শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত গাড়িতে অভিনেত্রীর শ্লীলতাহানি

news-image

বিনোদন ডেস্ক : চলতি গাড়িতে অপহরণ ও শ্লীলতাহানির শিকার হয়েছেন মালায়ালাম অভিনেত্রী ভাবনা। গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শুটিং শেষে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত ৯টা সময় এরনাকুলামের আথানি নামক স্থানে তার গাড়িতে জোর করে প্রবেশ করে একদল ব্যক্তি। এরপর তার গাড়িতেই অপহরণ করা হয় এ অভিনেত্রীকে। তার শ্লীলতাহানি করা হয়। দুর্বৃত্তরা এই অভিনেত্রীর ছবি তোলেন এবং ভিডিও করেন।

এ অভিনেত্রীকে এক ঘণ্টার মতো গাড়িতে বন্দি রাখা হয় এবং গাড়িটি শহরের বিভিন্ন রাস্তা দিয়ে চালানো হয়। পরবর্তী সময়ে গাড়িটি পালারিভাত্তম নামক জায়গায় পৌঁছালে দুর্বৃত্তরা অন্য একটি গাড়িতে উঠে পালিয়ে যায়।

এরপর অভিনেত্রী ভাবনা মালায়লাম পরিচালক লালের বাড়িতে যান এবং এ ব্যাপারে পুলিশের কাছে মামলা দায়ের করার জন্য তার সাহায্য চান।

এ ঘটনায় ভাবনার গাড়িচালক মার্টিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল আসামি সুনীল কুমার এখনো পলাতক। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর সঙ্গে কমপক্ষে পাঁচজন ব্যক্তি জড়িত। আর এর মূল হোতা সুনীল।

এ ঘটনায় অপহরণ ও শ্লীলতাহানির মামলা গ্রহণ করেছে পুলিশ।

১৬ বছর বয়স থেকে অভিনয় করছেন ভাবনা। এ পর্যন্ত প্রায় ৭৬টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। দুইবার কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছেন। তামিল ও তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।