খাদ্যশস্যের সরকারি মজুদ কমেছে
নিজস্ব প্রতিবেদক : এক বছরের ব্যবধানে দেশে সরকারিভাবে খাদ্যশস্য (চাল ও গম) মজুদের পরিমাণ কমেছে ৬ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন। সরকারিভাবে মজুদ কমে যাওয়ায় দু’ধরনের প্রভাব পড়েছে। প্রথমত, সংগ্রহ মৌসুমেও ক্রমাগত উর্ধ্বগতি রয়েছে বাজার মূল্য। দ্বিতীয়ত, সরকারিভাবে বন্ধ থাকলেও বেসরকারি পর্যায়ে আমদানির হার বাড়ছে। গত রবিবারেও চট্টগ্রাম বন্দরে ৯টি আমদানিকৃত খাদ্যবাহী জাহাজের এক লাখ ৮১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য খালাসের অপেক্ষায় ছিল।
বিশ্লেষকরা বলেন, সরকারিভাবে মজুদ কমে যাওয়া উদ্বেগের। কারণ, এতে বেসরকারি পর্যায়ে যারা বাজার নিয়ন্ত্রণ করেন তারা আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। শেষ পর্যন্ত যার মাশুল গুনতে হবে জনগণকেই। তবে খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারি মজুদ কমে গেলেও শঙ্কার কিছু নেই। কারণ চলমান আমন সংগ্রহ মৌসুম শেষ হলেই মজুদ বাড়বে।
এদিকে মুখে শঙ্কার কথা স্বীকার না করলেও বাজার নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে সরকারের উচ্চমহলে। ফলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় বাজারের নিয়মিত দর পর্যবেক্ষণ এবং মনিটরিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে জিটুজি পদ্ধতিতে দুই লাখ মেট্রিক টন গম আমদানিতে সরকারি পর্যায়ে চুক্তিও করেছে।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে সরকারিভাবে খাদ্যশস্যের মোট মজুদ ছিল ৮ দশমিক ৩১ লাখ মেট্রিক টন। যদিও ২০১৬ সালের একইদিন এই মজুদের পরিমাণ ছিল ১৫ দশমিক ১৫ লাখ মেট্রিক টন। অর্থাৎ এক বছরে সরকারিভাবে মজুদের পরিমাণ কমেছে ৬ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন।
গত বৃহস্পতিবার পর্যন্ত মজুদকৃত খাদ্যশস্যের মধ্যে চাল ৬ দশমিক ২ লাখ মেট্রিক টন এবং গম ছিল ২ দশমিক ২৯ লাখ মেট্রিক টন। একইদিন বন্দরে ভাসমান অবস্থায় শূন্য দশমিক ৩২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য ছিল।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি জেলা খাদ্য কর্মকর্তা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, মজুদ কমতেই পারে। এতে শঙ্কার কিছু নেই। এখন তো আমন সংগ্রহ মৌসুম চলছে। এটা শেষ হলেই দেখা যাবে মজুদ বেড়ে গেছে। মজুদ কমার কারণ হিসেবে তিনি বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কারণেই মজুদ কমেছে। এই কর্মসূচির আলোকে ৫০ লাখ পরিবারকে চাল বিতরণ করা হচ্ছে।
তবে সরকারিভাবে খাদ্যশস্য মজুদের হার কমে যাওয়ার সুযোগ নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। কৌশলে তারা বাজার নিয়ন্ত্রণ করছেন। মর্জিমাফিক বাড়াচ্ছেন বাজার মূল্য। সোমবার দেশের প্রধান ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে পাইকারি বাজারে বিভিন্ন ধরনের চাল বিক্রি হয়েছে ৩৩ টাকা থেকে ৪৮ টাকায়। অথচ সরকারিভাবেই কৃষকদের কাছ থেকে ৩৩ টাকা ধরে আমন চাল সংগ্রহ করছে সরকার।
খাতুনগঞ্জের মাজেদা ট্রেডিংয়ের প্রোপ্রাইটর মো. আলী বলেন, কয়েকদিন ধরেই বাড়ছে চালের মূল্য। সোমবার প্রতি বস্তা (৫০ কেজি) মিনিকেট ২১শ টাকা, নাজির শাহ ২৪শ টাকা এবং মোট চাল ১৬৫০ টাকায় বিক্রি হয়েছে বলেও জানান তিনি।
এদিকে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) এর খাদ্য পরিস্থিতির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত রবিবার খুচরা বাজারে দু ধরনের আটা (গম থেকে উৎপাদিত) বিক্রি হয়েছে ২৪ ও ২৬ টাকায়। এদিকে সরকারিভাবে দেশে চাল আমদানি বন্ধ রয়েছে। বরং সরকারিভাবে চাল রপ্তানি হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারি মজুদ কমে যাওয়ায় চাল আমদানিতে ঝুঁকছেন ব্যবসায়ীরা। নতুন এলসিও খুরছেন তারা। অথচ গত বোরো ও চলতি আমন মৌসুমে দেশে উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে (২০১৬-২০১৭) গত বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে ৩৪ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন খাদ্য শস্য আমদানি হয়েছে। এর মধ্যে চাল আমদানি হয়েছে মাত্র ১৪ দশমিক ৬৯ হাজার মেট্টিক টন। যার সবটুকুই ছিল বেসরকারিভাবে। এছাড়া চলতি বছরে এ পর্যন্ত মোট গম আমদানি হয়েছে ৩৪ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে সরকারিভাবে ১৫৮ দশমিক শূন্য ৪ হাজার মেট্রিক টন এবং বেসরকারিভাবে ৩৩ লাখ ২১ হাজার মেট্রিক টন আমদানি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, খাদ্যশস্য আমদানির জন্য এলসি খোলার হার তুলনামূলক বাড়ছে। চলতি মাসের প্রথম ১৪ দিনে ৫৭ দশমিক ৮৫ হাজার মেট্রিক টন চাল ও ৩৭ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন গম আমদানির এলসি খোলা হয়েছে। এছাড়া চলতি অর্থবছরের গত ডিসেম্বর মাসে ১৯ দশমিক ৬৬ হাজার মেট্রিক টন চাল ও ৭ দশমিক ৮২ লাখ মেট্রিক টক গম, নভেম্বর মাসে ৪ দশমিক ২৪ হাজার মেট্রিক টন চাল ও ৩২ দশমিক ২১ লাখ মেট্রিক টন গম, অক্টোবর মাসে ৩ দশমিক ৪৯ হজার মেট্রিক টন চাল ও ৫০ লাখ মেট্রিক টন গম, সেপ্টেম্বর মাসে ৬ দশমিক ৩২ হাজার মেট্রিক টন চাল ও ৬৬ দশমিক ৭ লাখ মেট্রিক টন গম, আগস্ট মাসে ২ দশমিক ৫৬ হাজার মেট্রিক টন চাল এবং ৮ দমমিক ৩৩ লাখ মেট্রিক টন গম এবং জুলাই মাসে ২ দশমিক ৪৮ হাজার মেট্রিক টন চাল এবং ৫০ লাখ মেট্রিক টন গম আমদানির এলসি খোলা হয়েছে।











