বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার লক্ষ্য ১৫৬

news-image

স্পোর্টস ডেস্ক : কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১৫৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ১৫৫/৬।

জুটির ফিফটির পর ফিরলেন মাহমুদউল্লাহ: নিজের কোটার শেষ ওভারের প্রথম বলেই ৫৭ রানের ষষ্ঠ জুটি ভাঙেন মালিঙ্গা। লঙ্কান পেসারের বলে বোল্ড হওয়া মাহমুদউল্লাহ ২৬ বলে ৩ চারে করেন ৩১ রান।

বাংলাদেশের একশ পার: ১৪ ওভারে বাংলাদেশের রান একশ পেরিয়েছে। কিন্তু তার আগেই ফিরে গেছেন পাঁচ ব্যাটসম্যান।

পারলেন না সাকিবও: দলের বিপদের সময় হাল ধরতে পারলেন না সাকিব আল হাসানও। সিকুগে প্রসন্নর অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্টে গুনারত্নেকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান। ১৫ বলে ১১ করেন সাকিব। একটা সময় ১ উইকেটে ৫৭ থেকে বাংলাদেশ তখন ৫ উইকেটে ৮২। ২৫ রানেই নেন ৪ উইকেট!

আরেকবার ব্যর্থ মুশফিক: ওয়ানডে সিরিজটা ভালো কাটেনি। দুই ইনিংসে ব্যাটিং পেয়ে রান করেছেন মাত্র ১। প্রথম টি-টোয়েন্টিতেও মুশফিকুর রহিমের ব্যাট ছুঁল না দুই অঙ্ক। আউটও হলেন বাজেভাবে। আসেলা গুনারত্নের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড। ৯ বলে ৮ রান করেন মুশফিক। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ৭০।

জোড়া ধাক্কা: ওভারের প্রথম বলে রানআউট হয়ে ফিরে গেছেন সঙ্গী সাব্বির রহমান। সৌম্য সরকার বিকুম সঞ্জয়ার পরের তিনটি বল দিলেন ডট। লঙ্কান পেসার পঞ্চম বলটি করলেন স্লোয়ার। সৌম্য ছক্কা হাঁকাতে গিয়ে বল তুলে দিলেন আকাশে। ক্যাচ নিতে কোনো ভুল হলো না থিসারা পেরেরার। ২০ বলে ৪ চার ও এক ছক্কায় শেষ হয় সৌম্যর ২৯ রানের ছোট্ট ঝোড়ো ইনিংসটি। একই ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫৮।

রানআউটের বলি সাব্বির: বেশ ভালোই জমে উঠেছিল সৌম্য সরকার ও সাব্বির রহমানের দ্বিতীয় উইকেট জুটিটা। কিন্তু সাব্বিরের রানআউটে শেষ হয় ৫৭ রানের জুটিটা। স্বাগতিক পেসার বিকুম সঞ্জয়ার অফ স্টামের বল কাভারে ঠেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন সাব্বির। কিন্তু সরাসরি থ্রোয়ে বোলার প্রান্তের স্টাম্প ভেঙে দেন সিকুগে প্রসন্ন, রানআউট। ১৪ বলে ২ চারে সাব্বির করেন ১৬।

সৌম্য-সাব্বির জুটির ফিফটি: ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান তামিম ইকবাল। তবে দ্বিতীয় উইকেটে সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার বোলারদের ওপর পাল্টা আক্রমণ শুরু করেন আরেক ওপেনার সৌম্য সরকার। দারুণ সব শট খেলে দুজন পূর্ণ করেন জুটির পঞ্চাশ। ৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫৭। তখন সৌম্য ১৬ বলে ২৯ ও সাব্বির ১৩ বলে ১৬ রানে ব্যাট করছিলেন।

তামিমকে হারিয়ে শুরু: ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলেই তামিম ইকবালের উইকেট হারিয়েছে সফরকারীরা। শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার বলটি সুইং করে ঢুকেছিল ভেতরে। বল তামিমের ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে লেগে আঘাত করে লেগ আর মিডল স্টাম্পে। তামিম মেরেছেন ডাক। বাংলাদেশের রানও তখন শূন্য!

কমছে না ওভার: বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শুরু হয়েছে ম্যাচ। তাতে অবশ্য কমেনি কোনো ওভার। খেলা হবে পুরো।

শুরুর আগেই বৃষ্টির বাগড়া: টসের পর তখন দুই দলের জাতীয় সঙ্গীত চলছিল। এমন সময়ে আর প্রেমাদাসা স্টেডিয়ামে হানা দিল বৃষ্টি। জাতীয় সঙ্গীত শেষ করেই ক্রিকেটাররা ছুটে গেলেন ড্রেসিংরুমে। এমন বৃষ্টিতে স্বাভাবিকভাবেই নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু করা যায়নি।

সাইফউদ্দিনের অভিষেক: টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে দেশ থেকে শ্রীলঙ্কায় উড়ে গেছেন। আজ প্রথম টি-টোয়েন্টিতে অভিষেকও হয়ে গেল মোহাম্মদ সাইফউদ্দিনের। ২০ বছর বয়সি এই পেস বোলিং অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হলো আজ।

মাশরাফির শেষ সিরিজ: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শেষে এই ফরম্যাট থেকে অবসর নেবেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচের টসের সময় মাশরাফি নিজেই দিয়েছেন এই ঘোষণা।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, দিলশান মুনাবীরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও বিকুম সঞ্জয়া।

মিরপুর ফিরবে কলম্বোয়?: শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে পাঁচটি টি-টোয়েন্টি খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের একমাত্র জয়টি দুই দলের সর্বশেষ দেখায়। ২০১৬ সালে মিরপুরে এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। মিরপুরের সেই জয় কলম্বোতেও টেনে নিতে পারবেন মাশরাফি-সাকিবরা?