বিএনপিকে নির্বাচনে আসতেই হবে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে না আসলে অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই শেষ পর্যন্ত তাদেরকে নির্বাচনে আসতেই হবে।
প্রয়াত নেতা আব্দুল জলিলের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে সোমবার সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে সড়ক ও সেতুমন্ত্রী একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি আগামী নির্বাচনে না আসলে রাজনীতিতে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। মানি না মানবোনা এটি বিএনপির ভাঙ্গা রেকর্ড। এ রেকর্ড বাজিয়ে আর লাভ হবে না। শেষ পর্যন্ত তাদের নির্বাচনে আসতেই হবে।
তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ। এ কমিশনের অধীনে সকল নির্বাচনই স্বাধীন ও নিরপেক্ষ হবে। ইতোমধ্যেই কমিশনের সদস্যরা তা প্রমাণ করেছেন।
শহরের নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থাণীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপির সভাপতিত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য খাইরুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, আওয়ামী লীগ নেতা নির্মল কৃষ্ণ, শাকিল আহমেদ বাদল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম(তোতা), দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, অ্যাডভোকে খোদাদদ খান পিটু, অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, প্রয়াত নেতা আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জন, শাহনাজ মালেক, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার প্রমুখ বক্তব্য দেন।
এসময় জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারি, বিভিন্ন উপজেলা থেকে আসা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভার আগে শুরুতেই মন্ত্রী ওবায়দুল কাদের মরহুম আব্দুল জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন।











