আড়াইবাড়ী দরবার শরীফের ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন
শেখ মো. কামাল উদ্দিন, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : হাজার হাজার আলেম, হাফেজ ও লক্ষাধিক দ্বীনদার, ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের পদচারণায় মুখরিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর সদরের আড়াইবাড়ী দরবার শরীফ। দীর্ঘদিন ধরে যিনি সমাজে দ্বীন প্রতিষ্ঠা ও অনুসারীদের শরীয়ত মোতাবেক পরিচালিত করে গেছেন সারাটি জীবন। দরবারের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আলকাদেরী পীর সাহেব (র.) এর ৭৯তম মাহফিলে ইছালে ছাওয়াব গত শুক্রবার অনুষ্ঠিত হয়। তাঁরই উত্তরসূরী আল্লামা হযরত মাওলানা মরহুম গোলাম হাক্কানী পীর সাহেব (র.) এর সুযোগ্য সন্তান পীরে কামেল আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে “আড়াইবাড়ী দরবার শরীফ” সংলগ্ন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি এতে প্রধান অতিথি হিেেসবে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে মারামারি, হানাহানি, জঙ্গিবাদের কোন স্থান নেই। শান্তির বাণী বিশ^ময় ছড়িয়ে দিয়ে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া প্রার্থনা করেন। এ সময় মন্ত্রী মহোদয়ের এপিএস এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনসহ বাংলাদেশ আওয়ামীলীগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে ওয়াজ করেন; বাংলাদেশ ইসলামী বিশ^বিদ্যালয়ের চেয়ারম্যান, আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী: হযরত মাওলানা সাইয়েদ উসামা জাফরী, হযরত মাওলানা ড. মিজানুর রহমান আযহারী, আল্লামা হযরত মাওলানা আবু নছর আশরাফি, আলহাজ¦ মোহাম্মদ গোলাম কবির সাঈদী, মাওলানা গোলাম রহমানী পীর সাহেব, ড. মাওলানা আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, হযরত মাওলানা গোলাম সাদেক ছায়েদী পীর সাহেব, হযরত মাওলানা মিজানুর রহমান আতিকী, হযরত মাওলানা গোলাম ছাদেক চৌধুরী, হযরত মাওলানা আবু ইউসুফ, মাওলানা ওসমান গণি, মাওলানা নূরুল ইসলাম, ইকবাল হোসেন ব্যানার্জীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম। মাহফিলে মরহুম পীর সাহেব (র.) এর আওলাদ, প্রশিদ্ধ দরবারের পীর মাশায়েখ, মাদরাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, চাকুরীজীবী, ব্যবসায়ী, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আলকাদেরী পীর সাহেব (র.) বাংলাদেশ ও ভারতের উত্তর প্রদেশের রিয়াছাতে রামপুরের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন-সুন্নাহ’র জ্ঞানাহরণের পর পবিত্র মক্কা মোকাররমায় গমন করেন। মক্কাস্থ দারুল ইফতার পরিচালক হযরত মাওলানা আবদুল হক মোহাজেরে মক্কী (র) এর সান্নিধ্যে থেকে হাদীস ও ফিকহ শাস্ত্রের বিশেষ জ্ঞান অর্জন করেন। সেখানে দারুল ইফতার মুফতী হিসেবে বিভিন্ন জটিল মাসয়ালা-মাসায়েল অত্যন্ত সুচারুরূপে সমাধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। দু’বারে প্রায় ১৩ বছর পবিত্র মক্কা নগরীতে অবস্থানের পর মাওলানা আবদুল হক মোহাজেরে মক্কী (র.) এর এজাযতক্রমে নিজ দেশে প্রত্যাবর্তন করেন।
তিনি ভারতের সুপ্রশিদ্ধ পীরে কামেল হযরত মাওলানা আবদুল কাদের গুজরাটি (র.)’র নিকট বায়াত হন। স্বীয় পীর সাহেব বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের কাজে তাঁকে আত্মনিয়োগের নির্দেশ দিয়ে খেলাফত দেন।
তাঁর ইন্তেকালের পর এরই ধারাবাহিকতায় পরবর্তী উত্তরসূরীগণ মাহফিলে ইছালে ছাওয়াব তথা কুরআন-সুন্নাহ’র আলোকে ওয়াজ নছিহতের আয়োজন করে থাকেন।
২৭ জানুয়ারি শুক্রবার জুময়ার নামায আদায়ের মাধ্যমে দরবার শরীফের পীর অধ্যক্ষ আল্লামা মো. গোলাম সারোয়ার সাঈদী মাহফিলের সুচনা করেন। এ ঐতিহাসিক মাহফিলে মরহুম পীর সাহেব (র.) এর উত্তরসূরীগণের অনুসারীগণ অত্যন্ত আনন্দঘন ও আবেগাপ্লুত হয়ে দরবার শরীফে এসে ইবাদতে মশগুল হয়ে থাকেন।
আইন শৃংখলা বাহিনী ও স্বেচ্ছাসেবকগণ কঠোর পরিশ্রম করে মাহফিলে শান্তি শৃংখলা বজায় রেখেছেন। ওয়াজ নসিহত, যিক্র-আযকার, তালিম-তরবিয়ত ও হামদ-নাত পরিবেশিত হয়েছে সারারাতব্যাপী।
গতকাল শনিবার বাদ ফজর আড়াইবাড়ী দরবার শরীফের গদ্দিনেশিন পীর অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।











