মৌসুমের শুরুতেই লবণের দরপতন
নিজস্ব প্রতিবেদক : লবণ উৎপাদন মৌসুম শুরু হতে না হতেই দর পতন হওয়ায় পর্যটননগরী কক্সবাজার জেলার লবণচাষিরা হতাশ হয়ে পড়েছেন। তারা লোকসানের আশঙ্কা করছেন।তারা অভিযোগ করেছেন, একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে লবণের দাম নিয়ন্ত্রণ করছে।
জেলার উপকূলীয় লবণচাষিদের সাথে কথা বলে জানা গেছে, লোকসান পুষিয়ে নিতে লবণচাষিরা আগাম পলিথিন পদ্ধতির লবণ উৎপাদন শুরু করে। গত মৌসুমের শেষের নাগাদ চাষিরা লবণের ন্যায্য দাম পাওয়ায় চলতি বছর দাম নিয়ে আশাবাদী ছিলেন তারা। কিন্তু চলতি বছরে লবণ উৎপাদনের শুরুতেই দাম না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, ও চকরিয়ায় চলতি লবণ মৌসুমে ভাল ফলনের আশা করছেন চাষিরা। তাদের অভিযোগ, স্থানীয় মিল মালিক-ব্যবসায়ী ও ফড়িয়ারা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়ে জিম্মি করেছেন চাষিদের।
সূত্রে জানা গেছে, গেল বছরের ডিসেম্বর মাসে জেলায় লবণ চাষ প্রাথমিক পর্যায়ে শুরু হয়। এ সময় উৎপাদিত লবণ বিক্রি হয় মণ প্রতি ৪০০ থেকে ৪৩০ টাকায়। কিন’ হঠাৎ করে লবণের দাম কমে যাওয়ায় লবণচাষিরা হয়ে পড়েছেন হতাশ।
কক্সবাজার সদরের চৌফলদন্ডীর লবণ চাষিদের অভিযোগ, শিল্প এলাকা ইসলামপুর লবণ মিল মালিক ও দালাল ফড়িয়াদের কারণে লবণের দাম দিন দিন কমে যাচ্ছে।
মঙ্গলবার সরেজমিন লবণ শিল্প এলাকা ইসলামপুর, গোমাতলী, পোকখালী, চৌফলদন্ডী চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠ পর্যায়ে তাদের প্রতি মণ পলিথিন লবণের খরচ পড়ে ১৫০ থেকে ১৮০ টাকা। কিন্তু বর্তমানে মাঠ পর্যায়ের বাজার মূল্য এর চেয়ে অনেক কম। এ কারণে তারা উৎপাদিত বেশ কিছু লবণ বিক্রি বন্ধ করে দিয়েছেন।
আবার অনেক চাষি দালাল ফড়িয়াদের কাছ থেকে নেয়া দাদন সুদের টাকা পরিশোধ করতে বাধ্য হয়ে বর্তমান বাজার মূল্য থেকেও কম দামে লোকসান দিয়ে লবণ বিক্রি করছেন।
নাম প্রকাশ না করার শর্র্তে এসব এলাকার একাধিক লবণচাষি জানান, এক মাস ধরে দালাল-ফড়িয়ারা সিন্ডিকেট তৈরি করেছে। তারা লবণের দাম কমাতে বাধ্য করেছে চাষিদের। সরকার লবণের নীতিমালা ঘোষণা করার পরও লবণ মিল মালিক, দালাল-ফড়িয়া, আড়তদাররা তা মানছেন না।
দরপতনের কারণে লবণচাষি, ব্যবসায়ীরা চলতি মৌসুমে আশানুরূপ লবণ উৎপাদনের ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছেন। জেলার অন্যান্য স্থানের চেয়ে তুলনামূলকভাবে অনেক আগেই লবণ মাঠ তৈরির প্রক্রিয়া ও উৎপাদন শুরু করেছিলেন কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার লবণচাষিরা। এসব জমিতে ইতিমধ্যেই প্রতি একরে ১২০/১৩০ মণ লবণ উৎপাদিত হয়েছে। তবে লবণের দাম কমে যাওয়ায় সংশ্লিষ্টদের মাঝে হতাশা বিরাজ করছে। চাষিরা এ ব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।











