যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান আ.লীগের
নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’কে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে উল্লেখ করা হয়।
তারই প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর যে প্রতিবেদন দিয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। বরং যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বহুগুণে ভালো। আমরা বলব- বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা না বলে নিজ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করুন।’
দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকার বিরোধিতা করে তিনি বলেন, বাংলাদেশে আগে ক্ষুদ্রঋণের কোনো প্রকল্প ছিল না, এমনকি দেশের মানুষ ক্ষুদ্রঋণের বিষয়টি জানতেনই না। ক্ষুদ্রঋণ বলতে গেলে ভিক্ষাবৃত্তি। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের দারিদ্র্যতা আরো বাড়িয়ে দিতে ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করা হয়েছে।
সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকা নিয়ে প্রশংসা করলেও আপনারা কেন বিরোধিতা করছেন জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘এটা ওনার ব্যক্তিগত মতামত। এটা সরকারের বক্তব্যও না, আওয়ামী লীগেরও না।’
অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী অনেক সময় অনেক কথা বলেন। দেখবেন কয়েকদিন পর আবার এই কথা নিজেই পরিবর্তন করবেন।
অর্থমন্ত্রীর ওই বক্তব্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতন্ত্রের বহিঃপ্রকাশ দাবি করে হাছান মাহমুদ বলেন, আমাদের দলের নেতাদের মধ্যে যে গণতন্ত্র আছে; অর্থমন্ত্রীর ওই বক্তব্যের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটেছে। দলে থেকেও কেউ দলের নিজের যেকোনো মতপ্রকাশ করতে পারে- এটাই তার উদাহরণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার আমিনুল ইসলাম আমিন।











