জয় দিয়ে শেষ করাটা সত্যিই অসাধারণ : মাশরাফি
স্পোর্টস ডেস্ক : বেশ লম্বা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। শুরুটা হলো মুস্তাফিজকে চেক দিয়ে। শেষটা দুই অধিনায়কের ট্রফি ভাগ করে। কিন্তু এই পুরোটা সময়ে আগ্রহের শিরোমনি টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলা বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শেষটা রাঙিয়ে গেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচে জয়টা যেমন মুখ্য হয়ে থাকলো, ভুললেন না ক্যারিয়ারজুড়ে জড়িয়ে থাকা বাকিদেরও। এই ফরম্যাটে শেষবারের মতো পুরষ্কার বিতরণীতে বক্তব্য রাখতে গিয়ে জানিয়ে গেলেন সরল, সহজ আর আবেগী ধন্যবাদ।
মাশরাফির আগে ম্যাচ সেরার পুরষ্কার নিতে গিয়েছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই ধারাভাষ্যকার মাশরাফিকে নিয়ে জানতে চাইলেন সাকিবের কাছে। দলের মধ্যে খুব কাছের এই সদস্য মাশরাফিকে কম বোঝেন না। বলে গেলেন, মাশরাফি বরাবরই তাদের কাছে ‘স্পেশাল’।
সাকিব বলেন, ‘তিনি (মাশরাফি) খুব বেশি স্পেশাল। দলের জন্য তিনি কতোটা গুরুত্বপূর্ণ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে তার কাজ এখনই শেষ হয়ে যাচ্ছে না। ওয়ানডে দলে সে অনেক বড় ভূমিকা পালন করে যাচ্ছে।’
সাকিব যখন এই কথা বলছেন, টিভি ক্যামেরা ততক্ষণে খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের মহানায়ককে। মাশরাফি তখন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের সবুজ ঘাসে বসে তাকিয়ে আছেন অন্যপ্রান্তে, আনমনে। চোখেমুখে ক্লান্তির সঙ্গে সাফল্যের হাসিটাও যেন স্পষ্ট হয়ে আছে। সঙ্গে বড় কিছু হারিয়ে ফেলার বেদনাও মেলে একটু খেয়াল করলে।
মাশরাফির ডাক পড়লো। ট্রফি নেওয়ার জন্য। উঠে গিয়ে অতিথিদের হাত থেকে ট্রফি গ্রহণ করলেন, খুঁজলেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গাকে। কিন্তু না, এই ট্রফি সিরিজের নয়। একান্তই মাশরাফির। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে মাশরাফিকে টি-টোয়েন্টি ক্রিকেটের বিদায়ী ম্যাচের স্বারক উপহার।
বক্তব্য রাখলেন মাশরাফি। ম্যাচ নয়, ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের ক্যারিয়ারের সূর্যাস্তে দল কিংবা ম্যাচের বিশ্লেষণে আগ্রহ নেই কারোর। যাবার বেলায় মাশরাফি কি বলেন সেটাতেই আগ্রহ সবার। অল্প কোথায় সব সেরে নিলেন বাংলাদেশ দলের সফলতম এই অধিনায়ক।
বললেন, ‘জয় দিয়ে শেষ করাটা সত্যিই অসাধারণ। এই দলে আমি দারুণ কিছু ছেলে পেয়েছি। দারুণ কিছু সতীর্থ। সবাইকে ধন্যবাদ। আমার দল, আমার দলের সাপোর্টিং স্টাফ। হ্যাঁ, আমার ক্রিকেট বোর্ড, সমর্থক আর আমার পরিবার সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।‘
এ যেন অন্যান্য সাধারণ ম্যাচগুলোর মতোই। ঘামে ভেজা শরীর নিয়ে ক্যাপটার পেছনে দু’বার হাত দিয়ে চলে গেলেন দলের কাছে। এই শেষ। চার-ছক্কার টি-টোয়েন্টিতে আর কখনও পরা হবে না পতাকার আদলে গড়া লাল-সবুজের ওই স্পেশাল ‘২’ নম্বর জার্সিটা।
বিদায় বললেন মাশরাফি, বিদায় দিলেন। তবে জানিয়ে গেলেন, পথটা আরও বাকি। ওয়ানডে ক্রিকেটে আরও অনেককিছু দিয়ে যাবেন দেশকে, মহানায়ক হয়েই।











