বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণভিক্ষা চাইলেন মুফতি হান্নানের সহযোগী রিপন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন ওরফে রিপন। সোমবার আনুষ্ঠানিকভাবে সে এ আবেদন করে। সে বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বিষয়টি নিশ্চিত করে ছগির মিয়া জানান, আবেদনে রিপন উল্লেখ করেছে, সে কোনোভাবেই ওই হামলার ঘটনার সঙ্গে জড়িত না।

এর আগে, গত বুধবার মুফতি হান্নান ও বিপুলকে কাশিমপুর কারাগারে ও দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কারাগারে রিভিউ খারিজের ৫ পৃষ্ঠার রায়টি পড়ে শোনানো হয়। তখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা জানতে চাওয়া হলে রিপন জানান, তিনি আইনজীবী ও পরিবারের সাথে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। পরদিন বৃহস্পতিবার তিনি মৌখিকভাবে প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্তের কথা জানান।

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর দুই আসামি হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছে। তারা ইতোমধ্যেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। ফেরার পথে ফটকের কাছে গ্রেনেড হামলায় আনোয়ার চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হন, নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন।

এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল জঙ্গিনেতা মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গত বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এরপর তারা উচ্চ আদালতে আপিল করেন। শুনানি শেষে গত ৭ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে তাদের আপিল খারিজ হয়ে যায়। গত ১৭ জানুয়ারি রায় প্রকাশের পর আসামিরা ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। ১৯ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদণ্ডদেশ বহাল রেখে রিভিউ খারিজ করেন।

এ জাতীয় আরও খবর