নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন মাইলফলকে তামিম
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানের তকমাটা ইতিমধ্যেই নিজের করে নিয়েছেন। দেশের হয়ে যেকোন ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। হোকনা সেটা টেস্ট, ওয়ানেড, টি-টোয়েন্টি কিংবা প্রথম শ্রেণির ক্রিকেট।
সবক্ষেত্রেই দাপুটে ওপেনার হিসেবে খ্যাতি পেয়েছেন। বর্তমানে জাতীয় দলের নিয়মিত মুখ, টেস্টে অধিনায়কের সহকারীর দায়িত্ব পালন করেন ভালোভাবেই। বলছি খান পরিবারের বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একমাত্র উত্তরাধিকারী তামিম ইকবাল খানের কথা।
যখন দেশের মাটিতে একের পর এক সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড নিজের করে নিয়েছেন, তখন বিদেশের মাটিতে ছাড় দেবেন কেন? দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নির্দ্বিধায় ব্যাট চালাতে পারদর্শী তামিম। তার বাস্তব প্রমাণ গেল বছর ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানের ছাপিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে ছিলেন তামিম ইকবাল। এবার তামিম নিজেকে নিয়ে গেলেন আরেক উচ্চতায়।
বৃহস্পতিবার থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে। যদিও আগের ১১ বারের দেখায় ৮টিতে হার এবং ৩টি ম্যাচে ‘ড্র’ করে সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। তবে হাতে ব্যাথা নিয়ে ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে মাঠে নেমেই মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। প্রথম ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৫৬ রান করেন তামিম। এর ফলে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন টাইগার ড্যাশিং ওপেনার।
আজকে এই মাইলফলক স্পর্শ করতে ২৩ রানের দরকার ছিল তামিমের। বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে কিউই পেসার ট্রেন্ট বোল্টকে বাউন্ডারি হাঁকিয়ে এই কীর্তি গড়েন তামিম।
এরপর ব্যাটিং কারিশমা অব্যাহত রেখে তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের ২০তম এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ষ্ঠ অর্ধশতক। ব্যক্তিগত ৫৬ রানে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ আউট হন তামিম ইকবাল। তার ৫০ বলের ঝড়ো ইনিংসে ১১টি চারের মার ছিল। পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ৮ ম্যাচের ১৩ ইনিংসে ৪৫.৫৩ গড়ে ৫৯২ রান করে শীর্ষে রইলেন তামিম ইকবাল।
এদিকে এরআগে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ৯ ম্যাচের ১২ ইনিংসে ব্যাট করে ৫৫৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কিউই ভয়ঙ্কর ব্যাটসম্যান ব্রেন্ডান ম্যাককালাম। তবে ম্যাককালাম গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষেই থাকবেন তামিম ইকবাল। কারণ, তৃতীয় স্থানে থাকা ৭ টেস্টে ১২ ইনিংস খেলা সাকিব আল হাসানের রান সংখ্যা ৪৮৪ এবং চতুর্থ স্থানে রয়েছেন টাইগার টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মমিনুল হক সৌরভ। মাত্র ৩ টেস্টের ৫ ইনিংসে ৪৪০ রান করেছেন টাইগারদের টেস্ট প্রাচীর মমিনুল হক।











