বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযান চলছে, সরানো হচ্ছে বাসিন্দাদের

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চলছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার একটু পরই সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সেনাবাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা এ কথা জানান।

বেলা সোয়া ১১টার দিকে দায়িত্ব পালনরত পুলিশের এক কর্মকর্তা জানান, সেনাবাহিনীর কমান্ডো দল ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহল নামে ওই বাড়িটির বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন । আতিয়া মহল ও তার পাশের আতিয়া মহল ২ নামে আরেকটি ভবনের মাঝখানে ফায়ার সার্ভিসের মই দিয়ে সেতু তৈরি করা হয়েছে। এই পথে সেনাবাহিনীর সহায়তায় বাসিন্দাদের সরানো হচ্ছে। তবে বৃষ্টির কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ফায়ার সার্ভিস বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাড়ির ভেতরে ঢুকেছে।

শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরু করার প্রস্তুতি। বাড়ির প্রবেশপথে সেনাবাহিনীর অবস্থান। ছবি: আনিস মাহমুদ

সকাল ১০টা ৫ মিনিটের দিকে পরপর দুটি গুলির শব্দ শোনা গেছে। এরপর আর কোনো শব্দ শোনা যায়নি। এলাকার বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর আর্মি ইনটেলিজেন্সের কর্মকর্তা সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে সাংবাদিকদের জানান, ‘অপারেশন টোয়াইলাইট’ নামে এই অভিযান সেনাবাহিনীর নেতৃত্বে হচ্ছে। পুলিশ ও সোয়াট সহায়তা করছে। সেনাবাহিনীর কমান্ডোরা মূল অভিযান চালাচ্ছেন। ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।

অভিযান শুরুর পরেই ওই এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় ওই এলাকা কিছুটা অন্ধকার হয়ে যায়। সে সময় সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে সন্দেহজনক জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ ঢোকার জন্য আশপাশের বাড়িতে টর্চলাইট খুঁজতে দেখা যায়।

অভিযানের আগে ‘জঙ্গি আস্তানার’ প্রবেশপথে সেনাবাহিনীর সাঁজোয়া যান। ছবি: গোলাম মর্তুজা

সকাল আটটার দিকে ঘটনাস্থলে অভিযানের প্রস্তুতি শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ফোর্স। সকাল নয়টার দিকে জানা যায়, তারা সেখানে অভিযান চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের সাঁজোয়া যান ও কয়েকটি অ্যাম্বুলেন্স রয়েছে।

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় চালানো অভিযানেও অংশ নিয়েছিল সিলেটের জালালাবাদ থেকে যাওয়া সেনাবাহিনীর কমান্ডো দল।

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানার প্রবেশপথে রাখা দুটি গাড়ি। ছবিটি আজ শনিবার অভিযান চলাকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

জঙ্গিরা অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচতলা বাড়িটি ঘেরাও করে পুলিশ। গতকাল শুক্রবার দিনভর বারবার মাইকে আহ্বান জানিয়েও ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করাতে পারেনি পুলিশ। উল্টো ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। অভিযান চালাতে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের একটি দল গতকাল বিকেলে সিলেটে পৌঁছায়। রাতভর বাড়িটি ঘিরে রাখা হয়। গতকাল সন্ধ্যার পর সেনাবাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে যায়।

সেনা ও পুলিশের অবস্থান। অভিযানের প্রস্তুতির সময় ছবিটি তোলা। ছবি: আনিস মাহমুদপুলিশের ধারণা, আতিয়া মহল নামের বাড়িটির নিচতলার একটি ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে। ভেতরে একজন নারী থাকার কথা নিশ্চিত হলেও মোট কতজন আছে, সেটা জানা যায়নি। পুলিশের ধারণা, ভেতরে নব্য জেএমবির গুরুত্বপূর্ণ নেতা মাইনুল ওরফে মুসা রয়েছেন।

আতিয়া মহল নামের পাঁচতলা ওই বাড়িতে মোট ২৯টি ফ্ল্যাট রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু