণকে। ১৯৭৮ সালে প্রথম এক ঘণ্টার অনুষ্ঠান দিয়ে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছিল। এখন তো বর্ষবিদায় ও বরণ মিলে দুদিনের অনুষ্ঠান হচ্ছে। ৩৯ বছরে এটি চট্টগ্রামের প্রধানতম উৎসবে পরিণত হয়েছে। এবার বাংলালিংকের এ দীর্ঘ আলপনা ভিন্ন মাত্রা যোগ করেছে উৎসবে।
আলপনা রাঙাতে ব্যস্ত এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, পহেলা বৈশাখকে ঘিরে প্রাচীনকাল থেকেই ঘরে ঘরে আলপনা তৈরি করা হয়। নানান রকমফের, মাধ্যম হওয়া সত্ত্বেও এখনো এ ঐতিহ্য টিকে আছে। লোকশিল্পেরই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এটি। মূলত মঙ্গল কামনা করেই এ আলপনা করছি আমরা। বিশেষত এ পথেই একটি মঙ্গল শোভাযাত্রা যাবে।
‘অমিতাভ’ সম্পাদক শ্যামল চৌধুরী জানান, রেখায়-লেখায় বর্ণিলভাবে বাঙালি ঐতিহ্য তুলে ধরা হয়েছে এ আলপনায়। গাঢ় থেকে হালকা রঙে শৈল্পিক ক্যানভাস বুনেছেন শিল্পীরা। বৈশাখী আমেজ হিসেবে লাল-সাদা-হলুদ-কমলার ভেরাইটি তো আছেই। এটি চট্টগ্রামের বৈশাখ উদযাপনে নতুন একটি সংযোজন হিসেবে বিবেচিত হবে।
শনিবার (১৫ এপ্রিল) সকালে সন্তানদের নিয়ে আলপনা দেখতে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সৌরভ পাল। তিনি বাংলানিউজকে জানান, বাচ্চারা আঁকাআঁকি খুব পছন্দ করে। তাই তাদের নিয়ে এসেছি দীর্ঘ আলপনাটি দেখাতে। যাতে তারা প্রেরণা পায়, অভিজ্ঞতা সঞ্চয় করে।
তিনি জানান, এটি দেখে খুবই ভালো লাগছে যে কোথাও আলপনাটি কারা করেছে সেটি লেখা নেই। ‘এসো হে বৈশাখ’, ‘বর্ষবরণ ১৪২৪’ এ ধরনের কয়েকটি বাণীই শুধু লেখা আছে। অথচ আশপাশের দোকানি, পথচারী সবাই জানে এটি ‘বাংলালিংক আলপনায় বাংলাদেশ’ কর্মসূচির অংশ।
বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, এশিয়াটিক ইএক্সপি ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রামের ডিসি হিল, রাজশাহীর পদ্মা নদীর পার, খুলনার শিব বাড়ি মোড়, বরিশালের বঙ্গবন্ধু পার্ক রোড এবং ময়মনসিংহের টাউন হল সার্কেলে ‘বাংলালিংক আলপনায় বাংলাদেশ’ কর্মসূচি রাঙিয়েছে তরুণেরা।











