৬১ মিনিটে ৫১ বার মিথ্যা বললেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে নিজের ৬১ মিনিটের বক্তব্যে ৫১টি আংশিক বা পুরোপুরি মিথ্যা মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোলিটিফ্যাক্ট নামে একটি ওয়েবসাইট ও সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসে’র হিসাবের বর্ণনা দিয়ে এ খবর জানায় দ্যা ইনডিপেনডেন্ট।
মার্কিন শীর্ষ পত্রিকা নিউইয়র্ক টাইমস জানায়, মঙ্গলবার নিজের বক্তব্যে ট্রাম্প বলেছিলেন- ‘বর্তমানে ৯ কোটি ৪০ লাখ মার্কিনির কোনো কর্মসংস্থান নেই’। এ বক্তব্য বিভ্রান্তিকর। কারণ, তার হিসাবে মার্কিনিদের মধ্যে অনূর্ধ্ব ১৫ বছর বয়সীরাও রয়েছে, যাদের কাজ করা নিষিদ্ধ। বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীরাও আছে। আছে প্রতিবন্ধী মানুষ, বাসায় অবস্থানরত পিতা-মাতা এবং অবসরপ্রাপ্ত ও পেনশনভোগী মানুষও। তাদের সবাই-ই কাজ করেন না। তাই তাদেরকেও ‘বেকার’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। ফলে কর্মক্ষম বা কর্মসংস্থান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, এমন মানুষের সংখ্যা আসলে অনেক কম।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসে দেয়া নিজের প্রথম ভাষণে ট্রাম্প বিভিন্ন কোম্পানির যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা নিয়ে নিজের কৃতিত্ব জাহির করেন। কিন্তু আসল কথা হচ্ছে, প্রায় সবগুলো কোম্পানির বিনিয়োগের ওই সিদ্ধান্ত নেয়া হয়েছিল তার ক্ষমতাগ্রহণের আগে।
ট্রাম্পের দাবি, তার হস্তক্ষেপের কারণে এফ-৩৫ যুদ্ধবিমানের দাম বিপুলভাবে কমানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ওই দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয় তার ক্ষমতাগ্রহণের অনেক আগে।
ট্রাম্পের দাবি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে প্রণীত স্বাস্থ্যনীতি ওবামাকেয়ার ধসে পড়ছে। প্রকৃতপক্ষে, এ স্বাস্থ্যনীতি নিয়ে সমস্যা ও সমালোচনা আছে বটে, কিন্তু এটি ধসে পড়ছে তার কোনো প্রমাণ নেই। এছাড়া ট্রাম্প নিজের বাজেটে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, সন্ত্রাসবাদে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসা লোকজনের সম্পৃক্ততা নিয়েও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।
ন্যাশনাল অ্যাকাডেমি অব সাইয়েন্সের একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, বর্তমান অভিবাসন নীতির কারণে মার্কিন করদাতাদের প্রতি বছর কয়েকশ’ কোটি টাকা নষ্ট হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে ওই রিপোর্টের সারাংশে বলা হয়, অভিবাসীরা বরং কর প্রদান করে এবং জনসেবা খাতের সেবা নেয়ার মাধ্যমে সরকারের অর্থায়নে অবদান রাখছে।
ট্রাম্প বলেন, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য তিনি কর কমাবেন। কিন্তু এ নিয়ে বিস্তারিত কিছুই তিনি জানাননি। স্বতন্ত্র বিশ্লেষকরা বরং বলছেন, ট্রাম্পের নির্বাচনকালীন করনীতিতে সবচেয়ে বেশি লাভবান হবে সম্পদশালীরা।











