,

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে “অবস্থান প্রতিবাদ কর্মসূচি” ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, সরকারের জবাবদিহিতা না থাকলে ক্ষমতাসীনদের বেপরোয়া সিদ্ধান্তে জনজীবনে এক দুর্বিষহ অনিশ্চয়তা বিরাজ করবে। যেহেতু প্রতিবাদী কন্ঠকে ফাঁসির দড়িতে চেপে রাখা হয়, সেহেতু যে কোনো গণবিরোধী সিদ্ধান্ত নিতে গণবিচ্ছিন্ন সরকার পিছপা থাকে না। সম্প্রতি গ্যাসের সীমাহীন মূল্যবৃদ্ধি সরকারের অগণতান্ত্রিক একগুঁয়ে দানবীয় আচরণেরই বহি:প্রকাশ।

তিনি বলেন, এই সরকার জনগণকে খোয়াড়ের প্রাণী মনে করে বলেই জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করতে দ্বিধা করে না। ক্ষমতাসীন হওয়ার পর থেকে এই সরকার গ্যাসের পাঁচগুণ মূল্য বৃদ্ধি করেছে। যার ‘চেইন রিঅ্যাকশন’ এ শিল্প-বানিজ্য-কৃষিতে বিরুপ প্রভাব পড়েছে, মধ্য ও নিম্ন আয়ের মানুষরা চরম সঙ্কটের মধ্যে পড়েছে। সমাজের কোন অংশের কথা পাত্তা না দিয়ে সরকার একতরফাভাবে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনগণকে তাচ্ছিল্য করারই সামিল।

বিএনপির এই নেতা বলেন, সত্যিকার অর্থে লুটপাটের মহৌৎসবে মেতে উঠে সরকার এখন বোবাকালা হয়ে গেছে। চারিদিকে যে এতো সঙ্কট, এতো অত্যাচার, লুণ্ঠন, চাঁদাবাজী আর দু:শাসন চলছে সেদিকে কর্ণপাত করার সুযোগ বর্তমান শাসকগোষ্ঠীর নেই। আসলেই ভয়াবহ দু:শাসন ও লুণ্ঠনে জবাবদিহিতা না থাকার কারণে পুরো দেশ এখন টালমাটাল অবস্থায় নিমজ্জিত। কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই।

রিজভী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কয়েকটি রাজনৈতিক সংগঠনের আজকের হরতালকে কেন্দ্র করে শাহবাগে হরতাল সমর্থকদের ওপর পুলিশ বেপরোয়া লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করেছে। এর ফলে বেশকিছু হরতাল সমর্থক আহত হয়েছেন। এই ঘটনাই প্রমাণ করে জনস্বার্থ সংশ্লিষ্ট সামান্য প্রতিবাদও সরকার সহ্য করতে পারে না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে পুলিশের এ ধরনের ন্যাক্কারজনক আচরণের তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রাজধানীর কোন এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করবে বিএনপি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টা এখনো চুড়ান্ত হয়নি। শিগগিরই জানিয়ে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা