বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন-আপ

news-image

 

স্পোর্টস ডেস্ক :পুণেতে জঘন্য হারের পর বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছিল কোহলিr ভারত। কিন্তু, বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনেই চা-পানের বিরতির কিছুক্ষণের মধ্যেই যেভাবে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ল তাতে এই প্রতিশোধ স্পৃহা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ, বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনেই ভারতের ইনিংস গুটিয়ে গেল ১৮৯ রানে। এর মধ্যে কে এল রাহুলেরই একার সংগ্রহ ৯০ রান। বাংলার ঋদ্ধি আউট হলেন মাত্র ১ রান করে। নাথান লায়ন একাই ৮ উইকেট নিয়েছেন। এর জন্য তিনি রান দিয়েছেন ৫০। এছাড়া অস্টেলিয়ার বাকি বোলারদের মধ্যে স্টার্ক ও ও’কিফে ১টি করে উইকেট নিয়েছেন।

পুণের দু’ইনিংসেই রান পাননি অধিনায়ক বিরাট কোহলি। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে বল ছাড়তে গিয়ে যেভাবে বোকা বনে গিয়েছিলেন, তাতে আশা করা হয়েছিল বেঙ্গালুরুতে জবাব দেবেন। কিন্তু জবাব দূরে থাক, বেঙ্গালুরু টেস্টে ফের অজি স্পিনারের বল ছাড়তে গিয়েই আউট হলেন ভারতীয় অধিনায়ক। তফাত বলতে পুণেতে বোল্ড হয়েছিলেন, এবারে লিঁয়র বলে ১২ রানে এলবিডব্লিউ। রিভিউ নিয়েও কাজ হয়নি।

এরপর গোটা ভারতীয় দলই যেন অধিনায়ককেই অনুসরণ করল। সিরিজে সমতা ফেরানোই আগামী পাঁচদিনে প্রধান চ্যালেঞ্জ বিরাট কোহলি ব্রিগেডের সামনে। কিন্তু বেঙ্গালুরু টেস্টের শুরুতেই এ দিন ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ঘাড়ের চোটের কারণে প্রথম এগারোর বাইরে চলে যান মুরলি বিজয়। আর তাঁর বদলে দলে আসা ওপেনার অভিনব মুকুন্দও ফিরলেন শূন্য রানে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুর ধাক্কা সামলে ভারতকে টানেন পুজারা এবং কে এল রাহুল। যদিও লাঞ্চের ঠিক আগে পুজারার উইকেট হারায় ভারত।

চোটের জন্য মুরলি বিজয় ছিটকে যাওয়া ছাড়াও দলে আরও একটি পরিবর্তন করেছে ভারত। জয়ন্ত যাদবের জায়গায় দলে এসেছেন করুণ নায়ার। টিম গঠন থেকেই পরিষ্কার, নিজেদের ব্যাটিংকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই বেঙ্গালুরুতে টিম গঠন করেছেন বিরাট কোহলি-অনিল কুম্বলেরা। পুণের ব্যাটিং বিপর্যয়ের পরে পাঁচ বোলারের বদলে চার বোলার নিয়ে সিরিজে সমতা ফেরানোর লড়াইতে নামে ভারত। কিন্তু প্রথম ইনিংসে সেই কৌশল এখনও পর্যন্ত কাজে এল না।

এ জাতীয় আরও খবর