বাঁশ ও গাছের ডালে রেল লাইন মেরামত
নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামে রেল লাইন ঠিক রাখতে বাঁশের ফালি এবং গাছের ডাল ব্যবহার করা হয়েছে। তিস্তা-কুড়িগ্রামের জোতগোবরধন এলাকায় প্রায় ৫০ মিটার রেল সেতুর ওপর রেলের লাইন ঠিক রাখার জন্য কাঠের স্লিপারে বাঁশের ফালি লাগানো হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন মুক্তারাম ত্রিমোহনী এলাকায় একটি বক্সকালভার্টের ওপর বাঁশের ফালি লাগানো হয়েছে।
প্রায় ২ যুগ ধরে পুরোনো ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন উত্তরের সীমান্ত ঘেষা জেলা কুড়িগ্রামের যাত্রীরা। জেলার প্রায় ২০ লাখ মানুষের জন্য দীর্ঘদিন ধরে একটি মাত্র লোকাল ট্রেন বরাদ্দ থাকলেও ঝুঁকিপূর্ণ রেল লাইনে ধীর গতিতে আসা-যাওয়া করছে ট্রেনটি। এর ওপর আবার রেলের লাইন ঠিক রাখার জন্য কাঠের স্লিপারে বাঁশের ফালি লাগানো ঝুঁকিতে ফেলেছে এ অঞ্চলের যাত্রীদের।
ট্রেন যোগাযোগ সচল রাখেতে তিস্তা-কুড়িগ্রাম রেল পথের বিভিন্ন স্থানে রেল সেতুর ওপর কাঠের স্লিপার বাঁশ এবং রেল লাইনের উভয় দিকে গাছের সরু ডাল দিয়ে ঠেস দেয়া হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এই উপায়ে রেল লাইন সচল রাখা হয়েছে বলে জানান রেল কর্তৃপক্ষ। তবে তিস্তা থেকে কুড়িগ্রাম পর্যন্ত ২২ কিলোমিটার রেল পথ সংস্কার কাজ চলছে বলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে কুড়িগ্রামের রমনা থেকে ঢাকা ভাওয়াইয়া এক্সপ্রেস নামে আন্তনগর ট্রেন চালুর দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি নামে একটি সংগঠন। তাদের দাবির মুখে একটি ট্রেন ঘন্টায় ২৫ কিলোমিটার গতিতে তিস্তা থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা স্টেশন পর্যন্ত আসা-যাওয়া করছে। এতে ধীর গতির কারণে সাধারণ যাত্রীরা ট্রেনটিতে ওঠছে না। এ ট্রেনে শুধু দিনমজুর শ্রেণির মানুষ টাকা ছাড়াই যাতায়াতের জন্য ওঠে থাকেন। গণকমিটি তিস্তা থেকে রমনা পর্যন্ত রেল পথ সংস্কারের দাবি জানান।
অন্যদিকে কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে প্রায় ৪৩ কিলোমিটার রেল লাইনে ৭টি স্টেশনের অবস্থা একেবারেই নাজুক। এ স্টেশনগুলো কোনো রকমে সংস্কার করা হলেও অনেক স্টেশনে নেই টিকিট কাউন্টার। পাশাপাশি ট্রেনে চেকার না থাকায় টিকিট কেটে ট্রেনে ওঠেন না বেশির ভাগ যাত্রী।
কুড়িগ্রাম রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি প্রধান সমন্বয়ক নাহিদ নলেজ জানান, আমাদের এ গণকমিটির দীর্ঘদিন ধরে রমনা থেকে ঢাকা পর্যন্ত ভাওয়াইয়া এক্সপ্রেস নামে আন্তনগর ট্রেন চালু, চিলমারী-সুন্দরগঞ্জ প্রস্তাবিত দ্বিতীয় তিস্তা সেতুতে রেল লাইন সংযোগের দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের দাবির কারণে রেলের মহাপরিদর্শক আকতারুজ্জামান গত ৫ ডিসেম্বর রেল পথ পরিদর্শনে আসেন। তিনি রেল পথ সংস্কারসহ আন্তনগর ট্রেন চালুর বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এতে করে পিছিয়ে পড়া এ জনপদের মানুষের যাতায়াতের পথ সুগম হবে। উন্নয়নের ছোয়া লাগবে সর্বক্ষেত্রে।
খোঁজ নিয়ে জানা গেছে, তিস্তা থেকে কুড়িগ্রাম পর্যন্ত প্রায় ৫৭ কিলোমিটার রেল লাইনের বেশির ভাগ স্লিপার নষ্ট এবং রেল লাইন অনেক পুরনো ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রেল লাইনের সংযোগ স্থলের অনেক জায়গায় প্রয়োজনীয় নাট-বল্টুও নেই। এ অবস্থায় রেল লাইনে বাঁশ ও গাছের ডাল ব্যবহার করায় ট্রেন যোগাযোগের ঝুঁকি আরো বেড়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, রেল লাইনে গাছের ডাল ও সেতুতে বাঁশ ব্যবহার করায় কোনো সমস্য নেই। আমরা সাধারণত বড় বা মেজর সেতুতে কাঠের স্লিপার যাতে স্থানচ্যুত না হয় সেজন্য লোহারপাত ব্যবহার করি। কিন্তু তিস্তা-কুড়িগ্রাম রেল পথের সেতুগুলো মাইনর সেতু হওয়ায় সেগুলোতে বাঁশের ফালি লাগিয়ে দেয়া হয়েছে। তাছাড়া চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ পাওয়া না যাওয়ায় আমরা স্থানীয়ভাবে এটা করেছি।
তিনি রেল লাইন ঝুঁকিপুর্ণ হওয়ার কথা স্বীকার করে বলেন, কয়েক বছর যাবত এই পথে ২৫ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। রেল লাইন সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে কয়েক দফায় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হলেও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এজন্য রেল লাইন সোজা রাখার জন্য গাছের ডাল দিয়ে ঠেস দেয়া হয়েছে। তবে রেল পথ সংস্কার হলে কোনো সমস্যা থাকবে না।











