বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কেটে চার টুকরো করে মিয়ানমারের বাহিনী’

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসিনা বেগমের চোখে-মুখে ভয়ের অভিব্যক্তি। যেন কেউ তাড়া করেছে তাঁকে। মিয়ানমার সেনাদের নৃশংসতার কথা বলছিলেন তিনি। হাসিনা বললেন, ‘গ্রামে হামলা চালিয়ে সেনারা পুরুষদের চার টুকরো করে কেটে মাটিতে পুঁতে ফেলে, যাতে আলোকচিত্রে এই নৃশংসতার প্রমাণ না থাকে।’

২০ বছর বয়সী হাসিনা বেগমের বাড়ি ছিল মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের বুড়া সিডা পাড়ায়। তিনি গত মাসের মাঝামাঝিতে পালিয়ে বাংলাদেশে আসেন। হাসিনা বলেন, তাঁর গ্রামে হামলাকারী সেনারা গ্রামের নারী ও মেয়ে শিশুদের আটক করে। প্রায় ১৩ জন সেনা দুজন কিশোরীকে মেয়েটির মাসহ বাকি নারীদের সামনে ধর্ষণ করে। নারীদের তাঁরা ওই নৃশংসতা দেখতে বাধ্য করে।

এসব দৃশ্য হাসিনাকে বারবার তাড়া করে ফেরে। নিজের মানসিক আঘাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি তখন আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, কেন তিনি আমাকে এই সাজা দিচ্ছেন। আমাকে মেরে ফেলার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম।’ সিদ্ধান্তে অটল থাকার সুরে তিনি বলেন, ‘আমি কখনোই মিয়ানমারকে মনে রাখব না। আমি এখানে কেবল খাদ্য, বস্ত্র ও বাসস্থান চাই। তাতেই আমি সুখে থাকব।’

গণহারে হত্যা, শিশু হত্যা, নারী ও মেয়ে শিশুদের গণধর্ষণ, রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়াসহ হাসিনার মতো একই ধরনের বিভীষিকাময় ঘটনার সাক্ষ্য দিয়েছে বাংলাদেশে নতুন করে আসা কয়েক শ রোহিঙ্গা শরণার্থী, যা গত সপ্তাহে জাতিসংঘের নতুন একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

জাতিসংঘের হিসাবে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে এসেছে। ২০১৬ সালের ৯ অক্টোবর রাখাইন রাজ্যে মিয়ানমার সীমান্তের তিনটি চেকপোস্টে অস্ত্রধারীদের হামলায় দেশটির নয়জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর রোহিঙ্গাদের দমনে সেনাবাহিনীর অভিযান শুরু হয়। হারাকাহ আল-ইয়াকিন নামের একটি রোহিঙ্গা জঙ্গি সংগঠন ওই হামলা চালায় বলে দাবি করে ওই অভিযান চালানো হয়। সেনাবাহিনী এর নাম দিয়েছে ‘অপসারণ অভিযান’।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে, রোহিঙ্গাদের ওই জঙ্গি সংগঠনের সঙ্গে সৌদি আরব ও পাকিস্তানের সম্পর্ক রয়েছে। ২০১২ সালে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পর ওই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। ওই সাম্প্রদায়িক দাঙ্গায় ২০০ জন নিহত ও ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের চার সদস্যের একটি দল সাম্প্রতিক ওই প্রতিবেদনটি তৈরি করে। দলটির সদস্যরা গত জানুয়ারিতে ৯ অক্টোবরের পর বাংলাদেশে আসা শরণার্থীদের সাক্ষাৎ​কার নেন। জাতিসংঘ মিশনের নেতা লিনিয়া আরবিদসন বলেন, এসব সাক্ষ্য ‘জাতিগত ভিত্তিতে নিপীড়নে’র স্পষ্ট প্রমাণ, যাকে অন্যভাবে ‘জাতিগত নির্মূল’ বলে বর্ণনা করা হয়েছে।

অক্টোবরে সামরিক অভিযান শুরু হওয়ার পর বেসামরিক রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করে। বাংলাদেশে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা আগে থেকেই বাস করছে। সাম্প্রতিক দশকগুলোতে তাঁরা পালিয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গারা সেনা অভিযানের বিভীষিকাময় কাহিনির পুনরাবৃত্তি করে। ডিসেম্বরে কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে হিউম্যান রাইটস ওয়াচ। তাতে দেখা যায়, রোহিঙ্গাদের গ্রামের কমপক্ষে দেড় হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

নতুন করে আসা রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশের কক্সবাজারে অস্থায়ী ক্যাম্পে বাঁশ ও প্লাস্টিক দিয়ে ঘর নির্মাণ করে থাকছে। তাদের বেশির ভাগই সেখানে গাদাগাদি করে বাস করছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ইন বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক পেপি কিভিনিয়েমি সিদ্দিক ই-মেইলে জানিয়েছেন, নতুন করে শরণার্থীরা প্রবেশ করায় স্থানীয় সরকার ও সাহায্য সংস্থার তহবিলের ওপর ব্যাপক চাপ তৈরি করেছে। নতুন করে গড়ে তোলা আশ্রয়স্থল আগামী বর্ষা মৌসুমেই প্লাবিত হবে। এতে করে ভয়বহ দুর্দশায় পড়বে তাঁরা।

লাখো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলেও মাত্র ৩০ হাজার রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে। বাংলাদেশের ক্যাম্পে তারা বৈধভাবে বাস করছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার সহায়তায় বাংলাদেশ সরকার তাদের সাহায্য করছে। অনিবন্ধিত রোহিঙ্গারা কোনো আনুষ্ঠানিক সহায়তা পাচ্ছে না। পাশাপাশি তারা গ্রেপ্তারের ভয়ে রয়েছে। তাদের এখানে বেঁচে থাকার মাত্র কয়েকটি সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে রিকশা চালানো, দিনমজুরি, খেতে কামলা দেওয়া ও মাছ ধরা। তবে এসব পেশায় তারা বাংলাদেশি শ্রমিকদের থেকে কম মজুরি পেয়ে থাকে। এমনকি বাংলাদেশে অনেক আগে আসা রোহিঙ্গারাই এখানে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে।

৩০ বছর আগে বাংলাদেশে আসা আবদুল কুদ্দুস (৫০) বলেন, ‘আমার একটি দোকান দেওয়ার স্বপ্ন ছিল। তাই আমি আমার দেশ ত্যাগ করি। আমি কোনো বাজারে গেলে মিয়ানমার কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই আমাকে মারধর করত। আমি মুক্তভাবে চলাচল করতে পারতাম না। আমার একটি জমি ছিল। সেখানে আমি ধান চাষ করতাম। তবে যা ফলন হতো অর্ধেকই সরকার নিয়ে নিত।’

কুদ্দুস ২৫ বছর আগে বাংলাদেশে শরণার্থী হিসেবে নিবন্ধিত হন এবং তিনি চিকিৎসা সেবা ও একটি রেশন কার্ড পান। নতুন করে আসা শরণার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘তাদের জন্মস্থান ত্যাগ করতে হয়েছে—এটা ভেবে আমার খারাপ লাগে। এবং এখানেও তাদের মানবাধিকার নেই। এখানে তাঁরা নিবন্ধিত হতে পারবে না। তাঁরা রেশন কার্ড পাবে না। কাজেই এখানে তাঁদের জীবিকা অর্জন কঠিন হয়ে পড়ছে।

রোহিঙ্গা মুসলিমদের জাতিসংঘ ‘বিশ্বের সবচেয়ে নিপীড়িত মানুষ’ বলে বর্ণনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। গত অক্টোবর থেকে ধারাবাহিক সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই সেখানে নৃশংসতার ঘটনার প্রমাণ মিলছে, যা সংকটকে আরও গভীর করে তুলছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ