বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে কী চুক্তি, আগেই জানান : বিএনপি

news-image

প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে কী কী চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে, তা আগেই জনগণকে জানাতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি।

এই দাবির পক্ষে যুক্তি দেখিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশ ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট এ সব চুক্তি এবং সমঝোতা স্মারকের বিষয়বস্তু সম্পর্কে জানার ও মতপ্রকাশ করার অধিকার তাদের (জনগণ) রয়েছে।”

শেখ হাসিনার সরকার দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না বলার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর তার সবগুলোই প্রকাশ করা হবে।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের মধ্যেই নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য চুক্তির বিষয়গুলো আগেই প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব।

সরকার তা মেনে তা প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি; যদিও সম্ভাব্য ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা এখনও চলছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যখন সই হবে তখনই তা প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের সফরে আগামী ৭ এপ্রিল নয়া দিল্লি যাচ্ছেন। সফরের দ্বিতীয় দিন দ্বিপক্ষীয় বৈঠকে চুক্তিগুলো সই হবে।

সরকারকে হুঁশিয়ার করে ফখরুল বলেন, “জনগণকে পাশ কাটিয়ে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জনস্বার্থ ও রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি অথবা সমঝোতা স্মারক জনগণ মেনে নেবে না।”

টিপাইমুখ বাঁধ নির্মাণ না করতে একসময় ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এবার সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে তেমন কোনো উদ্যোগ নেওয়া হবে কি না- সাংবাদিকদের প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, “যেহেতু আমরা কিছুই জানি না, তিনি কীভাবে এই চিঠি লিখবেন? আমরা সেজন্যই জানতে চাই-কী ধরনের, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে।”

২০১৫ সালে নরেন্দ্র মোদীর সফরের সময়ে যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছিল, তা থেকে ‘বাংলাদেশ কি পেল বা দিল, তা দেশবাসীর কাছে আজও স্পষ্ট নয়’ বলে মন্তব্য করেন ফখরুল।

সরকার না জানালেও গণমাধ্যমসূত্রে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সম্পর্কে ধারণা পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “ভারতের সদ্য সাবেক প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের সাম্প্রতিক বাংলাদেশ সফর, ভারতীয় সেনা প্রধানের ঢাকা সফর এবং ভারতীয় পররাষ্ট্র সচিব জয়শঙ্করের ঢাকা সফরের কারণে প্রতিরক্ষা চুক্তির সইয়ের ধারণাটি জনমনে আরও ঘনীভুত হয়েছে।

“এই চুক্তি বা সমঝোতা স্মারকে কী আছে বা কী থাকছে, তা আদৌও স্বচ্ছ নয়। জনগণ এই চুক্তি বা সমঝোতা সম্পর্কে একেবারেই অন্ধকারে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক ব্রিফিং হয়নি। অনির্বাচিত জাতীয় সংসদেও এসব চুক্তি বা সমঝোতা স্মারকের বিষয়ে কোনো আলোচনা হয়নি। প্রতিরক্ষার মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে।”

প্রতিরক্ষার মতো বিষয়ে চুক্তি সইয়ের আগে প্রধান রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শের রেওয়াজের কথা উল্লেখ করে সাবেক প্রতিমন্ত্রী ফখরুল বলেন, “এই রেওয়াজ ভারতেও রয়েছে। অথচ বাংলাদেশ সরকার এখন পর্যন্ত বিষয়ে জনগণকে কিছুই জানায়নি।”

‘ঋণ দিয়ে অস্ত্র বেচবে ভারত’

সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় ভারত বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে চাইছে বলে ধারণা পাওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “প্রতিরক্ষার নামে ভারত বাংলাদেশের সঙ্গে ৫০ কোটি ডলার বা চার হাজার কোটি টাকার ঋণ চুক্তি করবে বলে ভারতীয় ও বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ঋণ দিয়ে বাংলাদেশকে ভারত থেকে অস্ত্র কিনতে হবে।”

প্রতিরক্ষা বাহিনীর জন্য ভারতীয় অস্ত্র কেনা লাভজনক হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব।

“স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে ১৯৫০ সালের পর অস্ত্র আমদানিতে এক নম্বরে আছে ভারত। যে দেশ নিজেই অস্ত্র আমদানিতে এক নম্বরে যে দেশের কাছ থেকে কেনো অস্ত্র কিনতে যাবে? সাশ্রয়ী ও আধুনিক চীনা অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত আমাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য ভারতের প্রস্তুতকৃত অধিক দামের অস্ত্র ক্রয় কতটুকু যৌক্তিক, তা নিশ্চয়ই প্রশ্নের দাবি রাখে।”

অস্ত্র প্রস্তুতকারী নতুন দেশ হিসেবে ভারত বাংলাদেশকে সমরাস্ত্র বিক্রির ‘ক্যাপ্টিভ মার্কেট’ হিসেবে পেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়

বাংলাদেশের তিন দিক বেষ্টন করে রাখা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় এই মুহূর্তে প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন কী, তা নিয়েও প্রশ্ন তোলেন ফখরুল।

বদলে তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা বন্ধসহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে গুরুত্ব দিতে সরকারকে পরামর্শ দেন তিনি।

ফখরুল বলেন, বাংলাদেশে থেকে ভারতের নাগরিকরা বছরে প্রায় ৪০০ কোটি ডলার আয় করে নিয়ে যাচ্ছে এবং ‘সেভেন সিস্টার্স’ শান্ত রাখতে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা দিয়েছে।

“একজন ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকের মতে, এখন ভারতের উদার হওয়া উচিত, এখন সময় দেনা পরিশোধের,” বলেন তিনি।

বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে ভারত আন্তরিকভাবে এগিয়ে এলে তাদের প্রতি এদেশের মানুষের আস্থায় যে ঘাটতি রয়েছে, তা দূর হবে বলে মনে করেন ফখরুল।

“এজন্য আলাদা করে কোনো প্রতিরক্ষা বা সমঝোতা স্মারকের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। লিখিত প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতার প্রশ্ন তখনই উঠে, যখন পারস্পরিক বিশ্বাস ও আস্থায় ঘাটতি থাকে।”

ভারতের সঙ্গে সম্পর্ক

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতবিরোধী বলে পরিচিত বিএনপির মহাসচিব ফখরুল বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে তার দল সুসম্পর্ক চায়, তবে তা দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে।

“আমরা ভারতের সাথে সব সময়েই সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক চাই, কিন্তু কোনোভাবেই আমাদের সার্বভৗমত্বকে খাটো করে নয়। বিএনপি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ়, বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক আস্থাশীল দেখতে চায়।”

অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা, জনগণের মধ্যকার সম্পর্ক সুসংহত করাই দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিৎ বলে মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, “আমরা কখনোই বাংলাদেশের ভুখণ্ডে ভারত বিরোধী কর্মকাণ্ডকে জায়গা দেব না। একই সঙ্গে প্রত্যাশা করি, ভারতও আমাদের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকবে।”

‘গণহারে গ্রেপ্তারের’ নিন্দা

বিরোধী নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে তার নিন্দা জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “গত কয়েকদিন ধরে আমাদের কার্যালয়ের সামনে পুলিশের গোয়েন্দা বাহিনী অবস্থান নিয়ে আমাদের ছাত্র-যুবকর্মীদের গ্রেপ্তার করছে। সারাদেশে এ্খন এই গ্রেপ্তার চলছে।

“আজকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গুলশান থানা যুবদলের ৪ কর্মী মো. হাসান, মো. লিটন, ইব্রাহিম খলিল ও রিপনকে গ্রেপ্তার করেছে। আমরা এসব গ্রেপ্তারের নিন্দা ও এসব বন্ধের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর