,

হাসান নাম হওয়ায় সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাকেই নিউ ইয়র্কে আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :অতগুলো বছর কাটিয়েছেন আমেরিকায়। মার্কিনমুলুকে পুলিশকর্তার দায়িত্ব সামলেছেন বেশ কয়েক বছর ধরে। কিন্তু কেউই তার ধর্ম, জাতপাত নিয়ে কোনও প্রশ্ন তোলেননি। কোনো দিন। আইনরক্ষা করে গিয়েছেন মাথা উঁচু করে।

প্যারিস থেকে উড়ে এসে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পা ছোঁয়াতেই সেই অবসর নেয়া মার্কিন পুলিশ কর্মকর্তা বুঝে গেলেন, তার এত দিনের দেখা আমেরিকা একেবারেই বদলে গিয়েছে। তিনি পা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায়। যেখানে তিনি নর্থ ক্যারোলিনা পুলিশের সাবেক প্রধান নন। নন ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া পুলিশের উপ-প্রধানও। মার্কিন নন। নন কারো স্বামী, কারো বাবা, কারো ছেলে। তিনি একজন অভিবাসী। সেটাই তার সবচেয়ে বড় আইডেন্টিটি, পরিচয়! আরে যেহেতু তার নাম হাসান অ্যাডেন, তাই তিনি যত বছর ধরেই মার্কিন পুলিশবাহিনীতে চাকরি করুন না কেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকায় তিনি আপাদমস্তক সন্দেহভাজন! যার ওপর বছরের পর বছর ধরে আইনরক্ষার ভার ছেড়ে দিয়েছিল নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়া প্রদেশের প্রশাসন, নি‌উইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামার পর একটা ঘরে আটকে রেখে প্রায় দেড় ঘণ্টা ধরে সেই সাবেক মার্কিন পুলিশকর্তারই দেহতল্লাশি করা হল। তল্লাশির নামে তাকে চূড়ান্ত হেনস্থা করা হলো। প্রশ্নে প্রশ্নে জেরবার করে দেয়া হলো। খুঁটিয়ে খুঁটিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলো, প্রকাশ্যে, একগাদা লোকের সামনে।
দিন কয়েক আগে। স্ট্যাচু অফ লিবার্টির দেশে! নিউইয়র্কের বিমানবন্দরে সেই অভূতপূর্ব ঘটনাটা ঘটালেন আমেরিকার কাস্টমস ও বর্ডার প্রোটেকশন অফিসাররা। ৫২ বছর বয়সী অ্যাডেন দীর্ঘ জেরা-তল্লাশির পর অসুস্থ হয়ে পড়েন। পরে অবশ্য কাস্টমস ও বর্ডার প্রোটেকশন অফিসের পক্ষ থেকে এটিকে ‘ব্যতিক্রমী’ ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে।
মার্কিন পুলিশে দীর্ঘ দিন চাকরি করেছেন। স্বাভাবিকভাবেই কারো কাছে তার জন্ম-পরিচয় গোপন রাখা সম্ভব নয়। রাখেনওনি হাসান অ্যাডেন। চাকরিতে তার প্রোমোশনও হয়েছিল, যেমন হয়। ইতালীয় মা আর সোমালীয় বাবার সন্তান হাসানের জন্ম হয়েছিল ইতালিতে। তার বয়স যখন ১০ বছর, তখনই বাবা, মায়ের হাত ধরে চলে যান আমেরিকায়। সেখানেই স্কুল, কলেজ, চাকরি, বিয়ে, পারিবারিক জীবন, সন্তান প্রতিপালন- সব কিছু। জন্ম ইতালিতে হলেও সে দেশের নাগরিকত্ব রাখেননি। মার্কিন পাসপোর্ট বহু দিনের পুরনো। আর তা নিয়ে বহু বার গিয়েছেন এ দেশ, ও দেশে। ৪২ বছর ধরে মার্কিন নাগরিক হয়ে একের পর এক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার পর এই সে দিন তিনি মায়ের ৮০তম জন্মদিনে তার সঙ্গে থাকবেন বলে প্যারিস থেকে তড়িঘড়ি উড়ে এসে কেনেডি বিমানবন্দরে নেমে জানতে পারলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জমানায় তিনি আমেরিকায় অত্যন্ত সন্দেহভাজন। যেহেতু তার নামের গোড়ায় রয়েছে ‘হাসান’!
ক্ষোভ-অসন্তোষ চেপে রাখেননি হাসান অ্যাডেন। ফেসবুকে লিখেছেন, ‘‘এই অভিজ্ঞতা আমাকে খুব ভাবিয়ে তুলেছে। যে দেশটা সবাইকে নিয়ে চলার জন্য মহত্ব অর্জন করেছিল, যে-দেশটাকে আমার দেশ বলে আমি গর্ব করতাম, সেই দেশটার ভবিষ্যতে যে কী রয়েছে, বুঝতে পারছি না! উদ্বিগ্ন হয়ে পড়েছি। নিজেই নিজেকে প্রশ্ন করছি, দেশেই আছি তো? আছি কি নিজভূমেই? কে বলবে আমেরিকা স্বাধীন, মুক্তমনা, সাহসীদের দেশ!’’
ক্ষোভে ফুঁসছেন তিনি। ট্রাম্প জমানায় তাকেও ‘সন্ত্রাসবাদী’ ভাবা হচ্ছে, যেহেতু তার নামের গোড়ায় রয়েছে ‘হাসান’! ‘হাসান’ হওয়াটাই যেন এখন সবচেয়ে বড় অপরাধ হালের আমেরিকায়!
অ্যাডেন লিখেছেন ফেসবুকে, ‘‘অথচ দিনকাল এমন ছিল না কিছু দিন আগেও। নতুন প্রশাসন আসার আগে আমি মাঝে-মধ্যেই হোয়াইট হাউসে যেতাম, বিভিন্ন বৈঠকে অংশ নিতে। জাতীয় পুলিশনীতি সংস্কার নিয়ে আমি বহু পরামর্শ দিয়েছি তখনকার প্রশাসনকে। সেই আমাকেই যদি এমন ভাবে হেনস্থার শিকার হতে হয়, তা হলে অন্যদের অবস্থা কী হবে? এই রকম অবৈধ প্রশাসনিক কাজকর্মের হাত থেকে তো কেউই রেহাই পাবেন না! আমাকে বলা হয়েছিল, ওই প্রশ্নগুলো যদি আমি ঠিক ভাবে উত্তর দিতে পারি, তা হলে আমাকে দেশে ঢুকতে দেয়া হবে। ভাবুন, আমার নিজের দেশে আমাকে ওই ভাবে ঢুকতে হবে!’’
৪২ বছর আমেরিকায় থাকার পর হাসতে ভুলে গেছেন হাসান!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা