বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোন দিকে মোড় নিচ্ছে মিতু হত্যার তদন্ত!

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার দীর্ঘ আট মাস পেড়িয়ে গেলেও এখনো পর্যন্ত হত্যা মামলার তদন্তের জট খোলেনি। যার ফলে জনমতে প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত কোনদিকে মোড় নিচ্ছে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত?

 

বিভিন্ন তথ্যের সন্ধ্যানে গত দুই মাস ধরে মিতুর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের কাছ থেকে তথ্য নিয়েছেন তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে বাবুল আক্তারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সর্বশেষ মিতুর পারিবারিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মিতুর বাবা ও মাকে।

এদিকে আক্তারকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে এবং বাবুল আক্তারের আরো কয়েকজন ঘনিষ্ঠদেরও তদন্তের স্বার্থে আবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তর্দন্ত কর্মকর্তা।

মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) কামরুজ্জামান বলেন, তদন্তের স্বার্থে পুরো বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে আদালতে তুলে ধরতে হবে। সেক্ষেত্রে আমরা মিতুর পরিবার ও বাবুল আক্তারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সাথে কথা বলছি। এমনকি পাড়া-প্রতিবেশী যারা আছে তাদের সাথেও আমাদের কথা বলেছি।

এদের কাউকে সন্দেহ হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, কাউকে আমরা সন্দেহ করছি না এবং সন্দেহের কারণে কাউকে জিজ্ঞাসাবাদ করছি বিষয়টা এমন নয়। তাদের সাথে কথা বলেছি এবং জানতে চেয়েছি মিতু ও বাবুল আক্তারের পারিপার্শ্বিক অবস্থান সকল বিষয় নিয়ে। তাদের দুই জনের সম্পর্কের কোনো ত্রুটি আছে কি না সেই বিষয়ে জানতে চেয়েছি তাদের কাছে।

তবে মিতুর পরিবার ও বাবুল আক্তারের আত্মীয় স্বজনদের সাথে কথা বলে তাদের কাছ থেকে এ হত্যাকাণ্ডের তদন্তের জন্য বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

এখন তাদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো নিয়ে চলছে যাচাই-বাছাইয়ের কাজ। আর এর মধ্যে আবার ডাকা হতে পারে বাবুল আক্তারসহ ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়কে।

এদিকে দীর্ঘ আট মাস মামলার তদন্ত কর্মকর্তারা ঘটনার নানা দিক খতিয়ে দেখলেও জট খোলেনি এ চাঞ্চল্যকর হত্যার রহস্য। এতদিন পার হলেও পুলিশ এখনো জানাতে পারেনি এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য কি। শুরু থেকে নানা বিষয়ে অনুসন্ধান চললেও এখন শুধু মাত্র তদন্তের মূলকেন্দ্র হচ্ছে মিতুর পরিবার। যার ফলে প্রশ্ন উঠেছে কোন দিকে যাচ্ছে এ হত্যকাণ্ডের রহস্য?

অন্যদিকে এ মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক সকল আসামি গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে এবং মিতুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারের কাজও চলছে। আশা করি শিগগিরই এ হত্যার জট খুলবে।

এদিকে বাবুল আক্তারের সাম্প্রতিক কিছু আচরণ এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য আসায় মেয়ের হত্যাকাণ্ডের সাথে স্বামী বাবুল আক্তারকেও এখন সন্দেহ করছেন মিতুর বাবা মোশাররফ হোসেন। যদিও এ হত্যাকাণ্ডের পর থেকে নানা গুঞ্জনের মধ্যেও জামাতার পক্ষেই বলেছিলেন শশুর মোশাররফ হোসেন।

তবে বুধবার এক সংবাদপত্রের সাক্ষ্যাৎকারে মোশাররফ হোসেন জানিয়েছেন, এখন যেসব শুনছি তার কিছুটাও যদি সত্য হয় তাহলে তো বুঝব স্ত্রী মারা যাওয়ার পর বাবুল আমার বাসায় থেকে অভিনয় করেছে। আসলে তখন তো আপনারা তাকে প্রশ্ন করতে পারেননি। আমিই আপনাদের প্রশ্নের জবাব দিয়েছে। আর ভুলটা আমারই হয়েছে। এটা তার এক ধরনের কৌশল ছিল।

উল্লেখ্য, গত বছরের গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর জিইসি মোড় ওআর নিজাম রোডে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। প্রথমে পুলিশ এ হত্যাকাণ্ডের জন্য জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ করে বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও পরে সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্তের কথা জানিয়েছেন পুলিশ।

এ জাতীয় আরও খবর