২ বছরেও পূর্ণাঙ্গ হয়নি সরাইল যুবলীগের কমিটি
কমিটি গঠনে সেশন জট আর ধীরগতি পিছু ছাড়ছে না সরাইল উপজেলা যুবলীগের। ৩ মাস মেয়াদের আহ্বায়ক কমিটির বন্ধ্যত্ব কেটেছিল সাড়ে ১০ বছর পর। সেই ধারা যেন বাড়ি ফিরতে নারাজ নিয়মিত কমিটি গঠনেও। গণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি- সম্পাদকসহ ৫ সদস্যের কমিটিই ৩ বছর মেয়াদের ২ বছর পার করে দিয়েছে। আদৌ অনুমোদন হয়নি পূর্ণাঙ্গ কমিটির। আবার ৫ নেতার মধ্যে ৩ জনকে একেবারেই গুরুত্ব না দেয়ারও অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় দিবসে নীরব থাকারও। আর তাই দলীয় গ্রুপিং দ্বন্দ্বে বারবার আটকে যাচ্ছে অনুমোদন। অনুমোদন না পেলেও উপজেলা যুবলীগের পদ-পদবি উল্লেখ করে ছবি সম্বলিত পোস্টার ও ব্যানারের হিড়িক পড়েছে গোটা উপজেলায়। প্রশাসনের বিভিন্ন দপ্তরে পদধারী নেতাদের পরিচয় দিতে ভুল করছেন না তারা। অনুমোদন বিলম্বিত হওয়ায় সরব যুবলীগ আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে। দলীয় একাধিক সূত্র ও অনুসন্ধানে জানা যায়, ২০০৪ সালের ২৫শে মে ৩১ সদস্যের সরাইল উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছিলেন তৎকালীন জেলা যুবলীগের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন। ওই কমিটিতে মো. মাহফুজ আলীকে আহ্বায়ক, আশরাফ উদ্দিন মন্তু ও কাজী আমিনুল ইসলাম শেলভীকে করা হয়েছিল যুগ্ম আহ্বায়ক।
৯০ দিনের এ কমিটি পাড় করে দেয় ১০ বছর ৬ মাস ২৪ দিন। বন্ধ্যত্ব কেটে নতুন কমিটি করার কাজে মাঠে নামে জেলা কমিটি। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তারা তৈরি করেন ১৬৭ জন কাউন্সিলরের তালিকা। এদের ভোটেই সরাইল উপজেলা যুবলীগের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পদপ্রার্থীদের মধ্যে চলে আসে প্রাণচাঞ্চল্য। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মস্তু, আল এমরান ও অ্যাডভোকেট মোখলেছুর রহমান। আর সাধারণ সম্পাদক পদে মো. শের আলম মিয়া, কাজী আমীনুল ইসলাম শেলভী ও মো. জজ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৪ সালের ১৯শে ডিসেম্বর জেলা সদরের আলাউদ্দিন মিলনায়তনে অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় দুই পর্বের কাউন্সিল। জেলা যুবলীগের সহ-সভাপতি মো. মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজহার উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন ও যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। নির্বাচনে ৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আশরাফ উদ্দিন মস্তু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-এমরান পান ৬৬ ভোট। আর ৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন মো. শের আলম মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জজ মিয়া পান ৪২ ভোট। পরাজিত প্রার্থী আল এমরানকে সহসভাপতি, জজ মিয়াকে যুগ্ম সম্পাদক ও শেলভীকে সাংগঠনিক সম্পাদক করে দলীয় প্যাডে ৫ সদস্যের সরাইল উপজেলা যুবলীগের কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ও জেলার দুই নেতা। ওই ৫ জনে মিলে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে যান নেতৃবৃন্দ। গতকাল দুই বছর পূর্ণ হয়েছে। কিন্তু সরাইল উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি আদৌ। কবে দেখবে তার হিসাব আল্লাহই ভালো জানেন। এ ছাড়া অনুমোদিত ৫ নেতা গত ৭৩০ দিনের মধ্যে এক টেবিলে বসেননি ১দিনও। উপজেলা যুবলীগের এমন ভগ্ন দশায় হতাশ তৃণমূলের নেতা কর্মীরা।
জেলা থেকে অনুমোদিত ৫ সদস্যের সহসভাপতি আল-এমরান বলেন, আমি ছিলাম একজন কাউন্সিলর। আমার সব কিছু জেনেই তো জেলার নেতারা মনোনয়ন পত্র দিয়েছেন। জামানত জমা নিয়েছেন। সব কিছু মেনেই তো উনারা (প্রতিদ্বন্দ্বীরা) আমার সাথে নির্বাচনও করেছেন। ব্যালটে আমার নামও ছিল। এ ছাড়া বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদকও সরকারি চাকরিজীবী। কারণ যুবলীগের গঠনতন্ত্রের কোথাও লেখা নেই সরকারি চাকরিজীবী ও মামলার আসামি এ সংগঠনে থাকতে পারবে না। গত ২ বছরের মধ্যে আমাকে কোনো সভায় দাওয়াত দেয়া হয়নি। ২ সদস্যর যুবলীগ যা ইচ্ছা তাই করছে। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো দিবসও যুবলীগের ব্যানারে পালিত হচ্ছে না। এখন আমাকে বাদ দেয়ার পায়তারা কার স্বার্থে?
যুগ্ম সম্পাদক মো. জজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম শেলভী বলেন, ২০১৪ সালের ১৯শে ডিসেম্বর অনুমোদন পাওয়ার পর আজ পর্যন্ত কোনো সভায় দাওয়াত পাইনি। কোনো পরামর্শও করেনি। ২ জন দিয়েই চলছে যুবলীগ। গ্রুপিং দ্বন্দ্বের কারণেই বারবার আটকে যাচ্ছে কমিটির অনুমোদন। ওদিকে ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত চাঙ্গা যুবলীগ এখন ঘুমিয়ে গেছে।
যুবলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে বিলম্ব হওয়ায় দলের ক্ষতি হচ্ছে স্বীকার করে বলেন, চলমান জেলা পরিষদ নির্বাচনে কর্মীর সমস্যায় ভুগছি। ৫ সদস্যের অনুমোদিত কমিটিতে একজন সরকারি চাকরিজীবী ও হত্যা মামলার আসামিকে আমরা মেনে নেইনি। নির্বাচনে অংশগ্রহণের সময়ও আমরা অভিযোগ করেছিলাম। পরে প্রয়োজনীয় সকল কাগজপত্রের মাধ্যমে আইনি ব্যাখ্যাসহ তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। কমিটি অনুমোদনের আগেই পদের উল্লেখ করে ব্যানার ফেস্টুন সাঁটানো সম্পূর্ণ অবৈধ। প্রস্তাবিত লেখা যেত। তাই এ ধরনের কাজ আমি সমর্থন করি না। কেন্দ্র ও জেলা অনুমোদিত বাকি ২ সদস্যকে নিয়ে সভা করেছি।
সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মস্তু এখনো অনুমোদন না হওয়া ও এক নেতাকে বাদ দেওয়ার কথা স্বীকার করে বলেন, যথা সময়ে পূর্ণাঙ্গ কমিটি জেলায় জমা দিয়েছি। তবে সরকারি চাকরিজীবী ও হত্যা মামলার আসামি হওয়ায় জেলা আওয়ামী লীগ যুবলীগের সঙ্গে কথা বলে আল-এমরানের নাম বাদ দিয়েছি। ইউপি যুবলীগ নেতাদের নিয়ে বর্ধিত সভা করেছি। ৫ সদস্যের বাকিদের সভায় দাওয়াত দিয়েছি। অনুমোদনের আগে পদ লিখে ব্যানার সাঁটাতে গিয়ে কেউ ভুল করলে আমার কিছু করার নেই।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ফেরদৌস বিলম্বের কথা স্বীকার করে বলেন, কমিটির তালিকা জমা হয়েছে। আমরা যাচাই-বাছাই করছি। দ্রুতই অনুমোদন দিয়ে দেব।
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন ২০১৪ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য কাউন্সিলে ৫ সদস্যের কমিটির অনুমোদন দেওয়ার কথা স্বীকার করে বলেন, এখন তো জেলার দায়িত্ব। বিলম্ব হলে তো দলের ক্ষতি হবেই।











