আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী সাড়াঁশি অভিযান
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় পুলিশ প্রশাসনের মাদক বিরোধী আকস্মিক বিশেষ অভিযানে দিশেহারা হয়ে পড়েছে মাদক কারকারী ও মাদকসেবীরা। গত দুই সপ্তাহের ব্যবধানে পুলিশের সাঁড়াশি অভিযানে প্রায় একশ সন্দেহভাজন মাদককারবারী, মাদকসেবী ও সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এছাড়া কয়েক মাসের ব্যবধানে কথিত বন্দুকযুদ্ধে ৩ মাদককারবারী নিহত হওয়ার বিষয়টি মাদক ব্যবসায়ীদের মধ্যে ভিতির সৃষ্টি করেছে। জানা যায়, গত ১৭ মার্চ আখাউড়া কৌড়াতলী গ্রামের মোঃ মরহম আলীর পুত্র চিহ্নিত মাদককারবারী দেলোয়ার হোসেন দেলু (৩২) বন্দুকযুদ্ধে নিহত হয়। কসবার সৈয়দাবাদ এলাকায় তার লাশ পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তবে দেলুর পরিবারের পক্ষ থেকে দাবী করা পুলিশ তাকে ধরে নিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে। এদিকে গত বছরের ২৩ আগষ্ট কসবার গোপীনাথপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিজ উদ্দিন বন্দুক যুদ্ধে নিতহ হয়। মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। যদিও পরিবারের দাবী এটি হত্যাকান্ড। সর্বশেষ গত ২৬ মার্চ ভোরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ভাতশালা স্টেশন কথিত বন্দুকযুদ্ধে কাউছার ভূইয়া (৩০) নামে এক যুবক নিহত হয়। কাউছার ব্রাক্ষণবাড়িয়ার কান্দিপাড়ার মোঃ আব্দুল রাজ্জাক ভূইয়ার পুত্র। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। সম্প্রতি পৌরশহরের এক সন্দেহভাজন মাদককারবারী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে বন্দুকযুদ্ধের শিকার হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। তবে নিশ্চিত হওয়া যায়নি। এসব ‘বন্দুকযুদ্ধ’ এবং পুলিশের আকস্মিক মাদক বিরোধী অভিযানের কারণে মাদককারবারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার এড়াতে উপজেলার প্রায় অর্ধশত সন্দেহভাজন মাদককারবারী গা ঢাকা দেয়। এদের মধ্যে কেউ কেউ পাড়ি জমিয়েছে বিদেশে। কেউ কেউ প্রাণভয়ে সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে চলে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কমে গেছে উপজেলার চিহ্নিত কিছু এলাকায় মাদক সেবীদের আনাগোনা। পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছে সচেতন মহল। স্বস্তি নেমে এসেছে অভিভাবকদের মাঝে। খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ৭/৮টি গ্রামে মাদকচোরাকারবারীরা দীর্ঘ দিন ধরে দাপটের সাথে মাদক ব্যবসা করে আসছে। উপজেলার উত্তর, দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী ৭/৮টি গ্রামে অর্ধশত মাদকের আস্তানা গড়ে উঠেছে। এসব আস্তানায় প্রকাশ্যে চলতো ইয়াবা, ফেন্সিডিল, মদ-গাজাসহ নানা মাদকদ্রব্য বেচাকেনা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এসব স্পটে এসে মাদক সেবন করতো। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় চলে এসব মাদকের ব্যবসা। কয়েকজন জনপ্রতিনিধির বিরুদ্ধেও মাদক ব্যবসায় মদদ দেয়ার অভিযোগ আছে। সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় সীমান্তবর্তী আখাউড়াকে মাদকের নিরাপদ ট্রানজিট হিসাবে ব্যবহার করতো মাদককারবারীরা। আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, মাদক ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট তাদের নামের তালিকা আমাদের হাতে আছে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাদকের আস্তানা গুড়িয়ে দেয়া হবে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান বলেন, মাদক সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ব্যবসায়ীদের আর রেহাই করা হবে না। তিনি মাদক ব্যবসায়ীদেরকে আত্মসর্মন করার আহবান জানান।











