,

বেল ফিরলেন, গোলও পেলেন, রিয়ালের হলো রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ৮৮ দিন! প্রায় তিন মাস! চোটের সঙ্গে কষ্টকর লড়াইয়ের তিনটি মাস! এতটুকু বলাই যায়, সময়টা খুব একটা ভালো কাটেনি গ্যারেথ বেলের। তবে ফিরে এসেই খারাপ লাগাটা ঝেড়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদের ওয়েলশ উইঙ্গার। দুর্দান্ত গোল করেছেন, তাতে ঘরের মাঠে আজ এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

গত নভেম্বরে চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের মাঠে খেলতে গিয়ে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান বেল। তবে তাতে তাঁর দৌড়ের গতি, আর দুর্দান্ত স্কিলে যে এতটুকু মরচে পড়েনি, সেটি আজ ভালোই বুঝিয়ে দিয়েছেন ‘ওয়েলশ-উইজার্ড’। বোঝালেন আরেকটি ব্যাপার—বেল থাকলে রিয়ালের প্রতি-আক্রমণগুলোও হয় চোখের জন্য তৃপ্তির এক ব্যাপার।

তৃপ্তিটা যেমন আজ পাওয়া গেল ম্যাচের ৮১ মিনিটে। রিয়াল তখন এগিয়ে ১-০ গোলে। কিন্তু এক গোলে এগিয়ে থাকাটা তো তেমন ভরসা দেয় না। অবস্থাটা বদলে গেল বেলের পরিচিত এক দৌড়ে। মাঠে নেমেছিলেন ৭১ মিনিটে, রিয়ালের প্রথম গোলদাতা আলভারো মোরাতার বদলি হয়ে। ১০ মিনিট পরই জাদু! বাঁ দিক দিয়ে ইসকোর দুর্দান্ত থ্রু পেলেন, সেটি ধরে প্রচন্ড গতিতে বেল পেরিয়ে গেলেন এসপানিওলের রক্ষণ। এরপরের কাজটা তো সহজই তাঁর জন্য। বক্সে ঢুকলেন, তারপর বাঁ পায়ের জোরাল শটে বল জড়িয়ে দিলেন জালে। ওই গোলেই নিশ্চিত হয় রিয়ালের জয়।

এর আগে রিয়ালকে প্রথমার্ধে এগিয়ে দেন মোরাতা। নিয়মিত স্ট্রাইকার করিম বেনজেমা বিশ্রামে, তাঁর বদলে পাওয়া সুযোগটা দুর্দান্তভাবেই কাজে লাগালেন স্প্যানিশ স্ট্রাইকার। ডান দিক থেকে ইসকোর দুর্দান্ত ক্রসে হেড করে রিয়ালকে এগিয়ে দেন ৩৩ মিনিটে।

তবে এই ম্যাচে আর দুজনের কথা না বললে হয় না—ইসকো ও ক্রিস্টিয়ানো রোনালদো! রিয়ালের দুটি গোলই এসেছে ইসকোর পাস থেকে। আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে আলো ছড়িয়েছেন হামেস রদ্রিগেজ, আজ ঠিকই একই ঔজ্জ্বল্য ছড়িয়ে ইসকো যেন জিনেদিন জিদানকে ফেলে দিলেন ‘কঠিন চ্যালেঞ্জে’র মুখে—কাকে রেখে কাকে খেলাবেন রিয়াল কোচ?

আর রোনালদো? নতুন করে যেন আবার ফিরে এসেছেন ‘ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো’! উইংয়ে সেই প্রচন্ড গতি…কে বলবে কদিন আগে ৩২-এ পা দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। সঙ্গে গত কয়েক ম্যাচে দেখাচ্ছেন স্কিলের জাদুও। আজ তো ‘রোনালদিনহো-টার্ন’ও দেখালেন একবার, বলটাকে এ পা-ও পা করে নিয়ে গেছেন ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে। শেষ দিকে একটি পেনাল্টি পেতে পারতেন, প্রথমার্ধে একটা গোলও বাতিল হয়েছে অফসাইডের কারণে… না হলে দুর্দান্ত পারফরম্যান্সটা হয়তো গোল দিয়েই উদ্‌যাপন করতে পারতেন রিয়ালের প্রাণভোমরা।

তবে রোনালদো গোল না পেলেও রেকর্ড একটা হয়েছে রিয়ালের। ক্লাব রেকর্ড। এ নিয়ে টানা ৪২ ম্যাচে গোল পেয়েছে জিদানের দল। সূত্র: সনি সিক্স।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে