বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইকো ফিশ প্রকল্পের সুফল পাচ্ছে বাংলাদেশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বছরে মাত্র আঠার কোটি টাকা খরচে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প নেয়া হয়েছিল ইলিশের উৎপাদন বাড়াতে। আর সেই প্রকল্পের সুফল পাচ্ছে এখন দেশবাসী। এ প্রকল্পের কারণে দেশে ইলিশ উৎপাদন বেড়েছে। প্রকল্পটি চালু রাখা হলে ইলিশের উৎপাদন বছরে দশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি বাড়বে ইলিশ রপ্তানিও।

অথচ জাতীয় পর্যায়ের যে কোনো প্রকল্পের তুলনায় অত্যন্ত ছোট এই প্রকল্পটি দেশে ইলিশ উৎপাদনে বিপ্লবের সৃষ্টি করেছে। দেশে ইলিশ উৎপাদন গড়ে দুই থেকে আড়াই লাখ টনের নিচে ছিল। যা বেড়ে চার লাখ টনে পৌঁছেছে।

গবেষকরা বলেন, বিশ্বে কেবলমাত্র বাংলাদেশেই ইলিশ উৎপাদন বাড়ছে। বিদ্যমান ধারা অব্যাহত রাখা গেলে দেশের অর্থনীতিতে ইলিশ বেশ বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলেরা যাতে ৯ ইঞ্চির কম সাইজের ইলিশ বা জাটকা নিধন করতে নদীতে না যায় সেজন্য ‘উপকূলীয় মৎস্য রক্ষা প্রকল্প’ নামে নতুন এই ‘ইকো ফিশ’ প্রকল্প গ্রহণ করা হয়। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি নেয়া হয়েছিল ২০১৫ সালে। ব্যয় ধরা হয় ৯০ কোটি টাকা। বছরে ১৮ কোটি টাকা। জাটকা নিধন না করে জেলেরা যাতে বিকল্প ব্যবস্থায় জীবনধারণ করতে পারেন সেজন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল।

এতে প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত (৮ মাস) জাটকা নিধন পুরোপুরি বন্ধ রাখার কথা বলা হয়। প্রকল্প বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে ‘ওয়াল্ড ফিশ’ নামের একটি আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটি কয়েক বছর ধরে দেশের উপকূলীয় এলাকার জেলেদের জীবনযাত্রা নিয়ে কাজ করার পর ইকো ফিশ প্রকল্পের ব্যাপারে অগ্রসর হয়।

ওয়ার্ল্ড ফিশের বরাত দিয়ে মৎস্য অধিদপ্তরের পদস্থ একজন কর্মকর্তা জানান, বিশ্বের মোট ইলিশের ৬০ শতাংশ ধরা পড়ে বাংলাদেশে। এছাড়া ভারতে ২০ শতাংশ, মিয়ানমারে ১৫ শতাংশ, আরব সাগর তীরবর্তী দেশগুলো এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর তীরবর্তী দেশগুলোতে বাকি ৫ শতাংশ ইলিশ ধরা পড়ে। ওয়ার্ল্ড ফিশের পর্যবেক্ষণে ইলিশ উৎপাদনে বাংলাদেশের পর রয়েছে মিয়ানমার, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। এসব দেশের উপকূলেও ইলিশ ধরা পড়ে। উপরোক্ত প্রতিটি দেশেই সাম্প্রতিক বছরগুলোতে ইলিশ উৎপাদন কমেছে। শুধুমাত্র বাংলাদেশেই ইলিশের উৎপাদন ৯ থেকে ১০ শতাংশ হারে বাড়ছে বলে উল্লেখ করে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।

মৎস্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ১৯৮৬-৮৭ সালে দেশে ইলিশ ধরা পড়ত এক লাখ ৯৫ হাজার টন। ২০০২-০৩ অর্থবছরে এক লাখ ৯১ হাজার টন ইলিশ ধরা পড়ে। ২০০৯-২০১০ সালে দেশে ইলিশ ধরা পড়ে আড়াই লাখ টনের মতো। আর ২০১৫-১৬ অর্থবছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৯৫ হাজার টন। চলতি অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন চার লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

দেশের মোট মৎস্যসম্পদের ১২ শতাংশ ইলিশ বলে উল্লেখ করে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বছরে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার ইলিশ মাছ ধরা পড়ছে। দেশের চাহিদা মেটানোর পর প্রতি বছর প্রায় তিনশ কোটি টাকা দামের ইলিশ বিদেশে রপ্তানি করা হয়।

শুধুমাত্র জাটকা নিধন ঠেকানোর মাধ্যমেই দেশে ইলিশ উৎপাদনে বিপ্লব সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, যে পরিমাণ জাটকা ধরা হয় শুধুমাত্র তার অর্ধেকও যদি আধা কেজি ওজনের ইলিশে পরিণত করা যায় তাহলে দেশে ইলিশের উৎপাদন আরো ৫০ শতাংশ অর্থাৎ প্রায় দুই লাখ টন বাড়ানো সম্ভব। একটি ইলিশ একসঙ্গে তিন লাখ ও সর্বোচ্চ ২১ লাখ পর্যন্ত ডিম ছাড়ে। এসব ডিমের ৭০ থেকে ৮০ শতাংশ থেকে রেণু ইলিশ হয়। এর সর্বোচ্চ ১০ শতাংশ শেষ পর্যন্ত টিকে থাকে। একটি মা ইলিশ মাছ প্রতি বছর হাজার হাজার ইলিশ মাছ জন্ম দেয় বলে জানান মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর