বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় বঙ্গবন্ধুর আনন্দঘন জন্মদিন পালিত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ২০১৭ উদযাপন উপলক্ষে কানাডায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে সাস্কাচুয়ান প্রদেশের রাজধানী রেজাইনাতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১২ মার্চ।

প্রেইরি অঞ্চলের সাস্কাচুয়ানে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত শিশুদের জন্য এ দিনটি ছিল আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার।

বিপুল সংখ্যক শিশু এবং অভিভাবকবৃন্দের উপস্থিতিতে শিশুদের সাথে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান।

এ সময় দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) সাখাওয়াত হোসেন, প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ, প্রথম সচিব (কন্সুলার) অপর্ণা পাল এবং প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা জাকির হোসেন ও কনসুলার সহকারী কর্মকর্তা কামাল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ-কানাডা এ্যাসোসিয়েশন অব রেজাইনা।

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে হাই কমিশনার মিজানুর রহমান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু। আমাদের জাতির পিতা। ​কিন্তু​ ভাবতেই কষ্ট হয়, জাতির পিতার হত্যাকারী এই কানাডাতেই আছে। তাকে দেশে ফেরত পাঠিয়ে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারি কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে।

সেই সাথে আপনারা, বাংলাদেশী প্রবাসীরা স্ব-স্ব এলাকায় কানাডার সংসদ সদস্যদদের প্রতি জোর দাবি তুলুন যেন তারা এ খুনীকে বাংলাদেশে ফেরত পাঠায়। শত শত গণস্বাক্ষর সংগ্রহ করে আপনাদের এমপিদের দিন, তাদের বাধ্য করুন তাদের পার্লামেন্টে এ বিষয়টি উত্থাপন করতে।

তিনি বলেন, ‍‘বঙ্গবন্ধুর খুনীর জন্য কানাডা সেফ হেভেন হতে পারে না।’ এ কথায় হলভর্তি উপস্থিত প্রবাসীরা হাই কমিশনারের প্রতি সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাস্কাচুয়ান প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরের সিনিয়র ইকনমিস্ট ড. ওসমানুর রহমান, প্রবীণ চিকিৎসক ডা. বি. দত্ত, ডা. আশীষ পাল, এবং ডা. জামান।

অনুষ্ঠান সঞ্চালন করেন মাসুদুল আবেদীন। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন শিল্পী পিনু সাত্তার ও শিশুদের দল।

‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজি​বরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি, আকাশে-বাতাসে ওঠে রণি …” এ গানের মন মাতানো কণ্ঠের সাথে সুর মিলিয়ে শিশুরা সমস্বরে প্রতিধ্বনিত করে ‘বাংলাদেশ, আমার বাংলাদেশ’।

এক ভিন্ন আমেজে সকলে স্মরণ করে জাতির পিতা, ইতিহাসের মহানায়ক, বঙ্গবন্ধুকে। গান পরিবেশন করেন হাই কমিশনের প্রথম সচিব সাখওয়াত হোসেন। কবি অন্নদা শঙ্কর রায়ের কালজয়ী কবিতা ‘বঙ্গবন্ধু’ আবৃত্তি করেন হাই কমিশনের প্রথম সচিব দেওয়ান মাহমুদ।

অনুষ্ঠান সমন্বয় করেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব অপর্ণা পাল এবং বাংলাদেশ-কানাডা এ্যাসোসিয়েশন অব রেজাইনা’র পরিচালনা কমিটির সদস্য সাইদ মুন্সী। এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ​ সার্বিক​ সহযোগিতা​​ প্রদান করেন।

এরপর ‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’ এবং ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু’ -এ দুইটি বিষয়ের উপর শিশুদের অঙ্কিত চিত্রকর্ম ঘুরে দেখেন বাংলাদেশের হাই কমিশনার, দূতাবাসের কর্মকর্তাগণ ও অতিথিবৃন্দ।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন পালনের সাথে সাথে রেজাইনাতে প্রথমবারের মতো তিন-দিনব্যাপী কনসুলার সেবা​ও​ প্রদান করছে বাংলাদেশ হাই কমিশন। এতে রেজাইনাপ্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক উ​ৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সার্বিকভাবে এ উদ্যোগের জন্য হাই-কমিশনের প্রতি সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশী কমিউনিটির সদস্যগণ। উল্লেখ্য, প্রটোকল এবং বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সাস্কাচুয়ান প্রাদেশিক সরকারের প্রিমিয়ার এবং উর্দ্ধতন নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান ও প্রথম সচিব (বাণিজ্যিক) দেওয়ান মাহমুদ।

গুরুত্বপূর্ণ এ বৈঠকসমূহেও বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে​ বাংলাদেশে​ ফেরত পাঠানোর বিষয়ে জোর দাবি উত্থাপন করেছেন বাংলাদেশের হাই কমিশনার।

এ জাতীয় আরও খবর