বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে চুক্তির প্রস্তাব নাকচ করল ফেসবুক কর্তৃপক্ষ

news-image

ফেসবুকের সঙ্গে একটি সমঝোতায় স্বাক্ষর করতে চেয়েছিল বাংলাদেশ পুলিশ। তবে পুলিশের সে আহ্বানে সাড়া দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন পুলিশ প্রধান একেএম শহিদুল হক।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ফেসবুকের মাধ্যমে জঙ্গিবাদের বিস্তার ঠেকানো এবং ‘ধর্মীয় উস্কানি’ বন্ধ করতে তারা একটি চুক্তি করতে চেয়েছিলেন। তবে সেটা না হলেও যে কোনো বিষয়ে পুলিশ এখন দ্রুত ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
প্রশ্ন উঠেছে, ফেসবুকের মাধ্যেমে জঙ্গিবাদ এবং অন্যান্য অপরাধ তৎপরতা ঠেকানো বাংলাদেশের পুলিশের জন্য কতটা বড় চ্যালেঞ্জ?
পুলিশ প্রধান বলেন, ‘আমরা চেয়েছিলাম তাদের (ফেসবুক) সঙ্গে এমওইউ (সমঝোতা স্মারক) করতে। কিন্তু তাদের নীতিমালা অনুযায়ী, তারা কোনো দেশের সঙ্গে এমওইউ করে না। তারা এমওইউ করতে সম্মত হয়নি। তবে তারা বলছে, একটা ফোকাল পয়েন্ট নিয়োগ করুন। আপনাদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ হবে।’
বাংলাদেশ ও এশিয়ার ১৪টি দেশের পুলিশের শীর্ষস্থানীয় কর্তাদের নিয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন শেষে এসব তথ্য জানান পুলিশ প্রধান। এই সম্মেলনে ইন্টারপোলের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবি আই এবং ফেসবুক প্রতিনিধিও যোগ দিয়েছিলেন।
বাংলাদেশের পুলিশ ফেসবুকের কাছে প্রস্তাব দিয়েছিল, যাতে কোনো বাংলাদেশি অ্যাকাউন্ট খুলতে গেলে ফেসবুকে তাদের জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নম্বর দেওয়ার বিধান চালু করা হয়। কিন্তু এ বিষয়ে সরাসরি কোনও উত্তর দেয়নি ফেসবুক।
পুলিশ প্রধান জানিয়েছেন, ‘আমরা তাদের প্রস্তাব দিয়েছি। তারা বলেছেন, এ প্রস্তাব বিবেচনা করে দেখবেন।’
পুলিশ মনে করছে ফেসবুকের মাধ্যমে জঙ্গিবাদ এবং ‘ধর্মীয় উস্কানি’ বন্ধের জন্য ইন্টারনেট-ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আরও বেশি নজর দিতে হবে।
বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ব্যবহার করে অপরাধ তৎপরতাও বাড়ছে।
পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাদের আটক করা হয়েছে তাদের বেশিরভাগ ইন্টারনেট এবং ফেসবুকের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের অধ্যাপক জিয়া রহমান মনে করেন, ফেসবুক কর্তৃপক্ষের কাছে পুলিশ যে ধরনের সহযোগিতা চেয়েছে সেটি বেশ প্রয়োজনীয়। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে যেসব অপরাধ হচ্ছে সেগুলো মোকাবেলার জন্য পুলিশকে প্রস্তুত থাকতে হবে।
অধ্যাপক জিয়া রহমান বলেন, যারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত হচ্ছে, তাদের অনেকেই প্রযুক্তি ব্যবহারে বেশ দক্ষ। সেটির সঙ্গে তাল মেলাতে আইনশৃঙ্খলা বাহিনীকেও প্রযুক্তিতে দক্ষ হতে হবে।
ফেসবুকের মাধ্যেমে অপরাধ তৎপরতা ঠেকানোর বিষয়টিকে বাংলাদেশ সরকার যে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, সেটি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বোঝা যায়।
কয়েকদিন আগেই ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংসদে জানিয়েছেন, ফেসবুকে ধর্মের নামে প্রতারণা বন্ধে গত দেড় বছরে ১৯৬টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে সরকার অনুরোধ করেছিল। এর মধ্যে ৮৭টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর