বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিজমানের গোলে রিয়ালের হতাশা

news-image

স্পোর্টস ডেস্ক : মাদ্রিদ ডার্বিতে পেপের গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তে গোল করে ‘লস ব্লাঙ্কোস’দের হতাশায় ডুবিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজমান। সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

শনিবার দুই মাদ্রিদের ড্রয়ে লা লিগার শিরোপা লড়াইটা আরো জমে উঠল। ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে রিয়াল যদিও শীর্ষেই আছে। তবে দিনের পরের ম্যাচে মালাগাকে হারালে বার্সেলোনার পয়েন্টও হবে ৭২। এখন ৩০ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৯। ৩১ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৬২।

এই নিয়ে রিয়ালের মাঠে টানা চার লিগ ম্যাচে অপরাজিত থাকল অ্যাটলেটিকো। বার্নাব্যুতে আগের তিনটি লিগ ম্যাচই জিতেছিল দিয়েগো সিমিওনের দল।

বার্নাব্যুতে ম্যাচের ষোড়শ মিনিটে প্রথম ভালো সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। বাঁ দিক থেকে কাসেমিরো পেনাল্টি বক্সে বল বাড়িয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে পর্তুগিজ তারকার শট ঠেকিয়ে দেন অ্যাটলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক।

২৮ মিনিটে করিম বেনজেমার একটি প্রচেষ্টাও রুখে দেন অতিথি গোলরক্ষক। ৩২ মিনিটে গোল পেতে পারতেন রোনালদো। কিন্তু এবারও তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ওবলাক।

৩৯ মিনিটে সুযোগ এসেছিল অ্যাটলেটিকোর সামনেও। বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন গ্রিজমান। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তার শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস।

পরের মিনিটে অ্যাটলেটিকো অধিনায়ক দিয়েগো গডিনের হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। আক্রমণ আর পাল্টা আক্রমণে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য স্কোরলাইনে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ৫২ মিনিটে টনি ক্রসের ফ্রি-কিক থেকে হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে।

পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে অ্যাটলেটিকো। সুযোগ তৈরি করে যদিও সুবিধা করতে পারছিল না। ৬০ মিনিটে অ্যাটলেটিকোর সাউলের একটি শট ঠেকিয়ে দেন নাভাস।

ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হতে যখন আর পাঁচ মিনিট বাকি, তখনই গ্রিজমানের ওই গোল। অ্যাঙ্গেল কোরেয়া বক্সের সামনে বল বাড়ান গ্রিজমানকে। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড। তাতে ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে আবারও হতাশায় মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি