সাত বছর পর ক্রিকেটে প্রাণ ফিরে পেল পাকিস্তান
দীর্ঘ সাত বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে পাকিস্তান। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটরস ও পেশোয়ার জালমির মধ্যকার ফাইনাল ম্যাচটি নিয়ে দেশটির ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটার্স এসোসিয়েশন (ফিকা) লাহোর ভ্রমণে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার কারণে আগেই দুই দলের অনেক তারকা খেলোয়াড় ফাইনাল ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন-বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইংল্যান্ডের কেভিন পিটারসেন, লুক রাইট, তায়মাল মিলস, নিউজিল্যান্ডের নাথান ম্যাককুলাম। তবে এক্কেবারে শেষ মুহূর্তে এসে ফাইনাল ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন দক্ষিণ আফ্রিকার রিলে রুশো।
এদিকে ম্যাচটি নির্বিগ্ন করতে নিরাপত্তায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে কয়েক স্তরের নিরাপত্তা চাঁদরে ঢেকে ফেলা হয়েছে। ইতোমধ্যে পুরো এলাকায় দোকান, রেস্তোরা ও মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সতর্কাবস্থায় রাখা হয়েছে লাহোরের সব হাসপাতালকে। ক্রিকেট দলগুলো যেখানে থাকবে সেই হোটেলেও পাঁচ শয্যার বিশিষ্ট হাসপাতাল বানানো হচ্ছে। আর স্টেডিয়ামের কাছেই তৈরি করা হয়েছে ২০ শয্যার অস্থায়ী হাসপাতাল। পাকিস্তান সরকার লাহোর ম্যাচের নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করেছে।
কোয়েটা গ্লাডিয়েটরস ও পেশোয়ার জালমির মধ্যকার এ ম্যাচে কোয়েটার পাঁচ বিদেশি খেলোয়াড়ের কেউই থাকবেনা। তাদের পরিবর্তে দলে নতুন বিদেশি খেলোয়াড় হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এনামুল হক বিজয়, জিম্বাবুয়ের শন আরভিন, এল্টন চিগাম্বুরা এবং এছাড়া ওমর গুলের পরিবর্তে যুক্ত হচ্ছেন আজিজ ক্রেমা। থাকবেন রায়ান ডেন ডেসকাট নেদারল্যান্ডস, রিচার্ড লেভি, মর্নি ভ্যান উইক এবং রায়াদ এমেরিটাস (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের আসহার জায়দি, জশোয়া কব, জেড উইন্সটন ডার্নব্যাচ, আজহারুল্লাহ, ওয়েস্ট ইন্ডিজের- ক্রিসমার সান্টোকি, কেসরিক উইলিয়ামস।
উল্লেখ্য পেশোয়ারের মালিক গণমাধ্যমকে জানিয়েছেন তার দলের পাঁচ বিদেশি ম্যাচ খেলতে পাকিস্তানে যাবেন। এদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি এবং মারলন স্যামুয়েলস। তবে এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে তা হলো বিদেশিরা সেখানে খেললে বাড়তি ১০ হাজার ডলার পাবেন।
লাহোরের ফাইনাল নিয়ে অন্য সবার মতো চিন্তিত পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান। টুইটে লিখেছেন, ‘আল্লাহ আমাদের ক্ষমা করো যদি বাজে কিছু ঘটে যায়। সেটা হলে পরবর্তী কয়েক দশকের জন্য পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট হারিয়ে যাবে।’
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর হামলার ঘটনার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। যদিও ২০১৫ সালে জিম্বাবুয়ে সেখানে সফর করেছে। এর মধ্যে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ আরব আমিরাতকেই তাদের হোম ম্যাচের জন্য ভেন্যু হিসেবে বেছে নেয় এবং পিএসএলও সেখানেই হচ্ছিলো।
এবার আন্তর্জাতিক ক্রিকেট আবার পাকিস্তানে ফিরিয়ে আনার পদক্ষেপের অংশ হিসেবে পিএসএল-এর ফাইনাল লাহোরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।











