বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষকে অন্ধকারে রেখে চুক্তি নয়: ওবায়দুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষকে অন্ধকারে রেখে কোনো চুক্তি করবে না শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউটে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নবম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে চুক্তি হলে তো মানুষ জানবে। দেশের মানুষকে অন্ধকারে রেখে কোনো চুক্তি করবে না শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের সমালোচনার জবাবে কাদের বলেন, চুক্তি না হওয়ার আগেই আপনি বলছেন এটা দেশবিরোধী চুক্তি। চুক্তিই হল না আর আপনি বলছেন দেশবেরোধী। অন্ধকারে কেন ঢিল ছুড়ছেন। এমওইউ হবে। সেটা দেখুন। এরপর যুক্তিতর্ক দিয়ে কথা বলুন।

ভারতের কাছ থেকে তিস্তাসহ অভিন্ন সব নদীর হিস্যা বুঝে নেয়া হবে জানিয়ে তিনি বলেন, রাজ্য সরকারকে সঙ্গে নিয়েই ভারতের কেন্দ্রীয় সরকার সমস্যার সমাধান করতে চায়। কারণ নদীটা রাজ্যের। এটা সংবিধানে লেখা আছে। আবার আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার চাইলে এককভাবে করতে পারে। কিন্তু এটা গণতান্ত্রিক নয়। ভারত গণতান্ত্রিকভাবেই কাজ করতে চায়। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। সব কিছুই হবে।

নাসির নগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় ক্ষমতাসীনদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে কাদের বলেন, আওয়ামী লীগের চেতনা যারা ধারণ করে তারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। পোড় খাওয়া আওয়ামী লীগাররা এই সব ঘটনার সঙ্গে জড়িত নয়। জড়িত তারা যারা আওয়ামী লীগের নামে ক্ষমতাসীন দলের ক্ষমতা অপব্যবহার করে বাড়ি দখল করে সম্পদ দখল করে এবং নিজেদের আরো বিত্তবান বানানোর পায়তারা করে। সেই সব লোকদের স্থানে স্থানে স্বার্থ আছে। তাদের খারাপ মোটিভ আছে। তারাই অপকর্মকারী।

পরজীবীরা বিভিন্ন সম্প্রদায়ের উপর নির্যাতন করছে দাবি করে আওয়ামী লীগের এ নেতা বলেন, শুধু হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টানদের ওপর নয় তারা মুসলমানদের উপরও অত্যাচার করে। এটা শুধু মাইনরিটি ব্যাপার হিসেবে দেখবেন না। এই সব ঘটনা আজকে একটা সুবিধাভোগী লোক রাজনীতির নামে এদেশে কিছু নেতা আছে যাদের নীতি নৈতিকতার বালাই নেই। ক্ষমতার জন্য তারা যেকোন অপকর্ম করতে দ্বিধা করে না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের ৪৬ বছরের ইতিহাসে যখনই ক্ষমতায় ছিল তখনই সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করেছে। কিন্তু যখন অন্যরা ক্ষমতায় এসেছে তখনই সংখ্যালঘুদের উপর অমানসিক নির্যাতন হয়েছে।

এর আগে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরেন সংশ্লিষ্ট নেতারা। এসব দাবির বিষয়ে কাদের বলেন, আমি আপনাদের দাবির বিষয়গুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। তবে প্রধানমন্ত্রীর ইচ্ছাটা আমি জানি। উনি নারী এবং মাইনরিটি নেতৃত্ব বেশি পছন্দ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত। সংগঠনের পক্ষ থেকে প্রতিবেদন তুলে ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।

এ জাতীয় আরও খবর