রাজশাহীতে সমাহিত ‘ভোগ’ মডেল রাউধা
নিজস্ব প্রতিবেদক :রাজশাহীতে পড়তে এসেছিলেন মালদ্বীপের ‘নীল নয়না’ খ্যাত মডেল রাউধা আতিফ। তারপর আর দেশে ফেরা হলো না। মৃত্যুর পর তাঁকে রাজশাহীর মাটিতেই দাফন করা হলো। আজ শনিবার দুপুর ২টায় নগরীর হেতেম খাঁ কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
জোহরের নামাজের পর কবরস্থানসংলগ্ন রওজাতুস সালেহীন জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে তাঁর পরিবারের সদস্য, সহপাঠী ও স্থানীয় লোকজন অংশ নেন।
জানাজার আগে শনিবার দুপুর ২টার দিকে নগরীর হেতেম খাঁ কবরস্থানে রাউধা আতিফের মরদেহ সমাহিত করা হয়। জোহরের নামাজের পর কবরস্থানসংলগ্ন রওজাতুস সালেহীন জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে তাঁর পরিবারের সদস্য, সহপাঠী ও স্থানীয় লোকজন অংশ নেন।
জানাজার আগে দুপুর ১টার দিকে রাজশাহীর পর্যটন মোটেল থেকে মালদ্বীপের রাষ্ট্রদূত আইশাদ শান শাকির ও কমনওয়েলথের সেকেন্ড সেক্রেটারি ইসমাইল মুফিদ কবরস্থানে আসেন। এরপর দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি গাড়িতে করে রাউধার মা, বাবা ও ভাইসহ আট-নয়জন নিকটাত্মীয়কে সেখানে আনা হয়। জানাজার আগে কবরস্থানের ভেতর একটি ঘরে রাউধা আতিফকে শেষবারের মতো গোসল করানো হয়। দাফনের সময় রাউধা আতিফের মা আমিনাথ মুহারমিমাথ কবরস্থানের ভেতর অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে চলে যান।
রওজাতুস সালেহীন মসজিদের ভেতর শেষবারের মতো সহপাঠী ও পরিবারের সদস্যদের রাউধার লাশ দেখানো হয়। এ সময় রাউধার মা আমিনাথ মুহারমিমাথ মেয়ের সহপাঠীদের সঙ্গে কথা বলেন। তবে তাঁরা কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেননি।
লাশ দাফনের সময় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বোয়ালিয়া, রাজপাড়া ও শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিপুলসংখ্যক পুলিশ সেখানে উপস্থিত ছিলেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রাউধার লাশের দাফন সম্পন্ন হয়।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাউধার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাউধার বাড়ি মালদ্বীপের মালেতে। তাঁর বাবা মোহাম্মদ আতিফ পেশায় একজন চিকিৎসক।
২০১৬ সালের অক্টোবরে বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ নবম প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যায় এশিয়ার বিভিন্ন দেশের মডেলদের নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। ‘বৈচিত্র্যের সৌন্দর্য উদযাপন’ (সেলিব্রেটিং বিউটি ইন ডাইভার্সিটি) শিরোনামের ওই প্রতিবেদনে স্থান পেয়েছিলেন মালদ্বীপের নীল নয়না এই মডেল। উঠতি মডেল হিসেবে মাত্র ২০ বছর বয়সী রাউধার ছিল আন্তর্জাতিক খ্যাতি।
রাউধার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে রাখা হয়েছিল। এরপর ওই দিনই নগরীর শাহ মখদুম থানায় একটি অপমৃত্যুর মামলা করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে লাশের ময়নাতদন্ত করা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পরিবারের জন্য অপেক্ষা করা হচ্ছিল।
পরে বৃহস্পতিবার রাজশাহী আসেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূতসহ পরিবারের সদস্যরা। তাঁরা লাশের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেন। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে রাউধার লাশের ময়নাতদন্ত করা হয়। এর আগে লাশের ময়নাতদন্ত করতে রামেকের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট টিম গঠন করা হয়।
ময়নাতদন্তের পর লাশ দেশে নিয়ে যাওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়েন পরিবারের সদস্যরা। ফলে ময়নাতদন্তের পরও লাশ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয় রাউধার লাশ। এরপর শনিবার সকালে পরিবারের সদস্যরা রাজশাহীতেই রাউধাকে দাফনের সিদ্ধান্ত নেন।
নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, রাউধার লাশ রাজশাহীতে দাফনের জন্য মালদ্বীপের দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। মন্ত্রণালয় সে আবেদন মঞ্জুর করে। এরপর লাশ দাফনের জন্য পুলিশকে অনুমতি দেওয়া হয়।
এদিকে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া মডেল রাউধা কেন আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। তবে পুলিশের একটি সূত্র বলছে, বাবা-মায়ের দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। রাউধার বাবা থাকেন ভারতে। আর মা থাকেন মালদ্বীপে। তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এ জন্য লাশ দেশে নিয়ে যাওয়া নিয়েও তৈরি হয়েছিল জটিলতা।











