আখাউড়ায় কলেজ ছাএীর গায়ে হাত তুললেন বখাটে যুবক
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শহীদ স্মৃতি কলেজের এক ছাত্রীকে মারধর করেছে এক বখাটে। আজ শনিবার বেলা ১২ টার দিকে কলেজের ছাত্রীদের বিশ্রাম কক্ষে প্রবেশ করে ওই ছাত্রীকে এলোপাথারি মারধর করে ওই যুবক। ছাত্রীর চিৎকারে অন্যান্য ছাত্রছাত্রীরা এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় ওই বখাটে। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ওই যুবক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ওই ছাত্রীর পিতা পরিতোষ ঘোষ। পরিবার নিয়ে পৌরশহরের রাধানগরে ভাড়া বাসায় বসবাস করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া শহীদ স্মৃতি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মানবিক বিভাগের ওই ছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করছে রাধানগরের রাস মোহন ঘোষের ছেলে প্রিতম ঘোষ। কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রিতম তাকে প্রেম নিবেদন করতো। প্রেমে সাড়া না দেওয়ায় প্রিতম তাকে গালমন্দ করতো এবং হাতে ছুরি নিয়ে ভয় দেখাতো। শনিবার দুপুর ১২টার দিকে প্রিতম অতর্কিত কলেজের ছাত্রীদের বিশ্রাম রুমে প্রবেশ করে ওই ছাত্রীকে চর থাপ্পর ও শারিরীক শ্লীলতাহানি করে। এসময় ওই ছাত্রীর চিৎকার শুরু করলে কলেজের ছাত্ররা তাকে ধাওয়া দিলে সে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, হঠাৎ মেয়েদের বিশ্রাম রুমে প্রবেশ করে এক বখাটে এক ছাত্রীকে মারধর করে। ছাত্রীর চিৎকার শুনে কলেজের ছাত্ররা ওই যুবককে ধরার জন্য এগিয়ে গেলে সে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে প্রিতম ঘোষের বড় ভাই রাকেষ কুমার ঘোষ জানান, প্রিতম মাদকাসক্ত। দীর্ঘ দিন ধরে তাকে বাড়িতে থাকে না। সে কোন অন্যায় করে থাকলে তার বিচার হোক।
এ ব্যপারে কলেজ ছাত্রীর পিতা পিয়তোষ ঘোষ বলেন, প্রিতম প্রায়ই আমার মেয়েকে রাস্তা-ঘাটে জ্বালাতন করতো। প্রিতমের যন্ত্রণায় আমার মেয়ে নিয়মিত কলেজে যেতে পারতো না। বাড়ি থেকে বের হলে তাকে উত্যক্ত করতো। মাঝে মধ্যে হাতে ছুরি, ব্লেড নিয়ে আমার মেয়েকে ভয় দেখাতো। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন তরফদার বলেন, ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। প্রিতমকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চালছে।











