‘কেপি টর্নেডো’য় মাহমুদুল্লাহদের জয়
স্পোর্টস ডেস্ক : টি২০-তে ২০০ রান তাড়া করে জেতা যে সহজ নয় এটা বুঝতে ক্রিকেটবোদ্ধা হতে হয় না। তার ওপর ভরসার জায়গা যদি হয় জাতীয় দলে খেলতে না পারা ‘বুড়ো’ কেভিন পিটারসেনরা (কেপি), তাহলে তো কথাই নেই।
তবে এই ‘বুড়ো কেপি’র ৪২ বলে ৮৮ রানের ‘টর্নেডো’ ইনিংসে ভর করে ২০০ রান তাড়া করেই জয় পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। প্রায় ৩৭ বছর বয়সী এই তারকা তার ইনিংস সাজিয়েছেন ৮ ছক্কা ও ৩ চারে।
শনিবার দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগ-পিএসএলে ৭ বল বাকি থাকতেই লাহোর কালান্ডার্সকে ৫ উইকেটে হারায় মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা।
এর আগে পিএসএলের ১১তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে লাহোর। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান করে তারা।
শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন লাহোরের দুই ওপেনার জেসন রয় এবং ফকর জামান। তাদের জুটিতে আসে ৭৭ রান। ব্যক্তিগত ৫১ রানে আউট হন রয়। ২৭ বলে ৩ ছক্কা এবং ৬ চারে সাজানো তার ইনিংস।
এছাড়া ফকর জামান ৩১ বলে ৪৭ রান করেন। মোহাম্মদ রিজওয়ান ২৮ বলে ৪৬ এবং ক্যামেরন ডেলপোর্ট ২১ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।
কোয়েটার হয়ে হাসান খান ২টি এবং জুলফিকার বাবর ১টি উইকেট লাভ করেন। মাহমুদউল্লাহ রিয়াদ ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
এরপর ২০১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় কোয়েটা। প্রথম ৪.২ ওভারে ২৪ রান তুলতেই দুই ওপেনার সাদ নাসিম (৫) আর আহমেদ শেহজাদকে (১৫) হারায় তারা।
ক্রিজে আসা রিলী রুশোকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন অভিজ্ঞ কেপি। দলীয় ৮১ রানে ১৮ বলে ৩৩ রান করা রুশো বিদায় নিলে আরেক দফা ধাক্কা খায় কোয়েটা। এরপর দ্রুতই থিসারা পেরেরা (১) বিদায় নিলে চাপে পড়ে যায় তারা।
অবশ্য তখনো কোয়েটা দলপতি ‘মিস্টার ডিপেন্ডেবল’ সরফরাজ আহমেদকে সঙ্গে নিয়ে কেপি’র ছক্কা শো বাকি ছিল। দলীয় ১৯০ রানে সরফরাজ (২৫ বলে ৪৫) বিদায় নিলেও ততক্ষণে ‘কেপি টর্নেডো’য় বিধ্বস্ত লাহোর।
ইনিংসের ১৭তম ওভারে ২টি আর ১৮তম ওভারে ৪টি ছক্কা মারেন কেপি। মূলত ১৭তম ওভারে ২১ রান আর ১৮তম ওভারে ২৬ নিয়েই কোয়েটাকে জয়ের পথে নিয়ে আসেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
সাত বল বাকি থাকতেই জয়সূচক রান (২০০ রানের জবাবে ২০২ রান) আসে ৩ বলে ১২ রান করা আনোয়ার আলির ব্যাট থেকে। কোয়েটার ৫ উইকেটের দুর্দান্ত জয়ের কারিগর অপরাজিত কেপি হন ম্যাচসেরা।
এদিন ব্যাটিং স্বর্গ উইকেটে বল হাতে সুবিধা করতে পারেননি টাইগার ‘টি২০ সেনসেশন’ মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য ব্যাট হাতে আর নামতেই হয়নি তাকে।











