শততম টেস্টের বিজয়তরী ঘুরছে বাংলাদেশ সীমানায়
কলম্বোর পি সারা ওভাল টেস্টে মুস্তাফিজ ও সাকিব আল হাসানের বোলিং তোপে শততম টেস্টের বিজয়তরী ঘুরছে বাংলাদেশ সীমানায়। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৬৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই সুবাদে, ১২৯ রানের লিড পায় মুশফিক বাহিনী। জবাবে কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে (১৭ মার্চ, শুক্রবার) দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে লঙ্কানরা। এরপর শনিবার হাতে থাকা ওই রান নিয়ে চতুর্থদিনের মতো ব্যাট করে ৮ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। এই সুবাদে লঙ্কানদের লিড দাঁড়িয়েছে ১৩৯ রান। উইকেটে আছেন অধিনায়ক রাঙ্গানা হেরাথ এবং দিলরওয়ান পেরেরা।
বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩ টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এছাড়া একটি উইকেট নিয়েছেন মেহদি হাসান মিরাজ।
এদিন শুরুতে মাঠে নেমেই ওপেনার উপল থারাঙ্গাকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মাঠ ছাড়ার আগে মাত্র ১ রান সংগ্রহ করে ব্যাক্তিগত মোট ২৬ রান করেছেন তিনি।
থারাঙ্গা ফিরে গেলেও আরেক ওপেনার দিমুথ করুনারতেœ সেঞ্চুরি তুলে তবেই ফিরেছেন সাজঘরে। ফেরার আগে তিনি বেশ ভুগিয়েছেন মুস্তাফিজ-সাকিবদের। তবে, ২৪৪ বলে ১২৬ রান তোলার পর সাকিবের বলেই শেষ পর্যন্ত ধরাশায়ী হয়েছেন তিনি। ফাস্ট স্লিপে থাকা সৌম্যের হাতে ক্যাচ তুলে দিয়ে দীর্ঘসময় উইকেট খরায় ভোগা বাংলাদেশকে স্বস্তি এনে দেন করুনারতেœ।
৮ রানে এগিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে তৃতীয় ওভারে মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন কুশাল মেন্ডিসের উইকেটটি। এতে কিছুটা হলেও সেসময় স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। মেন্ডিস আউট হওয়ার আগে সংগ্রহ করেছেন ২টি চারের মারে ৩৬ রান।
এর আগে মুস্তাফিজের শিকার হয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান দিনেশ চান্দিমাল। মাঠ ছাড়ার আগে তিনি সংগ্রহ করেছেন ৫রান। মুস্তাফিজের পর লঙ্কান শিবিরে আঘাত হানেন সাকিব। এলবিডাব্লিউ করে ফিরিয়ে দেন ৭ রান করা অসিলা গুনারতেœকে। এর কিছু পরেই স্কোরবোর্ডে আর মাত্র ১ রান যোগ করে সাজঘরের পথ ধরেন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি শিকার হন মুস্তাফিজের। কাটারমাস্টারের ডেলিভারিটি দুর্দান্ত ভঙ্গিতে তালু বন্দি করেন দলপতি মুশফিক।
এরপর ৫ রান করা নিরোশান দিকবালাকের উইকেটি তুলে নেন সাকিব।
এর আগে ম্যাচের তৃতীয় দিনে ইনিংসের শেষ উইকেট হিসেবে অভিষেক টেস্টে ৭৫ রান করে হেরাথের বলে স্ট্যাম্পিং হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগে শততম টেস্টে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে ইতিহাসের অংশ হয়েছেন বাংলাদেশের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। আর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য সরকার ও দলপতি মুশফিক। তবে ৪৯ রানে আউট হওয়াতে ১ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তামিম ইকবালকে।
বুধবার (১৫ মার্চ) কলম্বোর পি সারা ওভালে টসে জিতে চলমান টেস্টে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে। দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতেই (১৩৮) সফরকারীদের বিপক্ষে এই সংগ্রহ দাঁড় করায় তারা।











