,

রায়ে আমার কিছুই হবে না : বদরুল

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটে বহুল আলোচিত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি শাবি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুল আলমকে দণ্ডবিধির ৩২৬ ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১১টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত টানা আধাঘণ্টা সময় ধরে সিলেটের মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা ৩০ পৃষ্ঠার দীর্ঘ রায় পড়ে শোনান। এসময় তিনি মামলার মোট ৩৭ সাক্ষীর মধ্যে ৩৪ জনই দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে সাক্ষ্য দিয়ে বিচারিককাজে সহয়তা করায় সাক্ষীদের ধন্যবাদ জানান।

এদিকে, আদালতে আলোচিত এই মামলার রায় শুনতে সকাল থেকে আদালত চত্বরে কয়েক শতাধিক সাধারণ মানুষ জড়ো হন। রায় ঘোষণার পর তারা সন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন।

আলোচিত এই ঘটনার পাঁচ মাস ৫ দিনের মাথায় বিচার কার্যক্রম শেষে আদালত থেকে এই রায় এলো। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় আসামি বদরুল উপস্থিত ছিলেন।

গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে খাদিজাকে উপুর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে সুনামগঞ্জের ছাতক উপজেলার মনিরজ্ঞাতি গ্রামের বাসিন্দা বখাটে বদরুল।

রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় চুপচাপ থাকলেও কারাগারে নেয়ার সময় আদালত চত্বরে বদরুল জয় বাংলা স্লোগান দেন। তিনি বলেন, এই রায়ে আমার কিছুই হবে।

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী সন্তোষ প্রকাশ করে বলেন, আর্ন্তজাতিক নারী দিবসে এ রায় নারীদের অধিকার ও সুরক্ষায় ভূমিকা রাখবে।

তবে আসামি বদরুলের আইনজীবী মো. সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, এই রায়ের মাধ্যমে আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা রায়ের নকল তোলার পরপরই উচ্চ আদালতে আপিল করবো।

মামলার বাদী খাদিজার চাচা আবদুল কুদ্দুস রায়ের সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ে আমরা খুশি। তিনি প্রধানমন্ত্রীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই রায় যেন উচ্চ আদালতে বহাল থাকে। রায় বহাল থাকলে নারীর সুরক্ষা নিশ্চিত হবে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রায়ের পর্যবেক্ষণে মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা বলেন, আসামি পক্ষ যুক্তিতর্ক শুনানিকালে দাবি করেছিল খাদিজার সঙ্গে আসামি বদরুলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সাক্ষ্যপ্রমাণে তারা প্রেমের বিষয়টি প্রমাণ করতে পারেননি। এছাড়া প্রেমে প্রত্যাখাত হলে এরকম নিষ্ঠুর, নির্মম ও নৃসংশভাবে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা কোনোভাবেই কাম্য হতে পারে না।

খাদিজার ওপর হামলার ভয়াবহতা বুঝাতে মামলার ৩৩ নম্বর সাক্ষী স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক রেজউস সাত্তারের সাক্ষ্যের ব্যাখা দিয়ে আদালত বলেন, আসামি খাদিজার শরীরের ১০টি স্থানে ধারালো অস্ত্র দিযে মারত্মক জখম করেছেন। এর মধ্যে তার মাথার ডান পাশের খুলির একটি অংশ ভাঙা পান চিকিৎসকরা। পরে তারা একাধিক অপারেশনের মাধ্যমে মাথার খুলির ওই অংশ প্রতিস্থাপন করেছেন।

আদালত রায়ে বলেন, এই ঘৃণিত অপরাধের জন্য দণ্ডবিধির ৩২৬ ধারায় আসামি বদরুলের সর্বোচ্চ সাজাই প্রাপ্য। তাই তাকে এই আইনে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো।

আদালত বলেন, মামলার অপর দুই ধারা ৩২৪ ও ৩০৭ ধারায় যেহেতু সাজার মেয়াদ কম তাই এই ধারাগুলোয় অপরাধ প্রমাণ হওয়ার পর তাকে আর সাজা দেয়ার প্রয়োজন নেই।

পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, আজ আর্ন্তজাতিক নারী দিবস। এই দিবসেই সবার সংকল্প করা উচিত নারীরাও সমাজের উন্নয়নে অর্ধেক ভূমিকা রাখছেন। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা সরকার, আইনশৃংখলাবাহিনীসহ সবার দায়িত্ব। যেভাবেই হোক নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীদের প্রতি তাদের প্রাপ্য সম্মান দেখাতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে