বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিলখানা হত্যার আপিল শুনানি চলছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও কারাবন্দি আসামিদের করা সব ফৌজদারি আপিলের ওপর হাইকোর্টের শুনানি চলছে।
রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আইনি যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে, পিলখানা হত্যা মামলায় ১৫২ জন আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর শুনানি ২ এপ্রিল পর্যন্ত মূলতবি করেন হাইকোর্ট।
আজ হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার আইনি যুক্তি উপস্থাপন করবেন। গত ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে এ দিন ধার্য করা হয়।
সর্বাধিক আসামির মৃত্যদণ্ড ঘোষণা করে দেয়া রায়ের মামলায় ইতোমধ্যে ৩৫৯ কার্যদিবসের আপিল শুনানিও শেষ হয়েছে। আজ ৩৬০ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীতে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে (পিলখানা) সংঘটিত ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এরপর ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়।
এরমধ্যে হত্যা মামলায় অভিযোগপত্র দাখিলের পর রাজধানীর লালবাগের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচার করা হয়। বিচার শেষে গত বছরের ৫ নভেম্বর হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান। মামলার আসামি ছিলেন ৮৪৬ জন।
এ মামলায় বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু (কারাগারে মৃত্যু) ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় আরও ২৫৬ জনকে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৭ জন।
পরে নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে কারাবন্দি ১৩৮ জন ফাঁসির আসামিসহ অন্যান্য আসামি হাইকোর্টে আপিল করেন। একইসঙ্গে নিম্ন আদালত থেকে ফাঁসির দণ্ড অনুমোদনের জন্য পাঠানো হয়েছে ডেথ রেফারেন্স।
এছাড়া খালাসপ্রাপ্তদের মধ্যে ৬৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। এখন এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি চলছে। ২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে এ শুনানি শুরু হয়। গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ৩৫৯ কার্যদিবস শুনানি হয়েছে।

এ জাতীয় আরও খবর