মফস্বল শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে নব্য জেএমবির আস্তানা
নিউজ ডেস্ক : মফস্বল শহরগুলোতেও ছড়িয়ে পড়ছে নব্য জেএমবির জঙ্গি তৎপরতা। একের পর এসব জঙ্গিদের আস্তানার সন্ধান পাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। আর জঙ্গি আস্তানার সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের গ্রেপ্তার করছে। কোথাও কোথাও জঙ্গিদের পাল্টা বোমা হামলা ও প্রতিরোধের ঘটনায় নিহত হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্প্রতি জঙ্গি আস্তানায় অভিযান চালাতে গিয়ে র্যাবের গোয়েন্দা প্রধানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যরা নিহত হয়েছেন।
সর্বশেষ গত সোমবার ময়মনসিংহ শহরের কালিবাড়ি এলাকার এক বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৭জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, হালুয়াঘাটের শহীদুল ইসলাম (৩৫) ও আশিকুর রহমান (২৮), ধোবাউড়া উপজেলার আলামিন (২৫), নেত্রকোনার নাসির উদ্দিন (২৭), একই জেলার জারিয়া এলাকার রুমান মিয়া (২৭), মাসুম আহমেদ (৩০) ও শাহ আলম হোসেন শামীম (২৭)। এদের কাছ থেকে ৭০ লাখ টাকার একটি চেক ও বিপুলসংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়। পরে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই নব্য জেএমবির সদস্য। এদের মধ্যে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী।
সম্প্রতি চট্টগ্রামের সীতাকু-, সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লা এব্ং ময়মনসিংহের জঙ্গি আস্তানাসহ আটটি আস্তানায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সিলেটে শিববাড়ির আতিয়া মহলের জঙ্গিদের দমন করতে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরদের অভিযান চালাতে হয়েছে। ওই আস্তানার জঙ্গিরা প্রশিক্ষিত ও শক্তিশালী বিস্ফোরক নিয়ে অবস্থান করছিল। জঙ্গি বিরোধী কাজের সঙ্গে জড়িত এমন বিশেষজ্ঞদের ধারণা, এসব জঙ্গিরা দেশের ছোট ছোট শহরে আস্তানা গেড়েছে। তারা মূলত আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতেই রাজধানী ছেড়ে তৃণমূলে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে গত ১৬ মার্চ চট্টগ্রামের সীতাকুন্ডের প্রেমতলায় ‘ছায়ানীড়’ ও ‘সাধনকুটির’ নামের কাছাকাছি দুটি বাড়িতে দুটি জঙ্গি আস্তনার সন্ধান পায় পুলিশ।
এরপর পুলিশের বিশেষায়িত টিম সোয়াত ও সিটিটিসির অভিযানে চার জঙ্গি নিহত হয়। ওই জঙ্গি অভিযানের রেশ কাটতে না কাটতেই গত ২৩ মার্চ সিলেটের শিববাড়ির আতিয়া মহলে আরও একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ওই আস্তানায় জঙ্গিরা বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডোদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। প্যারা-কমান্ডোরা চার দিনের অভিযানে তাদের পরাস্ত করে। এরপর গত ২৮ মার্চ নোবাহিনী অভিযান সমাপ্ত ঘোষণা করে। সেখানে একজন নারীসহ চারজন জঙ্গি নিহত হন।
অপরদিকে গত বুধবার দুপুরে কুমিল্লার কোটবাড়ী এলাকার একটি নির্মাণাধীন তিনতলা ভবনে আরও একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ওই আস্তানাটিও ঘিরে রাখে পুলিশ। এরপর নির্বাচনের পরের দিন সেখানে অভিযান চালানো হলেও সেখান থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের জঙ্গি আস্তানার সংবাদ প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে এক ধরণের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গিরা এখন তাদের নিরাপদ আশ্রয়স্থল খুঁজে আস্তানা গড়ার চেষ্টা করছে।
তারা বলছেন, জঙ্গিরা ধরা পড়ার পরও আত্মসমর্পণ না করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তারা আগের চেয়ে অনেক বেশি শক্তি অর্জন করেছে। তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে চলতে পারছে। তারা আরো বলেছেন, জঙ্গিরা একেবারে গ্রামে আস্তানা করতে পারবে না। তবে ছোট ছোট শহরগুলোতে তারা আস্তানা তৈরি করছে। কারণ এসব শহরে প্রতিবেশীদের মধ্যে আসা-যাওয়ার মানসিকতা বা সামাজিকতার চর্চা আগের চেয়ে কমে গেছে। এজন্য জঙ্গিরা সহজে আস্তানা গড়তে পারছে। তারা মূলত শহরগুলোতেই মানুষের চোখের বা নজরদারির আড়ালে থাকছে।
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লায় জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ার পর সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে সারাদেশে পুলিশের জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত আছে ও থাকবে। এদিকে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজরি আহমেদ সম্প্রতি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে বর্তমানে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে বলেছেন, পৃথিবীতে তিন কারণে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে। আর তা হলো লেফটিস্ট, রিলিজিয়নস ও এথনিক। বাংলাদেশে যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে চায় তারা জেএমবি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দপ্তরের সম্মেলন কক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ সকল ধরনের অপরাধ দমনে মোবাইল অ্যাপ্লিকেশন ‘রিপোর্ট টু র্যাব’ এর উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এশিয়া পেসিফিকের প্রায় ৪৭টি দেশে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। একযোগে সবাইকে কাজ করতে হবে। জেএমবি দীর্ঘদিন ঘাপটি মেরে ছিল। ২০০৪ সালে একবার আমরা বড় ধরনের হুমকির মুখোমুখি হয়েছিলাম। রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর কল্যাণপুর, রূপনগর, আজিমপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল, দক্ষিণখান, চট্টগ্রামের সিতাকুন্ডে জঙ্গি আস্তানায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, এলিট ফোর্স র্যাব। সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় প্রথমে পুলিশ পরে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা অভিযান চালায়। এসব অভিযানের সবকটির নামকরণ করা না হলেও বেশিরবাগ অভিযানের নামকরণ করা হয়েছে। গোয়েন্দারা বলছেন, এসব অভিযানের নামকরণ করা একটি প্রথা। তবে সব অভিযানের নামকরণ করা হয় না। বিশেষ বিশেষ ক্ষেত্রে নামকরণের মাধ্যমে ঘটনা স্মরণ রাখার জন্যই করা হয়। এর মধ্যে দশের ইতিহাসে প্রথম ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয় গুলশানে।
গতবছর ১ জুলাই রাতে অস্ত্রধারী জঙ্গিরা রেস্টুরেন্টে থাকা বিদেশিসহ সব অতিথিকে জিম্মি করে। এরপর ১৭ বিদেশি ও তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। রাতে পুলিশ-র্যাবের যৌথ অভিযানে জঙ্গিদের গুলি ও গ্রেনেড হামলায় ৩৩ পুলিশ, আনসার ও র্যাব সদস্য আহত হন। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা রাতেই মারা যান। পরদিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অপারেশনে (অপারেশন থান্ডার বোল্ড) ছয় জঙ্গি নিহত হয়। এরপর ঈদুল প্তিরের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা এবং গোলাগুলিতে দুই কনস্টেবলসহ চারজন নিহত হন। হামলার দিনই বন্দুকযুদ্ধে আবীর রহমান নামে নব্য জেএমবির এক সদস্য নিহত হন।
আর আহত অবস্থায় গ্রেপ্তার হয় শফিউল নামে আরেক জঙ্গি। একই বছরের ৫ আগস্ট র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শফিউল ও তার সহযোগী আবু মোকাতিল নামে দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। গতবছর ২৬ জুলাই কল্যাণপুরে ৫ নম্বর রোডের জঙ্গি আস্তানায় রাতভর পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে জেএমবির ৯ জঙ্গি নিহত হয়। ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন স্টর্ম টুয়েন্টি ২৬। অভিযান শেষে আগ্নেয়াস্ত্র, গুলি, গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করে যৌথবাহিনী। এরপ র নারায়ণগঞ্জে অপারেশন ‘হিট স্ট্রং-২৭’ নামে অভিযান চালানো হয়। গত বছর ২৭ আগস্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তনায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই অভিযানে নিহত হয় নব্য জেএমবি নেতা ও গুলশান হামলার মাস্টারমাইন্ড বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম আহম্মেদ চৌধুরী। এ সময় তামিমের সঙ্গে মারা যায় তার আরও দুই সহযোগী। এছাড়া, রাজধানীর গত বছর ২৪ ডিসেম্বর দক্ষিণখানে ‘রিপল-২৪’ নামের এক অপর এক অভিযান চালানো হয়। ‘রিপল’ অর্থ হচ্ছে ঢেউয়ের মতো প্রসারিত হওয়া।
এই অভিযান সকাল থেকে বিকাল পর্যন্ত ধীরে ধীরে ঢেউয়ের মতো প্রসারিত হয়েছে। তাই ‘রিপল’ শব্দটি নেওয়া হয়েছে। আর ২৪ ডিসেম্বর থেকে ২৪ নেওয়া হয়েছে। দুয়ে মিলে করা হয়েছে ‘রিপল-২৪’। একই বছরের ২সেপ্টেম্বর রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান চালায় মিরপুরের রূপনগরে। সেখানে পুলিশের সঙ্গে গোলাগুলিতে জাহিদুল ইসলাম নামে অবসরপ্রাপ্ত এক মেজর নিহত হন। তিনি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় অংশগ্রহণকারীদের গাইবান্ধার চরাঞ্চলে প্রশিক্ষণ দেন। নারায়ণগঞ্জে তামিম চৌধুরী নিহত হওয়ার পর নব্য জেএমবিতে তার স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহিদুলের।
এরপর ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখানে নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা ও আশ্রয়দাতা তানভীর কাদেরী নিহত হয়। সেখান থেকে তিন নারী জঙ্গি ও জঙ্গি নেতা তানভীরের ১৪ বছর বয়সী ছেলেকে আটক করা হয়। আর গাজীপুরের জঙ্গি অভিযানের নাম দেওয়া হয়, ‘অপারেশন স্পেইট-৮’। গত ৮ অক্টোবর একই দিনে পুলিশ ও র্যাব গাজীপুর, আশুলিয়া ও টাঙ্গাইলের চার আস্তানায় অভিযান চালায়। গাজীপুরে পৃথক দুই অভিযানে ৯ জঙ্গি, টাঙ্গাইলে দুই জঙ্গি এবং আশুলিয়ায় নিহত হয় জঙ্গিদের আশ্রয়দাতা।
তবে সেনাবাহিনী এ নাম পরিবর্তন করে অপারেশন ‘টোয়ালাইট’ রাখে। এ ব্যাপারে কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, রাজধানীতে এখন সুযোগ কম। ব্যাপক নজরদারি ও ব্লক রেইডের কারণে জঙ্গিরা রাজধানীতে সুবিধা করতে পারছে না। তবে রাজধানীর উপকণ্ঠে যাতে জঙ্গি আস্তানা গড়ে তুলতে না পারে সেজন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আমার সংবাদ











