বাংলাদেশিদের ভিসা সহজ করতে আরব আমিরাতকে প্রধানমন্ত্রীর অনুরোধ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারে আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আল-শামসির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক এ ব্যাপারে সাংবাদিকদের জানান। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রেস সচিব ইহসানুল করিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধের জবাবে ইউএইর প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় তাঁর সংশ্লিষ্ট সহকর্মীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
পররাষ্ট্রসচিব বলেন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনে (আইওআরএ) সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তারা সংস্থাটির পরবর্তী চেয়ারম্যান হবে। ইউএইর মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ এ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। তখন দুটি দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে।
জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবু কিশিও একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। জাপানের প্রতিমন্ত্রী সন্ত্রাস দমনে বাংলাদেশের বলিষ্ঠ পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে জাপান একটি বড় প্রতিনিধিদল পাঠাবে।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংও একই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সফল হবে বলে আমরা আশা করছি।’
এসব সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব এম শহীদুল হক এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী আইওআরএ নেতাদের শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। তিনদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল বিকেলে দেশে ফেরার কথা রয়েছে।











