এই সমাধিক্ষেত্রগুলো অন্য রকম!
অনলাইন ডেস্ক : জাপানের মাউন্ট কয়াতে অবস্থিত ওকুনইন সমাধিক্ষেত্র। এটি জাপানের বহু প্রাচীন এবং সর্ববৃহৎ সমাধিক্ষেত্র। বিভিন্ন কারণে এটি মানুষের কাছে একটি রহস্যময় ও আকর্ষণীয় স্থান। এর প্রথম কারণ হচ্ছে সমাধিসৌধগুলোর আকৃতি।
সাধারণত সমাধিক্ষেত্রে কবরগুলো থাকে সারিবদ্ধভাবে, একইরকম দেখতে। কিন্তু ওকুনইনে বিভিন্ন কবরের আকৃতি বিভিন্নরকম। কবরের আকৃতি নির্ভর করে মৃতের পেশার ওপর। স্পেসশিপ, গাড়ি, কাপ এমনকি পোকার আকারের কবর রয়েছে। যার কবর দেখতে পোকার মতো তিনি ছিলেন একটি কীটনাশক প্রস্তুতকারী কোম্পানির প্রতিষ্ঠাতা।
তাছাড়া এখানে রয়েছে জিযো বোধিসত্ত্বভার পাথরের মূর্তি। এই সমাধিক্ষেত্রকে ঘিরে সবচেয়ে বড় কিংবদন্তি হচ্ছে, এখানে শায়িত আছেন কোবো দাইশি, যিনি হলেন ষষ্ঠ শতাব্দীর শিনগো বুদ্ধিবাদের প্রতিষ্ঠাতা। শায়িত আছে বলতে তার সমাধিবেদীর কথা বলা হয়নি। বলা হয় যে তিনি এখানে এক গুহায় ঘুমিয়ে আছেন এবং জেগে উঠবেন তখন, যখন স্বয়ং গৌতম বুদ্ধ ভবিষ্যতে আবার ফিরে আসবেন। মানুষজন তাকে শ্রদ্ধা করে তার গুহার সামনে খাবার রেখে আসে।
স্মল রিভার সেমিটারি নাম্বার ফাইভ
এটা চীনের জিনিজিয়াংয়ের তাকলামাকান মরুভূমিতে অবস্থিত একটি সমাধিক্ষেত্র। প্রায় চার হাজার বছর আগে এতে দু’শতাধিক মৃতদেহ সমাধিস্থ করা হয়েছিল। কিন্তু চমকপ্রদ ঘটনা হচ্ছে, মৃতেরা কেউই চীনা নন। তারা ইউরোপিয়ান।
মরুভূমির উত্তাপ এবং শুকনো বাতাসে মৃতদেহগুলো প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। তাদের কাপড় ছিল ইউরোপিয়ান ধাঁচে বানানো এবং তাদের চুল ছিল সোনালি এবং খয়েরি। তাছাড়া তাদের চোয়ালের গড়ন, চোখের আকার এমনকি ডিএনএ বিশ্লেষণ করেও তাদের জাতীয়তা সম্বন্ধীয় ধারণা পাওয়া গেছে। তবে বেশকিছু সাইবেরিয়ান মানুষের কঙ্কালও সেখানে পাওয়া গেছে।
সাভানাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
রিচার্ড এবং ক্যাথেরিন ডটস্টন বাস করতেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের সাভানাহ শহরে। তারা মারা গিয়েছিলেন ১৬০১-১৭০০ সালের মাঝামাঝি কোনো সময়ে। কিন্তু তাদের সমাধিসৌধ বিশেষভাবে পরিচিতি লাভ করে ১৯৮০ সালের দিকে যখন আমেরিকান সামরিক বাহিনী তাদের কবরের ওপর যুদ্ধবিমানের রানওয়ে প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়। রিচার্ড এবং ক্যাথেরিন মারা যাওয়ার পর তাদের নিজস্ব ফার্মে তাদের কবর দেয়া হয়। এই ফার্মের জায়গাটি তারা রাজপরিবারের কাছ থেকে পেয়েছিলেন। ধীরে ধীরে তা পরিণত হয় ডটস্টন পরিবারের পারিবারিক সমাধিক্ষেত্রে। অন্তত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তাই ছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সামরিক বাহিনী সাভানায় যুদ্ধ ও বোমারু বিমানের এয়ারপোর্ট নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের পরিকল্পনা ডটস্টনদের কবরখানার জন্য বাস্তবায়িত হচ্ছিল না। তাই তারা ডটস্টন পরিবারের নতুন প্রজন্মের সঙ্গে চুক্তি করে। ডটস্টন পরিবার শর্ত দেয় যে, সবার কবর স্থানান্তরিত করার খরচ সামরিক বাহিনী বহন করবে কিন্তু রিচার্ড এবং ক্যাথেরিনের কবর অক্ষত রাখতে হবে।
কাফযেহ কেভ
কাফযেহ কেভ ইসরাইলে অবস্থিত। এই গুহাতে একসঙ্গে ১৫টি কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কালগুলো ১ লাখ বছর আগের। শুধু কঙ্কাল নয়, হরিণ, ভাল্লুক, ঘোড়ার হাড়, ঝিনুক এবং গিরিমাটির চাকা পাওয়া গেছে। ধারণা করা হয় এগুলো মৃতদেহ সৎকারের প্রাক্কলীন অনুষ্ঠানে ব্যবহৃত হয়েছিল।
কিন্তু কথা হচ্ছে, তারা সৎকারকার্যে যা কিছু ব্যবহার করেছিল, বা যে ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছিল, তা করা হয়েছে মানুষের কথা বলতে শেখার আগে। অর্থাৎ মানুষ যখন মুখের ভাষা ব্যবহার করা শেখেনি, তখন থেকেই তারা শুধুমাত্র সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যোগাযোগ করত। তারা এসব চিহ্নের নিদর্শন রেখে গেছে কাফযেহ কেভের সমাধিক্ষেত্রে। এটিই আজ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন সমাধিক্ষেত্র যেখানে মৃতদেহ সৎকারের আগে আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে।
অর্কনি ক্রোমার্টি
এটি স্কটল্যান্ডের অর্কনিতে অবস্থিত ব্রোঞ্জ যুগের সমাধিক্ষেত্র। একটি প্যাসেজ আকারের সমাধিক্ষেত্র যাতে লম্বা একটি প্যাসেজ ছোট ছোট ঘরের আকারে ভাগ করা। প্রত্যেক ঘরে রয়েছে এক একটি কবর। সম্পূর্ণ পাথরে তৈরি এই সমাধিক্ষেত্রটি স্কটল্যান্ড, ব্রিটেন এবং আয়ারল্যান্ডে পাওয়া গেছে। তবে স্কটল্যান্ডেরটি সবচেয়ে দীর্ঘতম। প্রতœতাত্ত্বিক গবেষণার পর দেখা গেছে, এই সমাধি ক্ষেত্রে মানুষজন নিয়মিত আসা-যাওয়া করত।











