বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

news-image

নিউজ ডেস্ক : চার দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ এপ্রিল শুক্রবার নয়াদিল্লিতে বিমান বাহিনীর পালাম ঘঁটিতে পৌঁছায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব বোয়িং-৭৭৭-৩০০ এয়ারক্র্যাফট ‘আকাশপ্রদীপ’।

স্থানীয় সময় বেলা ১২ টা ২ মিনিট ও বাংলাদেশ সময় বেলা ১২ টা ৩২ মিনিটের প্রধামনন্ত্রীকে বহনকারী বিমান অবতরণ করে।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে রাইসিনা হিলে ভারতের রাষ্ট্রপতি ভবনে। এই সফরে সেখানেই থাকবেন তিনি।

এর আগে, সকাল ১০টায় নয়াদিল্লির উদ্দেশ্যে আকাশপ্রদীপ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সেখানে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী এম এ মুহিত, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শকসহ অসামরিক-সামরিক ঊর্ধতন কর্মকর্তারা।

বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের ভারি শিল্প, পাবলিক এন্ড এন্টারপ্রাইজ মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। পালাম স্টেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হবে। সফরকালে সেখানে অবস্থান করবেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা সাত বছর পর প্রথম দ্বিপক্ষীয় এ সফরে যান। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। এ সফরে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এক নতুন উচ্চতায় উপনীত হবে বলে উভয় দেশের কূটনৈতিক মহল আশা করছে।

শেখ হাসিনা দিল্লিতে পৌঁছার পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার সাথে সাক্ষাৎ করবেন। এরপর সন্ধ্যায় দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনায় কূটনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।

দিল্লীর বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টারর ফরিদ হোসেন জানান, ৮ এপ্রিল এখানে হায়দ্রাবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার পর একগুচ্ছ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বিকালে মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী ভারতীয় সৈনিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধে নিহত ৭ শহীদ ভারতীয় সেনা পরিবারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পত্র প্রদান করবেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানের কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্যে প্রধানমন্ত্রীর দপ্তর নিয়োজিত সাব-কমিটির আহ্বায়ক লেঃ কর্নেল (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির (বীরপ্রতীক) জানান, মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী ভারতীয় সেনা, নৌ, বিমানবাহিনী এবং বিএসএফ-এর ১৬৬১জন অফিসার ও জওয়ান-এর তালিকা তৈরী করা হয়েছে।

তালিকাভুক্ত শহীদ সেনাদের মধ্যে থেকে সাত শহীদ সেনা পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সম্মাননাপত্র তুলে দেবেন। এদের মধ্যে সেনাবাহিনীর ৪জন, বিমান বাহিনীর ১জন, নৌবাহিনীর ১জন এবং বিএসএফ-এর একজন শহীদ সেনা রয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ এবং বাঙ্গালী জাতি মহান মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন শুরু করবে।

পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিরা বাকী শহীদ পরিবারের কাছে মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণের জন্যে বাংলাদেশের জনগণের পক্ষে থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মাননা হস্তান্তর করবেন। ৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী আজমীর শরীফ যাবেন। সেখানে খাজা মঈনউদ্দিন চিশিতি (রহঃ)-এর দরগাহ শরীফ জিয়ারত করবেন। একইদিন বিকেলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দেখা করবেন।

পরে তিনি রাষ্ট্রপতি প্রদত্ত এক নৈশ ভোজে যোগ দেবেন। এদিন প্রধানমন্ত্রী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। ১০ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ীদের এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে দিল্লী ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর